কমিশন ছাড়া বিলের ফাইলে স্বাক্ষর নয়—২৪ ঠিকাদারের লিখিত অভিযোগ | ভবন সংস্কারের অর্থ নিয়ে ভুয়া বিল-ভাউচার ও পেপার টেন্ডারের অভিযোগ | শত কোটি টাকার কাজ নিয়ন্ত্রণে সিন্ডিকেটের দাবি | মানববন্ধনে বাধা, কর্মকর্তাদের হাজিরা নিয়েও প্রশ্ন | দুদক চেয়ারম্যানের কাছে তদন্তের আবেদন- ইত্তেহাদ নিউজ, অনলাইন | সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ হওয়ার কথা মাঠে, কিন্তু বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে (ইইডি) মাঠের কাজের চেয়ে কাগজের হিসাবই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে—এমন গুরুতর অভিযোগ উঠেছে। কোথাও কাজ শেষ করেও ঠিকাদাররা বিল পাচ্ছেন না, কোথাও মাঠপর্যায়ে দৃশ্যমান অগ্রগতি না থাকলেও কাগজে-কলমে কাজ সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলনের অভিযোগ রয়েছে। আবার সরকারি দপ্তরের নিজস্ব ভবন সংস্কারের প্রায় চার কোটি টাকার কাজ নিয়েও সামনে এসেছে ভুয়া বিল-ভাউচার ও পেপার টেন্ডারের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগ। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) শাখা'র নির্বাহী সদস্য মো. শহিদুল ইসলাম। তাঁর বিরুদ্ধে ঘুষ, কমিশন বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণ, ঠিকাদারদের হয়রানি, সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং দপ্তরে প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছে। শুধু ঠিকাদারদের অভিযোগেই বিষয়টি সীমাবদ্ধ নেই। ২৪ জন ঠিকাদার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছেও জমা পড়েছে একাধিক গুরুতর অভিযোগ। প্রতিবাদে মানববন্ধন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন ঠিকাদাররা। অন্যদিকে, দপ্তরের হাজিরা খাতায় একাধিক কর্মকর্তার কয়েক দিন অনুপস্থিত থাকার তথ্য এবং দুপুরে কার্যালয়ে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে না পাওয়ার ঘটনাও সামনে এসেছে। সব মিলিয়ে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ঘিরে সরকারি উন্নয়নকাজের স্বচ্ছতা, প্রকল্পের অর্থের ব্যবহার এবং দাপ্তরিক জবাবদিহি নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। কমিশন ছাড়া বিল নয়, কাজ শেষ করেও টাকা আটকে! মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে দেওয়া ২৪ ঠিকাদারের লিখিত অভিযোগে বলা হয়েছে, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের নির্ধারিত কমিশন না দিলে ঠিকাদারদের বিল পরিশোধে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়। কোনো কাজ শতভাগ সম্পন্ন হলেও কমিশন না দিলে সংশ্লিষ্ট বিলের ফাইল স্বাক্ষর হয় না বলে অভিযোগ তাঁদের। অভিযোগে আরও বলা হয়েছে, কিছু ক্ষেত্রে মাঠপর্যায়ে কাজের দৃশ্যমান অগ্রগতি না থাকলেও কাগজে-কলমে অগ্রগতি দেখিয়ে বিল উত্তোলনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। এমনকি কাজের জামানতের টাকা ফেরত পেতেও অতিরিক্ত অর্থ দিতে হয় বলে অভিযোগ করেছেন ঠিকাদাররা। প্রতিবাদ করলে চলমান প্রকল্পের বিল আটকে দেওয়া এবং কাজের সাইটে নানা অজুহাতে ত্রুটি বের করে হয়রানি করার আশঙ্কায় অনেক ঠিকাদার প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। এ কারণে কয়েকজন ঠিকাদার ছদ্মনামে তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। রাসেল (ছদ্মনাম) নামে এক ঠিকাদারের ভাষ্য, কাজের মান শতভাগ ঠিক থাকলেও নির্বাহী প্রকৌশলীর নির্ধারিত কমিশন না দিলে ফাইলে স্বাক্ষর হয় না। তাঁদের দাবি, তাঁরা এখন পুরোপুরি নির্বাহী প্রকৌশলীর কাছে জিম্মি। আরিফ (ছদ্মনাম) নামে আরেক ঠিকাদার বলেন, নাম প্রকাশ্যে এলে চলতি প্রকল্পের বিল আটকে দেওয়া হতে পারে। সাইটে নানা অজুহাতে ত্রুটি বের করে হয়রানি করার আশঙ্কাও রয়েছে। তাই বাধ্য হয়ে নাম গোপন রেখে প্রতিবাদ করছেন তাঁরা। ঠিকাদারদের অভিযোগ, সরকারি উন্নয়নকাজের বিল পরিশোধের মতো প্রশাসনিক প্রক্রিয়াকে ব্যক্তিগত কমিশন আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। চার কোটি টাকার ভবন সংস্কার: কাজের টাকা গেল কোথায়? বরিশাল নগরীর ভাটার খাল রোডে অবস্থিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিজস্ব জরাজীর্ণ ভবন সংস্কারের কাজ নিয়েও উঠেছে বড় ধরনের অনিয়মের অভিযোগ। অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, ভবনটির সংস্কারকাজে মেসার্স কবির এন্টারপ্রাইজ প্রায় ৩ কোটি ২২ লাখ টাকা এবং আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৭৮ লাখ টাকা ব্যয় করে। অর্থাৎ প্রতিষ্ঠান দুটির মাধ্যমে মোট প্রায় চার কোটি টাকার সংস্কারকাজ সম্পন্ন করা হয়। কিন্তু কাজ শেষ হওয়ার পরও প্রতিষ্ঠান দুটিকে সম্পূর্ণ বিল পরিশোধ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। বরং নামমাত্র বিল বুঝিয়ে দিয়ে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তাঁদের নিজ কার্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন বলে অভিযোগ করা হয়েছে। আরও পড়ুন: বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল যখন ঠিকাদার: ঘুষ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম! পরবর্তী সময়ে সংস্কারকাজের বকেয়া অর্থ উত্তোলনের জন্য অন্য কয়েকটি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল-ভাউচার ও পেপার টেন্ডার সাজানোর অভিযোগ উঠেছে। অভিযোগে যেসব প্রতিষ্ঠানের নাম এসেছে, সেগুলো হলো— ১. মেসার্স মাদার কনস্ট্রাকশন ২. মেসার্স কে পি বিল্ডার্স ৩. মেসার্স পিপন কনস্ট্রাকশন ৪. মেসার্স ওয়ারিসা এন্টারপ্রাইজ ৫. মেসার্স মা এন্টারপ্রাইজ ৬. মেসার্স আরিফ বিল্ডার্স। এই অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় দপ্তরের হিসাবরক্ষক মো. শহিদুর রহমানের সহযোগিতার অভিযোগও আনা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা রয়েছে সংশ্লিষ্ট প্রকল্পের কার্যাদেশ, প্রাক্কলন, পরিমাপ বই (এমবি), ঠিকাদারদের বিল, ভাউচার, ব্যাংক লেনদেন এবং পেপার টেন্ডারের নথিতে। প্রকৃতপক্ষে কোন প্রতিষ্ঠান কত টাকা কাজ করেছে, কাদের নামে কত টাকা বিল উত্তোলন হয়েছে এবং কাজের বিপরীতে অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর মিলতে পারে মূল নথি ও আর্থিক লেনদেনের নিরপেক্ষ তদন্তে। প্রকৌশলীই ঠিকাদার! বেনামে শত কোটি টাকার কাজ নিয়ন্ত্রণের অভিযোগ নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ হলো, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স নিজের নিয়ন্ত্রণে রেখে বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করছেন তিনি। অভিযোগকারীদের দাবি, একাধিক বড় ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে সরকারি কাজের দরপত্র নিয়ন্ত্রণ করা হয়। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া এবং নির্দিষ্ট সিন্ডিকেটের বাইরে অন্য ঠিকাদারদের বঞ্চিত করার অভিযোগও রয়েছে। দুদক চেয়ারম্যানের কাছে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, মেসার্স মোমেন সিকদার, মেসার্স মা এন্টারপ্রাইজ, ইউনুস অ্যান্ড ব্রাদার্স এবং মেসার্স রাফিদ ট্রেডার্সের নামে প্রায় ৩২ কোটি টাকার কারিগরি স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প এবং বরিশাল নগরীর বরিশাল কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের বড় বড় দরপত্র নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ছাড়া ২০২৬ সালের ৭ অক্টোবর বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ১ কোটি ৩৭ লাখ টাকার একটি পূর্তকাজ মেসার্স মাদার কনস্ট্রাকশন নামের প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টিও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, প্রতিষ্ঠানটির প্রকৃত মালিক সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর ঘনিষ্ঠ এবং ঝালকাঠি জেলা ছাত্রলীগের বিতর্কিত নেতা ফয়সাল হোসেন জুয়েল। এসব অভিযোগের মাধ্যমে সরকারি প্রকল্পের দরপত্রে রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত ঘনিষ্ঠতা এবং নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রভাব বিস্তারের বিষয়টিও সামনে এসেছে। তবে কোনো প্রতিষ্ঠানের মালিকানা, দরপত্রে অংশগ্রহণ কিংবা কাজ পাওয়ার প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকানা-সংক্রান্ত নথি, দরপত্র মূল্যায়ন প্রতিবেদন ও কার্যাদেশ যাচাই জরুরি। প্রধান প্রকৌশলীর ব্যবসায়িক অংশীদারত্বের অভিযোগ অভিযোগের পরিধি আরও বিস্তৃত হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদীকে ঘিরে। দুদকে দেওয়া অভিযোগে দাবি করা হয়েছে, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের কথিত দুর্নীতির সিন্ডিকেটে দপ্তরের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর ব্যবসায়িক অংশীদারত্বের তথ্যও রয়েছে। এ অভিযোগ সত্য হলে বিষয়টি শুধু বরিশাল কার্যালয়ের অনিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং অধিদপ্তরের কেন্দ্রীয় পর্যায়ের প্রশাসনিক তদারকি ও জবাবদিহি নিয়েও গুরুতর প্রশ্ন উঠবে। মানববন্ধনে বাধা, ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগ দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগের প্রতিবাদ করতে গিয়ে ঠিকাদারদের মানববন্ধনেও বাধার মুখে পড়ার ঘটনা ঘটেছে। ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নগরীর ভাটার খাল এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেন ক্ষুব্ধ ঠিকাদাররা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন ঠিকাদার মোমেন সিকদার। তাঁর সঙ্গে ছিলেন নির্বাহী প্রকৌশলীর ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম ও অফিস সহকারী তন্ময়। অভিযোগ অনুযায়ী, তাঁরা মানববন্ধনে অংশগ্রহণকারীদের হুমকি দেন এবং একপর্যায়ে আন্দোলনকারীদের হাত থেকে ব্যানার ছিনিয়ে নেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। মানববন্ধনে অংশ নেওয়া ঠিকাদার ও বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সোহেল খান অভি অভিযোগ করেন, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম নিজেকে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য দাবি করে বিগত সময়ে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অর্থায়ন ও মদদ দিয়েছেন। তাঁর অভিযোগ, নির্বাহী প্রকৌশলী দপ্তরকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। নিজস্ব সিন্ডিকেট ও পছন্দের ঠিকাদার ছাড়া অন্য কাউকে কাজ দেওয়া হয় না। মোটা অঙ্কের কমিশন ছাড়া কোনো বিলের ফাইলে স্বাক্ষর করা হয় না বলেও দাবি করেন তিনি। তিনি অভিযুক্ত কর্মকর্তাকে অবিলম্বে বরিশাল থেকে প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে সংহতি জানিয়ে জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব বলেন, সাধারণ ঠিকাদাররা ওই কর্মকর্তার বিরুদ্ধে কথা বলায় মোমেন সিকদার এসে ব্যানার কেড়ে নিয়েছেন এবং ভয়ভীতি দেখিয়েছেন। তাঁর অভিযোগ, মোমেন সিকদার নির্বাহী প্রকৌশলীকে রক্ষার জন্য ঢাল হিসেবে কাজ করছেন। এ বিষয়ে জানতে চাইলে মোমেন সিকদার কোনো যুক্তিসংগত উত্তর দিতে পারেননি বলে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন। উল্টো সাংবাদিকদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। অন্যদিকে, মানববন্ধনে বাধা ও দুর্নীতির অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। দুপুরে অফিস ফাঁকা, হাজিরা খাতায় একাধিক দিনের অনুপস্থিতি দপ্তরের আর্থিক অনিয়মের অভিযোগের পাশাপাশি প্রশাসনিক শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতির নির্ধারিত সময় সকাল ৯টা। কিন্তু ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর রোববার দুপুর ১২টার দিকে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। বিভিন্ন কক্ষ ছিল ফাঁকা। উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন। কার্যালয়ের উচ্চমান সহকারী আবু রহিমের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলা, জেলা ও প্রকৌশলী কার্যালয় মিলিয়ে সেখানে মোট ২৫ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন মাঠপর্যায়ে কাজ করেন এবং ১৪ জন অফিসে দায়িত্ব পালন করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দুইজন কর্মচারী ছুটিতে ছিলেন। তবে সরেজমিনে দুপুর ১২টার সময় মাত্র চার থেকে পাঁচজন স্টাফকে উপস্থিত পাওয়া যায়। পরবর্তী সময়ে হাজিরা খাতা পর্যালোচনা করে কয়েকজন কর্মকর্তার একাধিক কর্মদিবস অনুপস্থিত থাকার তথ্য পাওয়া যায়। হাজিরা খাতার তথ্য অনুযায়ী— - সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান চার থেকে পাঁচ কার্যদিবস অনুপস্থিত ছিলেন। - সহকারী প্রকৌশলী মো. আবির হাসান অনুপস্থিত ছিলেন দুই কার্যদিবস। - সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আফজাল হোসেনের অনুপস্থিতি পাওয়া যায় পাঁচ কার্যদিবস। - উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান অনুপস্থিত ছিলেন দুই কার্যদিবস। - উপসহকারী প্রকৌশলী সাদিয়া সুলতানা জেবাও দুই কার্যদিবস অনুপস্থিত ছিলেন। তবে এসব কর্মকর্তা ছুটিতে ছিলেন কি না, মাঠপর্যায়ের দায়িত্ব পালন করছিলেন কি না কিংবা তাঁদের অনুপস্থিতির জন্য যথাযথ অনুমোদন ছিল কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, যাঁরা মাঠে কাজ করেন, তাঁদের হাজিরা খাতায় স্বাক্ষর থাকা অতটা গুরুত্বপূর্ণ নয়। ছুটির আবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কার কত দিনের ছুটির আবেদন আছে, তা কি তিনি মুখস্থ করে রাখবেন? পরবর্তী সময়ে আনুষ্ঠানিক বক্তব্য চাইলে তিনি সাংবাদিকদের বলেন, কিছু জানতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসতে হবে, তারপর বক্তব্য দেবেন। মাঠপর্যায়ের দায়িত্বে থাকা প্রকৌশলীদের ক্ষেত্রে হাজিরা ও উপস্থিতি ব্যবস্থাপনার নিয়ম কীভাবে অনুসরণ করা হচ্ছে, তা নিয়েও তদন্তের দাবি উঠেছে। কে এই শহিদুল,আটকের দাবি শহিদুল ইসলাম ছাত্র জিবন থেকেই ছাত্রলীগের কর্মকান্ডের সাথে জড়িত।বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ঢেপুয়ারপাড় জামুয়া গ্রামে।তার পিতার নাম শেখ রুস্তুম আলী।পিমস আইডি নং ০০০৫৪৩।এন আই ডি নং- এনআইডি নং- ২৬৯০৪১৭১৫৪+++। ডুয়েটে থাকাকালীন সময়ে আবেদ আলী পিএসসি সনদ বানিজ্যে জড়িয়ে পড়েন। বহুল আলোচিত কেলেঙ্কারি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী এবং পিএসসির বেশ কয়েকজন কর্মকর্তাসহ একটি শক্তিশালী প্রশ্নফাঁস চক্রের সাথে প্রকৌশলী শহিদুল জড়িয়ে পড়েন। শহিদুলের নিয়োগেও রয়েছে বড় অনিয়ম।তিনি ও তার বন্ধুদের নিয়োগ নিয়ে বড় ধরনের অনিয়ম ফাঁস হয়েছিল।বড় অংকের ঘুসের বিনিময়ে সেই অনিয়ম ধামাচাপা দেয়া হয়।শহিদুলকে আটক করে রিমান্ডে নেয়া হয়ে আবেদআলী পিএসসি প্রশ্নফাঁসে বহু তথ্য বেড়িয়ে আসবে। শহিদুলের গডফাদাররা কারাগারে থাকলেও তিনি এখনো বহাল তবিয়তে: বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তিনি সরকারি দ্বায়িত্বে নিয়োজিতই নন।তিনি এখনো বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শাখার সদস্যও। ডুয়েটে ছাত্র জিবনে কার্য্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন।২০০৯ ব্যাচের এই প্রকৌশলী শহিদুল ইসলামের চতুরতায় বরিশাল,ঝালকাঠি ও পটুয়াখালীর অসংখ্য ঠিকাদারগন পথে বসেছে। শহিদুলের গডফাদার ঝালকাঠিতে কর্মরত থাকাকালীন সময়ে ছিলেন আমির হোসেন আমু,বরিশালে তার গডফাদার ছিলেন জাহিদ ফারুক শামিম। আমু ও জাহিদ ফারুক শামিম কারাগারে অথচ প্রকৌশলী শহিদুল ইসলাম দুটি গুরুত্বপূর্ণ জেলা বরিশাল ও বরগুনার দ্বায়িত্বে বহাল তবিয়তে ফুরফুরে মেজাজে রয়েছেন।শহিদুল ইসলামকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সাধারন ঠিকাদারগন। ঠিকাদার, শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তি এবং দপ্তরের ভেতরের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাহী প্রকৌশলী শহিদুলের প্রত্যক্ষ বা পরোক্ষ অনুমোদন ছাড়া কোনো প্রকল্পের ফাইল কার্যত এগোয় না-এমনটাই দাবি করছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, তিনি দপ্তরের ভেতরে এমন একটি প্রভাববলয় তৈরি করেছেন, যেখানে সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে অর্থ ছাড় পর্যন্ত প্রায় সব গুরুত্বপূর্ণ ধাপ তাঁর নিয়ন্ত্রণে থাকে। ফলে কেউ তাঁর বিরাগভাজন হলে কিংবা তাঁর কথিত নির্দেশনা অনুসরণ না করলে ফাইল আটকে যাওয়াটা যেন নিয়মে পরিণত হয়েছে। শহিদুলের যত সম্পদ: বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল শেয়ারি বরিশাল ও ঢাকায় জমি ক্রয় করে ফ্ল্যাট ব্যবসা,উত্তরায় নিজস্ব ফ্ল্যাট,গাড়িসহ নামে বেনামে শত শত কোটি টাকাসহ সহায় সম্পদ গড়েছেন। ঘুষ,ঠিকাদারি,ঠিকাদারদের থেকে প্রতি বিলে ঘুষ,কমিশন,ঠিকাদারী কাজ বিক্রি, পার্টনার ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজের রিভাইজের মাধ্যমে অতিরিক্ত বিল করে সরকারি টাকা আত্মসাৎ,প্রতি লাইসেন্স থেকে দশ হাজার করে ঘুষ আদায়সহ অনৈতিক ভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।দুদক তদন্ত করলে বেড়িয়ে আসবে তার সম্পদের পাহাড়ের সকল তথ্য। নারী কেলেঙ্কারির যত অভিযোগ: বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল নারীদের প্রতি খুবই দুর্বল।তাকে নারী সাপ্লাই দিত সাবেক এক হিসাব রক্ষক।বর্তমানে এক নারীর সাথে অনৈতিক সম্পর্কের বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অভ্যান্তরে কানাঘুষা চলছে।এছাড়া তার নিজস্ব নিয়োগ দেয়া ব্যক্তিও তাকে সুন্দরী নারী সাপ্লাই দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।একটি নির্জন বাংলোতে নারীদের নিয়ে সময় কাটানোর অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে জানা গেছে, বিদ্যালয়ের ভবন নির্মাণ বা সংস্কারকাজ শেষ হওয়ার পর বিল ছাড় করাতে নির্দিষ্ট অঙ্কের অর্থ দিতে হয়-এমন অভিযোগ বহু ঠিকাদারের। প্রকল্পের আকার ও বাজেট অনুযায়ী এই অর্থের পরিমাণ ভিন্ন হয়ে থাকে বলে তারা জানান। কাজ যত বড়, কথিত লেনদেনের অঙ্কও তত বেশি-এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। পুরো প্রক্রিয়াটি সাধারণত ধাপে ধাপে সম্পন্ন হয় বলে তারা দাবি করেন। প্রথমে মৌখিক ইঙ্গিত দেওয়া হয়, পরে কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়া হয়, সবশেষে সরাসরি 'খরচের কথা' বলা হয়। ঠিকাদারদের অভিযোগ, ঘুষ দিতে অস্বীকৃতি জানালে ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরতেই থাকে। কখনো নতুন করে মাপজোপের কথা বলা হয়, কখনো আগের কাগজে ত্রুটি বের করা হয়। ফলে কাজ শেষ করেও তারা আর্থিক সংকটে পড়েন। কেউ কেউ বাধ্য হয়ে ঋণ নিয়ে কাজ করেছেন, কিন্তু বিল আটকে থাকায় সেই ঋণ শোধ করাও কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বিল ছাড়ের পাশাপাশি দরপত্র প্রক্রিয়ায়ও ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠে এসেছে। অনুসন্ধানে পাওয়া তথ্যমতে, অনেক ক্ষেত্রে দরপত্রের শর্ত এমনভাবে নির্ধারণ করা হয়, যাতে নির্দিষ্ট কিছু ঠিকাদারই সুবিধা পায়। প্রকৃত প্রতিযোগী ঠিকাদারদের দরপত্রে কৃত্রিম কারিগরি ত্রুটি দেখিয়ে বাতিল করা হয়-এমন অভিযোগও রয়েছে। দরপত্র মূল্যায়ন কমিটিতে প্রভাব বিস্তার করে তার চারটি ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নির্বাহী প্রকৌশলী শহিদুলের বিরুদ্ধে।এক ঠিকাদার বলেন, "আগেই ঠিক করে দেওয়া থাকে কে কাজ পাবে। দরপত্র শুধু আনুষ্ঠানিকতা। আমরা কাগজ জমা দিলেও পরে বলা হয় টেকনিক্যাল সমস্যা আছে।” তাঁর দাবি, এসব সমস্যার কোনো বাস্তব ভিত্তি থাকে না, বরং পছন্দের ঠিকাদারকে জায়গা করে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।এই অনিয়মের ফলে সরকারি ক্রয়বিধি লঙ্ঘনের পাশাপাশি সরকারের আর্থিক ক্ষতির আশঙ্কাও তৈরি হচ্ছে। প্রতিযোগিতা না থাকায় কাজের মান কমে যাওয়ার অভিযোগও উঠেছে। অনুসন্ধানে জেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সরেজমিনে ঘুরে দেখা গেছে, কোথাও অর্ধসমাপ্ত ভবন পড়ে আছে, কোথাও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে, আবার কোথাও কাগজে কাজ শেষ দেখানো হলেও বাস্তবে ভবনের বিভিন্ন অংশ অসম্পূর্ণ রয়ে গেছে। একটি বিদ্যালয়ের শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, "ছাদ থেকে পানি পড়ে, দেয়ালে ফাটল। কিন্তু কাগজে নাকি সব ঠিক। আমাদের শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে ক্লাস করছে।” অভিভাবকদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলায় শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়ছে। তারা বলছেন, শিক্ষা খাতে অনিয়ম মানে সরাসরি ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা। অনুসন্ধানে আরও জানা গেছে, দপ্তরের ভেতরে ও বাইরে একটি মধ্যস্থতাকারী নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি লেনদেন এড়িয়ে যোগাযোগ রক্ষা করা হয় বলে অভিযোগ রয়েছে। দপ্তরের কিছু কর্মচারী এবং বাইরের কয়েকজন ব্যক্তি এই যোগাযোগের কাজ করে থাকেন বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। এর ফলে মূল অভিযুক্ত সবসময় সরাসরি সামনে না এসে আড়ালে থাকার সুযোগ পাচ্ছেন।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম। ঠিকাদারকে ফোনে হুমকি, থানায় সাধারণ ডায়েরি নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও ঠিকাদারকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর ফারুক হোসেন নামে এক ঠিকাদারকে মুঠোফোনে গালিগালাজ ও হুমকি দেন শহিদুল ইসলাম। এর পরদিন ৩০ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় এ ঘটনায় লিখিত সাধারণ ডায়েরি (জিডি নং-২০৭৬) করেন ওই ঠিকাদার। এ ছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন ঠিকাদাররা। জাহিদ (ছদ্মনাম) নামে এক ঠিকাদার বলেন, সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে। একটি সরকারি দপ্তরের প্রশাসনিক প্রধানের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুদকে তিনটি বড় বিষয়ে তদন্তের আবেদন বরিশালের সচেতন নাগরিক সাকিল আহম্মেদ নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে দুদক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন। অভিযোগে তিনি বিশেষভাবে তিনটি বিষয়ে অনুসন্ধানের দাবি জানিয়েছেন। প্রথমত, নিয়োগ প্রক্রিয়া ও পিএসসি প্রশ্নফাঁস চক্রের সংশ্লিষ্টতা: শহিদুল ইসলামের সরকারি চাকরিতে নিয়োগের প্রক্রিয়া এবং পিএসসির প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত চরিত্র গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন চক্রের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখার আবেদন করেছেন অভিযোগকারী। দ্বিতীয়ত, শত কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ: ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে ঢাকা ও বরিশালে নামে-বেনামে জমি, ফ্ল্যাট, উত্তরায় বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি এবং বিভিন্ন ব্যাংক হিসাবে বিপুল অর্থ গড়ে তোলার অভিযোগ আনা হয়েছে। তৃতীয়ত, মানববন্ধনে হামলা ও ভয়ভীতি: দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় ভুক্তভোগী ঠিকাদারদের মানববন্ধনে নির্বাহী প্রকৌশলীর নিজস্ব লোকজন দিয়ে হামলা ও হুমকি দেওয়ার অভিযোগের তদন্ত চাওয়া হয়েছে। অভিযোগকারী মনে করেন, দপ্তরের মূল নথি, পরিমাপ বই (এমবি বুক), ব্যাংক লেনদেনের বিবরণী, আয়কর রিটার্ন, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা এবং দরপত্রের নথি নিরপেক্ষভাবে যাচাই করলেই অভিযোগগুলোর প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। সাকিল আহম্মেদ বলেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুর্নীতির বিভিন্ন তথ্য-প্রমাণ দুদকের কাছে জমা দিয়েছেন। তিনি আশা করেন, কমিশন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তা ও তাঁর কথিত সিন্ডিকেটের প্রকৃত চিত্র প্রকাশ করবে। অভিযোগ অস্বীকার নির্বাহী প্রকৌশলীর এতসব অভিযোগের বিষয়ে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কতিপয় স্বার্থান্বেষী ঠিকাদার নিয়মবহির্ভূত সুবিধা না পেয়ে তাঁর বিরুদ্ধে কাল্পনিক ও অপপ্রচারমূলক অভিযোগ তুলছেন। তাঁর দাবি, দপ্তরের প্রতিটি প্রকল্প সরকারি বিধিমালা মেনে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। তদন্ত হলে প্রকৃত সত্য প্রকাশিত হবে। তবে অভিযোগ ওঠার পর প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং গণমাধ্যমকর্মীদের সরাসরি সাক্ষাৎ না দিয়ে অ্যাপয়েন্টমেন্টের কথা বলে এড়িয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। তদন্ত হলেই বেরিয়ে আসবে প্রকৃত চিত্র? সরকারি অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পের প্রতিটি টাকার হিসাব থাকার কথা। একটি প্রকল্পে কত টাকা বরাদ্দ হলো, কতটুকু কাজ সম্পন্ন হয়েছে, কোন ঠিকাদার কত টাকা বিল পেলেন এবং কাজের মান কেমন—সবকিছুরই নথিভুক্ত প্রমাণ থাকার কথা। কিন্তু বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ঘিরে ওঠা অভিযোগগুলো সত্য হলে সরকারি অর্থের ব্যবহার, দরপত্রের স্বচ্ছতা এবং দাপ্তরিক জবাবদিহি নিয়ে বড় ধরনের অনিয়মের চিত্র সামনে আসবে। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় এবং দুর্নীতি দমন কমিশনের নিরপেক্ষ তদন্ত জরুরি। বিশেষ করে চার কোটি টাকার ভবন সংস্কারকাজের প্রকৃত ব্যয় ও বিল পরিশোধ, ভুয়া বিল-ভাউচারের অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দরপত্র নিয়ন্ত্রণ, ৩২ কোটি টাকার প্রকল্পের কার্যাদেশ, কর্মকর্তাদের হাজিরা ও ছুটির অনুমোদন এবং অভিযুক্ত কর্মকর্তার সম্পদের উৎস খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগে নাম আসা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর প্রকৃত মালিকানা, প্রধান প্রকৌশলীর ব্যবসায়িক অংশীদারত্ব এবং মানববন্ধনে বাধা দেওয়ার ঘটনারও অনুসন্ধান হওয়া উচিত। অভিযোগের সত্যতা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার। তবে সরকারি অর্থের প্রতিটি টাকার হিসাব নিশ্চিত করা এবং সরকারি দপ্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব। বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে মাঠের কাজ আর কাগজের হিসাবের মধ্যে কোনো অসংগতি রয়েছে কি না, কমিশন বাণিজ্যের অভিযোগের পেছনে কতটা সত্যতা আছে এবং সরকারি অর্থের কোনো অংশ আত্মসাৎ হয়েছে কি না—এখন এসব প্রশ্নের উত্তর চান সংশ্লিষ্ট ঠিকাদার ও সচেতন নাগরিকরা। তাঁদের দাবি, অভিযোগের নিষ্পত্তি হোক নথি, প্রমাণ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে; কোনো প্রভাব বা তদবিরের মাধ্যমে নয়।
দরপত্রে কারসাজি, কমিশন বাণিজ্য, ভুয়া বিল ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ; ২৪ ঠিকাদারের আবেদন, দুদকে তদন্ত দাবি। বরগুনার অতিরিক্ত দায়িত্ব থেকে সরানোর পর উত্তরাঞ্চলে বদলির গুঞ্জন- ইত্তেহাদ নিউজ, অনলাইন: সরকারি দপ্তরের দায়িত্বে থেকে ঠিকাদারি ব্যবসা, দরপত্র কারসাজি, ঘুষ-কমিশন বাণিজ্য, ভুয়া বিল-ভাউচারে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন—একের পর এক গুরুতর অভিযোগে বিতর্কের কেন্দ্রে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। তাঁকে ঘিরে অভিযোগ, প্রতিবাদ, মানববন্ধন ও প্রশাসনিক অস্বস্তি—সব মিলিয়ে প্রশ্নের মুখে পড়েছে সরকারি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি। ইতোমধ্যে বরগুনা জেলার অতিরিক্ত দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। ইইডির সংশ্লিষ্ট সূত্রের দাবি, শিগগিরই তাঁকে নেত্রকোনা অথবা উত্তরাঞ্চলের কোনো একটি জেলায় বদলি করা হতে পারে। অন্যদিকে, শহিদুল ইসলামকে ঘিরে ওঠা ধারাবাহিক অভিযোগে বিব্রত অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারাও। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে—একজন কর্মকর্তার বিরুদ্ধে এত অভিযোগের পরও কেন দৃশ্যমান ও পূর্ণাঙ্গ তদন্তের অগ্রগতি সামনে আসছে না? ২০২৬ সালের আগস্ট থেকে বিভিন্ন গণমাধ্যমে শহিদুল ইসলামকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশিত হচ্ছে। অভিযোগগুলোর বিষয়ে প্রতিকার চেয়ে ২৪ জন ঠিকাদার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিত আবেদন করেছেন। শুধু লিখিত অভিযোগেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি; বরিশালে একাধিকবার মানববন্ধন হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনেও (দুদক) তদন্তের আবেদন জমা পড়েছে। ১১০ কোটি টাকার কাজ বণ্টনে অনিয়মের অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম ও তাঁর সহযোগী কয়েকজন কর্মকর্তা এবং ঠিকাদারের বিরুদ্ধে প্রায় ১১০ কোটি টাকার উন্নয়নকাজে টেন্ডার বাণিজ্য, ঘুষ-কমিশন গ্রহণ, কাজ না করেই বিল উত্তোলন এবং নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে একচেটিয়াভাবে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বরিশাল ঠিকাদার সমিতির ঠিকাদারের স্বাক্ষর সংবলিত একটি অভিযোগপত্রে এসব অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে ১২০টি কাজের দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। টিএসসি, মহিলা পলিটেকনিক, মাদ্রাসা, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, বিভিন্ন প্রকল্পসহ বিভিন্ন সরকারি উন্নয়ন ও মেরামতকাজের অর্থ ব্যবহারে অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তাঁর পরিচিত এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন বা সংশ্লিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে অধিকাংশ কাজ বরাদ্দ দিয়েছেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—মেসার্স মা এন্টারপ্রাইজ, মেসার্স রাফিদ ট্রেডার্স, মেসার্স মোমেন সিকদার, মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স এবং মেসার্স আইডিয়াল এন্টারপ্রাইজ। অভিযোগের সঙ্গে সংযুক্ত ই-জিপি টেন্ডার নোটিশ ও কাজের তালিকায় বরিশাল সদর, বাবুগঞ্জ, উজিরপুর, হিজলা, মুলাদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণ, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, সীমানাপ্রাচীর ও সংস্কারকাজের বিবরণ তুলে ধরা হয়েছে। তালিকায় দেখা যায়, অধিকাংশ কাজই ঘুরেফিরে কয়েকটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ হয়েছে। বিশেষ করে মা এন্টারপ্রাইজ, রাফিদ ট্রেডার্স, মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড ও মোমেন সিকদারের নাম উল্লেখযোগ্যভাবে এসেছে। অভিযোগপত্রের অনুলিপি শিক্ষা সচিব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক, বরিশালের জেলা প্রশাসক এবং দুদকের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক বরাবর পাঠানো হয়েছে। ঠিকাদারদের দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দরপত্র প্রক্রিয়া, কাজের বরাদ্দ, বাস্তবায়নের অগ্রগতি ও বিল পরিশোধের বিষয়গুলো যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সরকারি পদে থেকে বেনামে ঠিকাদারি ব্যবসার অভিযোগ শহিদুল ইসলামের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো—সরকারি কর্মকর্তা হয়ে সরকারি উন্নয়নকাজের দরপত্র নিয়ন্ত্রণ করা। ২৪ ঠিকাদারের লিখিত আবেদনে দাবি করা হয়েছে, তিনি নিজেই পরোক্ষভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং শতকোটি টাকার সরকারি কাজ বাগিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। সরকারি দায়িত্বে থেকে এ ধরনের ব্যবসায়িক সম্পৃক্ততা সরকারি কর্মচারী আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, সরকারি দায়িত্ব ও ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের মধ্যে সংঘাত তৈরি করে দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ নেওয়া হয়েছে। অভিযোগগুলো সত্য হলে তা শুধু প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ নয়, সরকারি ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রতিযোগিতার জন্যও গুরুতর হুমকি। দরপত্রে কারসাজি, ভুয়া বিল—কোটি টাকার প্রশ্ন নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দরপত্রে টেম্পারিং ও কারসাজির মাধ্যমে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় ঠিকাদাররা। অভিযোগকারীদের ভাষ্য, দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়নকাজের বিল-ভাউচার নিয়েও অনিয়ম করা হয়েছে। এমনকি নিজ দপ্তরের জরাজীর্ণ ভবন সংস্কারের নামে কোটি টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। আরও পড়ুন: বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল যখন ঠিকাদার: ঘুষ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ প্রশ্ন উঠেছে, সংস্কারকাজের প্রকৃত ব্যয় কত ছিল? কোন কোন কাজের বিপরীতে বিল দেওয়া হয়েছে? কাজের বাস্তব অগ্রগতি ও সরকারি নথিতে দেখানো ব্যয়ের মধ্যে কোনো অসংগতি রয়েছে কি না? এসব বিষয়ে নিরপেক্ষ আর্থিক ও কারিগরি নিরীক্ষার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। কমিশন ছাড়া বিল ছাড় নয়—ঠিকাদারদের হয়রানির অভিযোগ শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ ও কমিশন বাণিজ্যের অভিযোগও বেশ গুরুতর। লিখিত আবেদনে বলা হয়েছে, প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া থেকে শুরু করে কাজের বিল ছাড় করার ক্ষেত্রেও কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, চাহিদামতো কমিশন দিতে অস্বীকৃতি জানালে বৈধ ঠিকাদারদের বিল আটকে রাখা হয়। এতে অনেক ঠিকাদার আর্থিক সংকটে পড়েছেন। কেউ কেউ কাজ সম্পন্ন করেও পাওনা অর্থ না পেয়ে অর্থনৈতিক ও মানসিক হয়রানির শিকার হচ্ছেন। সরকারি উন্নয়নকাজে ঠিকাদারদের বিল আটকে রেখে কমিশন আদায়ের অভিযোগ সত্য হলে তা সরকারি অর্থ ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে। দুদকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ শুধু দাপ্তরিক অনিয়ম নয়, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে শহিদুল ইসলামের বিরুদ্ধে। ২০২৬ সালের অক্টোবরে সাকিল আহম্মেদ নামে এক ব্যক্তি 'সচেতন নাগরিক'-এর পক্ষে দুদক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে। আবেদনে শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে। এখন প্রশ্ন—অভিযোগে উল্লিখিত সম্পদের উৎস কী? তাঁর ও পরিবারের সদস্যদের আয়কর নথি, সম্পদ বিবরণী, ব্যাংক লেনদেন ও সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানা যাচাই করলে কি অভিযোগগুলোর সত্যতা পাওয়া যাবে? এসব বিষয়ে দুদকের নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঠিকাদারকে হুমকি, সরকারি রেস্ট হাউস নিয়েও অভিযোগ প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ফারুক হোসেন নামে এক ঠিকাদারকে মুঠোফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ঠিকাদার বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২০৭৬) করেছেন। এ ছাড়া দপ্তরের সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগও ২৪ ঠিকাদারের পক্ষ থেকে সচিবের কাছে দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে। সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধার ব্যবহার নিয়ে ওঠা এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথি, ব্যবহারসংক্রান্ত রেজিস্টার এবং প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ পরীক্ষা করা জরুরি। মানববন্ধন, পোস্টারিং,লিখিত অভিযোগ—তবুও কি কার্যকর তদন্ত হবে? দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে অনিয়ম চালিয়ে যাওয়ার অভিযোগ তুলে শহিদুল ইসলামকে প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ঠিকাদার ও স্থানীয়রা।এ ছাড়া তাকে প্রত্যাহারের জন্য বরিশাল নগরীতে পোস্টারিংও করা হয়েছে। একদিকে ২৪ ঠিকাদারের লিখিত অভিযোগ, অন্যদিকে মানববন্ধন ও দুদকে আবেদন—সব মিলিয়ে বিষয়টি এখন আর বিচ্ছিন্ন কোনো অসন্তোষের পর্যায়ে নেই। বরং সরকারি উন্নয়নকাজের স্বচ্ছতা, দরপত্র ব্যবস্থাপনা এবং দপ্তরের জবাবদিহি নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। তদন্তের আশ্বাস প্রধান প্রকৌশলীর এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গণমাধ্যমকর্মীরা শহিদুল ইসলামের কার্যালয়ে গিয়ে এবং মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছেন। তবে তিনি ফোন রিসিভ করেননি বলে জানা গেছে। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগকারীদের প্রত্যাশা, শুধু বদলি কিংবা প্রশাসনিক দায়িত্ব পরিবর্তনের মধ্য দিয়ে বিষয়টির নিষ্পত্তি যেন না হয়। অভিযোগগুলোর উৎস, আর্থিক লেনদেন, দরপত্র প্রক্রিয়া, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা এবং সরকারি অর্থ ব্যয়ের নথি খতিয়ে দেখে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা হোক। বদলি নয়, জবাবদিহিই এখন বড় প্রশ্ন বরগুনার অতিরিক্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া এবং নেত্রকোনা কিংবা উত্তরাঞ্চলের কোনো জেলায় সম্ভাব্য বদলির খবর সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে ইইডির অভ্যন্তরে। কিন্তু বদলি কি অভিযোগের নিষ্পত্তি? এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে পাঠিয়ে দিলেই কি সরকারি অর্থের সম্ভাব্য অনিয়ম, ঠিকাদারদের অভিযোগ কিংবা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রশ্নের উত্তর মিলবে? একজন কর্মকর্তার বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ ওঠার পর সবচেয়ে জরুরি হলো অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ। কারণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে সরকারি অর্থ ব্যয়ের দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতি মানুষের আস্থা অটুট থাকা প্রয়োজন। ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে যেন পুরো প্রতিষ্ঠানের সুনাম ও গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত না হয়। এখন দেখার বিষয়—শহিদুল ইসলামকে শুধু বদলি করা হয়, নাকি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হয়। ইইডির সুনাম রক্ষায় প্রয়োজন ব্যক্তিনির্ভর সিদ্ধান্ত নয়, স্বচ্ছতা, জবাবদিহি ও দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ।
ইত্তেহাদ নিউজ, ঢাকা : সরকার পরিবর্তন হয়েছে, প্রশাসনের বিভিন্ন স্তরে এসেছে রদবদল। কিন্তু শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) গুরুত্বপূর্ণ কিছু পদে এখনো বহাল রয়েছেন আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আলোচিত একাধিক কর্মকর্তা। তাঁদের বিরুদ্ধে বেনামে ঠিকাদারি ব্যবসা, দরপত্র কারসাজি, কমিশন বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগের কেন্দ্রে রয়েছেন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদুজ্জামান। অভিযোগকারীদের দাবি, তাঁর নেতৃত্বে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে একটি প্রভাবশালী বলয় গড়ে উঠেছে। এই বলয়ে রয়েছেন বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, চাঁদপুর জোনের নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম আলিফ,রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন জাহেদুল করীম এবং ঢাকা মেট্রোতে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত মো. সরোয়ার হোসেন। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কমিটিতে দায়িত্ব পালন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পরও এই কর্মকর্তাদের একটি অংশ নিজেদের প্রশাসনিক প্রভাব ও ঠিকাদারি নেটওয়ার্ক ধরে রেখেছেন। বিএনপি-সমর্থিত কয়েকজন ঠিকাদারকে সীমিতসংখ্যক কাজ দিয়ে সন্তুষ্ট রাখার পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ-সংশ্লিষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এমনকি রাজনৈতিক নেটওয়ার্ক শক্তিশালী রাখতে অর্থ সরবরাহের অভিযোগও করেছেন কেউ কেউ। তবে এসব অভিযোগের স্বাধীন ও চূড়ান্ত তদন্তের তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে একটি গোষ্ঠী নিজেদের অবস্থান ধরে রাখলেও বিএনপি-সমর্থিত প্রকৌশলীরা অনেক ক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়েছেন। প্রতিষ্ঠানটির অভ্যন্তরে ক্ষমতার প্রভাব, অস্বচ্ছতা, দায়িত্বে অবহেলা, অদক্ষতা, দলাদলি, কোন্দল ও আর্থিক অনিয়ম নিয়ে অসন্তোষ বাড়ছে। শুধু রাজনৈতিক পরিচয় নয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা পৃথক দুর্নীতির অভিযোগ, বিভাগীয় তদন্তের নথি, ঠিকাদারদের লিখিত অভিযোগ এবং মানববন্ধনের ঘটনাও নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। অভিযোগগুলোর বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে আবেদন ও অভিযোগ জমা পড়েছে। কয়েকটি অভিযোগ নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে। প্রশ্ন উঠেছে, এত অভিযোগ ও তদন্তের পরও কীভাবে তাঁরা গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল রয়েছেন? রাজনৈতিক পটপরিবর্তনের পরও অধিদপ্তরের প্রভাবশালী বলয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? কে এই আসাদুজ্জামান: দরপত্র থেকে বিল পরিশোধ—ডজনখানেক অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদুজ্জামানের বিরুদ্ধে দরপত্র কারসাজি, প্রাক্কলিত ব্যয় ফাঁস, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া এবং নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বিল পরিশোধসহ প্রায় ডজনখানেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, একাধিকবার অভিযোগ ও তদন্তের উদ্যোগ নেওয়া হলেও তাঁর বিরুদ্ধে দৃশ্যমান কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৩২ কোটি টাকার একটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ফাঁস করে ইলেকট্রো গ্লোব মিরন এন্টারপ্রাইজকে কাজ পাইয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির মালিক যুবলীগ নেতা রাকিব হোসেন ৫ আগস্টের পর গ্রেপ্তার হয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আরও পড়ুন: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: অভিযোগের পাহাড়, তার পরও বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান একইভাবে রূপগঞ্জের পূর্বাচল মাধ্যমিক সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৩৫ কোটি টাকার নির্মাণকাজ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের শ্বশুরের প্রতিষ্ঠান নূরানি কনস্ট্রাকশনকে পাইয়ে দিতে প্রাক্কলিত ব্যয় কমিয়ে ফাঁস করার অভিযোগ উঠেছে। এসব প্রকল্পের দরপত্র কমিটির সভাপতি ছিলেন আসাদুজ্জামান। এ ছাড়া বিদায়ী প্রধান প্রকৌশলী আলতাফ হোসেনের দুর্নীতির অর্থ বণ্টনে আসাদুজ্জামান ক্যাশিয়ারের ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার লিয়াকত শিকদারকে কোটি টাকার বিল দেওয়া হয়েছে বলেও অভিযোগকারীদের দাবি। দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের মালিকানাধীন মা এন্টারপ্রাইজকে বিভিন্ন জেলায় একচেটিয়া কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি নিজস্ব লাইসেন্স অন্যদের ব্যবহারের সুযোগ দিয়ে এর বিনিময়ে দুই শতাংশ অর্থ আদায় করে। এর আগে নাটোরে দায়িত্ব পালনকালে বিলমারিয়া দাখিল মাদ্রাসা, বিলমারি উচ্চ বিদ্যালয় ও বারঘরিয়া উচ্চ বিদ্যালয়ের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে অধিকাংশ বিল পরিশোধের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রংপুরে দায়িত্ব পালনকালে ২০২০ সালের জুলাইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ কোটি টাকার একটি কাজ ছাত্রলীগ-সংশ্লিষ্ট এক নেতাকে পাইয়ে দিতে দরপত্রে কারসাজির অভিযোগও রয়েছে। এসব অভিযোগ তদন্তে গত বছরের ২৩ অক্টোবর আসাদুজ্জামানসহ পাঁচ প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্তের চূড়ান্ত ফলাফল এবং সুপারিশের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। এদিকে গত বছরের মে মাসে তাঁর পদোন্নতি নিয়েও প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) নেতিবাচক থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন বা পরিবর্তনের মাধ্যমে তিনি পদোন্নতি পেয়েছেন। এ অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট এসিআর, পদোন্নতি কমিটির কার্যবিবরণী ও প্রশাসনিক নথি পরীক্ষা করা প্রয়োজন। বরিশালের শহিদুল: চার প্রতিষ্ঠানের ঠিকাদারি নিয়ন্ত্রণ ও ৭ শতাংশ কমিশনের অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে সরকারি দায়িত্বে থেকে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, সাবকন্ট্রাক্টে কাজ বণ্টন, বিল ছাড়ে কমিশন দাবি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, বরিশালের মেসার্স মোমিন সিকদার, দিনাজপুরের মেসার্স মা এন্টারপ্রাইজ, চট্টগ্রামের ইউনুস অ্যান্ড ব্রাদার্স এবং খুলনার মেসার্স রাফিদ ট্রেডার্সের নামে বিভিন্ন কাজ নিয়ে পরে অন্য ঠিকাদারদের কাছে সাবকন্ট্রাক্টে দেওয়া হয়। এতে মূল কাজের বরাদ্দ, বিল ও আর্থিক লেনদেনে শহিদুল ইসলামের প্রভাব বজায় থাকে বলে অভিযোগ। ঠিকাদারদের ভাষ্য, এ ব্যবস্থায় সাবকন্ট্রাক্টে কাজ নেওয়া প্রতিষ্ঠানগুলো বিল ছাড় ও ভবিষ্যতে কাজ পাওয়ার ক্ষেত্রে নির্বাহী প্রকৌশলীর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। নিরাপত্তা জামানত কর্তনের ক্ষেত্রেও বিধি অনুসরণ না করার অভিযোগ তুলেছেন ঠিকাদাররা। তাঁদের দাবি, নির্ধারিত ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ অর্থ কর্তন করা হয়েছে। পাশাপাশি কাজ শেষ করার পরও বিল আটকে রাখা এবং বিল ছাড়ের বিপরীতে কমিশন দাবি করার অভিযোগ রয়েছে। বাড়তি অর্থের ব্যবস্থা না করলে ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন ঠিকাদার। আরও পড়ুন: বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল যখন ঠিকাদার: ঘুষ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ শহিদুল ইসলামের বিরুদ্ধে বরিশাল ও ঢাকায় জমি, ফ্ল্যাট ও গাড়িসহ বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। ঠিকাদারি কাজের কমিশন, কাজের বরাদ্দ এবং সংশোধিত প্রাক্কলনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। এসব সম্পদের প্রকৃত পরিমাণ, মালিকানা ও অর্থের উৎস যাচাইয়ে দুদকের তদন্ত দাবি করেছেন তাঁরা। এ ছাড়া ব্যক্তিগত অসদাচরণ ও নারীসংক্রান্ত নানা অভিযোগও তাঁর বিরুদ্ধে উঠেছে। শহিদুল ইসলামের বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ, ১৪৪টি পুনঃদরপত্র নিয়েও প্রশ্ন শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, দরপত্র কারসাজি, কমিশন বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন সাকিল আহম্মেদ নামের এক ব্যক্তি। অভিযোগে বলা হয়েছে, সরকারি দায়িত্বে থেকে বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, বিল পাসের বিপরীতে ৭ শতাংশ পর্যন্ত কমিশন দাবি এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। মেসার্স মোমিন সিকদার, মা এন্টারপ্রাইজ, ইউনুস অ্যান্ড ব্রাদার্স ও রাফিদ ট্রেডার্সের মাধ্যমে কাজ বণ্টন ও ব্যবসায়িক সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া ১৪৪টি কাজের পুনঃদরপত্র আহ্বানে অনিয়ম এবং বাতিল হওয়া দরপত্রের পারফরম্যান্স সিকিউরিটির পে-অর্ডার বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা না দিয়ে নগদায়নের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে।প্রায় ৩২ কোটি টাকার কারিগরি স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প এবং বরিশাল কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের দরপত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগপত্রে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন, ঢাকা ও বরিশালে জমি ও ফ্ল্যাট ব্যবসায় অস্বাভাবিক বিনিয়োগ এবং ব্যক্তিগত অসদাচরণের বিষয়ও উল্লেখ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত সৈয়দ আবেদ আলীর সঙ্গে শহিদুল ইসলামের সংশ্লিষ্টতা নিয়েও তদন্তের দাবি জানানো হয়েছে। এত অভিযোগের মধ্যেই শহিদুল ইসলামকে বরিশালের পাশাপাশি বরগুনা জেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তাঁকে বরিশাল থেকে প্রত্যাহার এবং অভিযোগ তদন্তের দাবিতে সাধারণ ঠিকাদারদের উদ্যোগে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে। চার প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, নির্বাহী প্রকৌশলীর সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক, সাবকন্ট্রাক্টের বৈধতা, বিল অনুমোদন এবং নিরাপত্তা জামানতের হিসাব নিরীক্ষার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা। মোজাহিদুল আলিফ: বিভাগীয় তদন্তে অসমাপ্ত কাজের বিপরীতে বিল পরিশোধের তথ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রো জোনের নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম আলিফের বিরুদ্ধে অতীতে নির্মাণকাজে আর্থিক অনিয়মের অভিযোগে বিভাগীয় তদন্ত হয়েছিল। তদন্তসংশ্লিষ্ট নথি অনুযায়ী, ২০২২ সালে রাজধানীর কাফরুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছয়তলা একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পে কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে বিল পরিশোধের প্রমাণ পায় তদন্ত কমিটি।৪ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ের প্রকল্পে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর কাজ সম্পন্ন দেখিয়ে ২ কোটি ৩৩ লাখ ৪১ হাজার টাকা বিল দেওয়া হয়। অথচ ২০২২ সালের ২১ সেপ্টেম্বর সরেজমিনে তদন্তে গিয়ে কমিটি দেখতে পায়, ভবনের দ্বিতীয় তলার কাজও পুরোপুরি শেষ হয়নি। তদন্ত প্রতিবেদনে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার কাজ অসম্পন্ন রেখেই বিল পরিশোধের তথ্য উল্লেখ করা হয়। একই সঙ্গে মোজাহিদুল ইসলাম আলিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।এর আগে সাভার জোনে দায়িত্ব পালনকালে কেরানীগঞ্জে আরবি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ কোটি টাকার ভবন নির্মাণ প্রকল্পেও কাজের অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য না রেখে ঠিকাদারকে প্রায় ২০ কোটি টাকা অগ্রিম দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অন্যদিকে, অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার অভিযোগ, আগারগাঁওয়ে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নতুন প্রধান কার্যালয় নির্মাণ প্রকল্পের দরপত্রে নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে তাঁকে ঢাকা মেট্রো জোনে পদায়ন করা হয়েছে। তবে আগের বিভাগীয় তদন্তে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং তদন্তের সুপারিশ বাস্তবায়িত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্টরা তদন্ত প্রতিবেদন ও প্রশাসনিক সিদ্ধান্ত প্রকাশের দাবি জানিয়েছেন। জাহেদুল করীম: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা, ঠিকাদারকে সুবিধা দেওয়ার অভিযোগ জাহেদুল করীম বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন। ২০২২ সালের ২৭ জুলাই গঠিত ওই কমিটি ঘোষণার সময় তিনি ঢাকা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তিনি প্রশাসনিকভাবে প্রভাবশালী অবস্থানে ছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, দরপত্রে অনিয়ম, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া এবং নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বিল পরিশোধের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সরোয়ার হোসেন: রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রোতে কর্মরত সহকারী প্রকৌশলী মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক সংশ্লিষ্টতা, ঠিকাদারি কাজে প্রভাব বিস্তার এবং অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। ২০২২ সালে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ইইডি শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক ছাত্রলীগ সভাপতি ছিলেন। প্রাপ্ত নথি অনুযায়ী, ২০২২ সালের ২৭ জুলাই অনুমোদিত বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ইইডি শাখার ১৯ সদস্যের আহ্বায়ক কমিটির ১৪ নম্বর সদস্য ছিলেন সরোয়ার হোসেন। সে সময় তিনি ঢাকা মেট্রোর সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। আরও পড়ুন: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন অভিযোগ রয়েছে, ঢাকা মেট্রোর বিভিন্ন উন্নয়নকাজে ঠিকাদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেন তিনি। এ প্রক্রিয়ায় অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ ও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অধিদপ্তরের কর্মকর্তাদের একাংশের প্রশ্ন, একই কমিটির কয়েকজন সদস্যকে ওএসডি এবং ঢাকার বাইরে বদলি করা হলেও সরোয়ার হোসেন এখনো ঢাকা মেট্রোতে বহাল রয়েছেন কেন? নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার অভিযোগ, অর্থের বিনিময়ে প্রশাসনকে প্রভাবিত করে তিনি নিজের পদায়ন ধরে রেখেছেন। তবে এ অভিযোগের স্বাধীন যাচাই প্রয়োজন। সরোয়ার হোসেনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের সঙ্গে তাঁর ছবি থাকার কথাও উল্লেখ করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সহিংসতায় উসকানি ও অর্থায়নের অভিযোগও তোলা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে প্রমাণিত তথ্য সামনে আসেনি। এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, সরোয়ার হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তের অগ্রগতি বা আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য জানার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। অভিযোগের পাহাড়, কিন্তু প্রশাসনিক জবাবদিহি কোথায়? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শুধু একটি নির্মাণ সংস্থা নয়; দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ, শিক্ষা খাতের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন এ অধিদপ্তর প্রকল্প প্রস্তাব তৈরি থেকে শুরু করে দরপত্র আহ্বান ও নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্বও পালন করে। ফলে এ প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা যদি রাজনৈতিক প্রভাব, ঠিকাদারি সিন্ডিকেট কিংবা কমিশন বাণিজ্যের মাধ্যমে সরকারি প্রকল্প নিয়ন্ত্রণ করেন, তাহলে তার প্রভাব সরাসরি পড়তে পারে শিক্ষা অবকাঠামোর মান, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতার ওপর। অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অভিযোগ, দীর্ঘদিনের দলীয় প্রভাব, প্রশাসনিক দুর্বলতা, অস্বচ্ছতা ও পারস্পরিক কোন্দলের কারণে প্রতিষ্ঠানটিতে অস্থিরতা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, কিছু কর্মকর্তা রাজনৈতিক পরিচয় বদলে নতুন প্রশাসনিক বাস্তবতায় নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। অভিযোগ রয়েছে, এসব বিষয় নিয়ে সংবাদ প্রকাশের পর দেশের একটি শীর্ষ পর্যায়ের গোয়েন্দা সংস্থা খোঁজখবর নেওয়া শুরু করেছে। তবে এ বিষয়ে সংস্থাটির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। যে প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ নিষ্পত্তিতে কয়েকটি বিষয় সামনে আসা জরুরি। প্রথমত, আসাদুজ্জামানসহ পাঁচ প্রকৌশলীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন কী বলেছে এবং সুপারিশ অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? দ্বিতীয়ত, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, পূর্বাচল মাধ্যমিক সরকারি স্কুল অ্যান্ড কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় প্রাক্কলিত ব্যয় ফাঁস ও ঠিকাদারকে সুবিধা দেওয়ার অভিযোগ কতটা সত্য? তৃতীয়ত, বরিশালের চার ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা কার হাতে? সরকারি দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা সরাসরি বা পরোক্ষভাবে এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন কি না? চতুর্থত, ১৪৪টি পুনঃদরপত্র এবং বাতিল হওয়া দরপত্রের পারফরম্যান্স সিকিউরিটির পে-অর্ডার নিয়ে ওঠা অভিযোগের আর্থিক নিরীক্ষা হয়েছে কি না? পঞ্চমত, মোজাহিদুল ইসলাম আলিফের বিরুদ্ধে বিভাগীয় তদন্তে অসমাপ্ত কাজের বিপরীতে বিল পরিশোধের যে তথ্য উঠে এসেছিল, সে ঘটনায় সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে কি না? ষষ্ঠত, একই রাজনৈতিক সংগঠনের কমিটিতে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের মধ্যে কারও বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও অন্যরা বহাল থাকার কারণ কী? শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত প্রভাব নয়, বরং স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিই হওয়া উচিত দায়িত্ব পালনের প্রধান মানদণ্ড। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ মিথ্যা হলে তাঁদের অবস্থানও পরিষ্কার করা জরুরি। অভিযোগের পর অভিযোগ, তদন্তের পর তদন্ত—তারপরও যদি জবাবদিহি নিশ্চিত না হয়, তাহলে প্রশ্ন থেকেই যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কি সত্যিই রাজনৈতিক প্রভাবমুক্ত হয়েছে, নাকি শুধু ক্ষমতার বলয় বদলেছে?
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।