Brand logo light

বরিশাল

বরিশালে ডিবি পুলিশের অভিযান,আটক ৬
বরিশালে ডিবি পুলিশের অভিযান,আটক ৬

 বরিশাল অফিস :    বরিশালে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মানব পাচার ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ছয়জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেল জানিয়েছে, পুলিশ কমিশনারের নির্দেশনায় গোয়েন্দা বিভাগের একটি দল গত ১৮ মে রাত প্রায় ১০টার দিকে নগরীর কোতোয়ালি মডেল থানার পোর্ট রোড এলাকার আবাসিক হোটেল ‘পপুলার’-এ অভিযান পরিচালনা করে। অভিযানে আটক ব্যক্তিরা হলেন— মো. জাফর হোসেন (৩৫), মো. আল আমিন বেপারী (৩০), মো. শাওন সিকদার (২১), মোসা. সুমাইয়া ইসলাম (২২), মিঠুন দেবনাথ (২৮) এবং মোসা. রুনা আক্তার (২২)। পুলিশ জানায়, অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে হোটেলের কাউন্টার ও বিভিন্ন কক্ষ তল্লাশি করা হয়। এ সময় পতিতাবৃত্তি ও দেহ ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে দাবি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে বরিশাল নগরীর বিভিন্ন আবাসিক হোটেল ও ভবনে গোয়েন্দা বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিএমপি।

নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০২৬ 0
সরকারি হিজলা ডিগ্রি কলেজ
সরকারি হিজলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুস সালামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ

বরিশাল অফিস :    বরিশালের হিজলা উপজেলার সদ্য সরকারিকৃত সরকারি হিজলা ডিগ্রি কলেজে প্রশাসনিক অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ। কলেজটির অধ্যক্ষ প্রফেসর এইচ এম আবদুস সালামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে—তিনি কলেজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে ব্যক্তিকেন্দ্রিকভাবে গ্রহণ করছেন। এতে সাধারণ শিক্ষকরা মতপ্রকাশে নিরুৎসাহিত হচ্ছেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। একাধিক শিক্ষক ও স্থানীয় সূত্র বলছে, কলেজ সরকারিকরণের পর একজন বিসিএস ক্যাডার অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষার পরিবেশ উন্নত হবে—এমন প্রত্যাশা ছিল সবার। কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানটিতে দেখা দিয়েছে অভ্যন্তরীণ বিভাজন, প্রশাসনিক গোপনীয়তা এবং ক্ষমতার কেন্দ্রীকরণ।   ‘বন্ধের দিনে বাসায় বৈঠক’   অভিযোগ রয়েছে, কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অধ্যক্ষ তার বরিশালের বাসভবনে ছুটির দিনে কয়েকজন অশিক্ষক কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে বৈঠকের মাধ্যমে চূড়ান্ত করেন। পরে সেসব সিদ্ধান্ত শিক্ষক সমাজের ওপর চাপিয়ে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক দাবি করেন, কোনো বিষয়ে আপত্তি তুলতে গেলে শিক্ষকদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) কম নম্বর দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়। ফলে অনেকে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না।   ‘শিক্ষক পরিষদ’ গঠনে প্রশ্ন   সম্প্রতি কলেজে শিক্ষক পরিষদের একটি কমিটি ঘোষণা করা হয়, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষকদের অভিযোগ, কমিটি গঠনের আগে কোনো গঠনতন্ত্র প্রণয়ন, নির্বাচন, মতামত গ্রহণ বা বোর্ড সভা অনুষ্ঠিত হয়নি। গত ১৭ মে ডাকা এক সভার শেষ পর্যায়ে পূর্বপ্রস্তুত একটি তালিকা থেকে শিক্ষক পরিষদের পদবী ও নাম ঘোষণা করা হয়। সভায় উপস্থিত কয়েকজন শিক্ষক জানান, কমিটি ঘোষণার আগে অধ্যক্ষ বক্তব্যে এসিআরসহ বিভিন্ন প্রশাসনিক বিষয় উল্লেখ করে পরোক্ষভাবে সতর্কবার্তা দেন। অ্যাকাউন্টিং বিভাগের প্রভাষক আরিফুর রহমান বক্তব্য দিতে চাইলে তাকে সবার সামনে থামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এতে সভায় উপস্থিত শিক্ষকরা বিব্রত ও হতাশ হন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।   একই ব্যক্তিরা ‘নীতি নির্ধারণ’ ও শিক্ষক পরিষদে   অনুসন্ধানে জানা গেছে, কলেজ পরিচালনার জন্য একটি ‘নীতি নির্ধারণ কমিটি’ও গোপনে গঠন করা হয়েছে। বিতর্ক আরও বাড়িয়েছে এই তথ্য যে, ওই কমিটির সদস্যদের অনেকেই আবার শিক্ষক পরিষদের নেতৃত্বেও রয়েছেন। শিক্ষকদের একাংশ বলছেন, এতে প্রশাসনিক ভারসাম্য ও জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হয়েছে।   কমিটিতে বিতর্কিত নিয়োগ নিয়ে আলোচনা   শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক করা হয়েছে প্রভাষক মো. বেলায়েত হোসেনকে। কলেজসংশ্লিষ্ট একাধিক ব্যক্তি দাবি করেছেন, তিনি দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং স্বাভাবিক প্রশাসনিক দায়িত্ব পালনে সীমাবদ্ধতার মধ্যে রয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে প্রভাষক মো. লোকমান হোসেনকে, যাকে স্থানীয়ভাবে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত বলা হয়। স্থানীয় সূত্রগুলোর দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন এবং স্থানীয় রাজনৈতিক গ্রুপিং ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ দীর্ঘদিনের।   ‘পুরোনো প্রভাবের পুনরুত্থান’ নিয়ে প্রশ্ন   ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পরও সরকারি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগের প্রভাবশালী গোষ্ঠীগুলোর পুনরায় সক্রিয় হয়ে ওঠা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক ও স্থানীয়দের একটি অংশ। তাদের প্রশ্ন—যে আধিপত্য ও রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করার দাবি উঠেছিল, তা কি আবারও নতুন রূপে ফিরে আসছে?   অধ্যক্ষের অতীত সংযোগ নিয়েও আলোচনা   প্রফেসর আবদুস সালাম এর আগে সরকারি বিএম কলেজ ও সরকারি হাতেম আলী কলেজে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় একাধিক সূত্রের দাবি, বিগত সময়ে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরন ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যদিও এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।   উদ্বেগ শিক্ষার পরিবেশ নিয়ে   শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের আশঙ্কা—প্রশাসনিক অস্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতি যদি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক রূপ পায়, তাহলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে। তাদের মতে, এতে শিক্ষকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে নিরুৎসাহিত হবেন, শিক্ষার্থীদের মধ্যে অনাগ্রহ বাড়বে এবং অভিভাবকদের আস্থাও কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অংশগ্রহণমূলক প্রশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত না হলে দীর্ঘমেয়াদে শিক্ষা ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হবে।

নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০২৬ 0
ডাঃ আশীষ কুমার হালদার
বরিশালে ডাঃ আশীষ কুমার হালদারের অবহেলায় চিকিৎসক দম্পতির নবজাতকের মৃত্যু,তদন্ত কমিটি গঠন

বরিশাল অফিস : বরিশালে শিশু বিশেষজ্ঞ ডা. আশীষ কুমার হালদারের অবহেলায় ও ভুল চিকিৎসায় এক চিকিৎসক দম্পতির নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নবজাতকের বাবা বরিশাল শেবাচিম হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের মেডিকেল অফিসার এবং মা একজন এমবিবিএস ডাক্তার। ২১ দিন বয়সের  নবজাতকের মৃত্যুর পর তার বাবা নিজের ফেসবুক  আইডিতে এই নির্মম অবহেলা জনিত মৃত্যুর বর্ননা তুলে ধরেন।এ ঘটনায় নেট দুনিয়া সহ বরিশালের সচেতন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট দেখেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের হাসপাতাল স্টাফ বা কর্তৃপক্ষের কোন অবহেলা আছে কিনা সে বিষয়ে সঠিক তথ্য উদঘাটন ও ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বেলভিউ মা ও শিশু হাসপাতলের সিইও রিয়াজ হাসান। এদিকে পোস্টের শুরুতেই ডা. ইসতিয়াক অহমেদ রিফাত লিখেছেন, আমার ‘ইজান’ আল্লাহর হুকুমে আল্লাহর কাছে চলে গেছে। বিনিময়ে আমাকে দেখিয়ে গেছে বরিশালে শিশু চিকিৎসার করুণ অবস্থা। তাছাড়া বেলভিউ হাসপাতালে তেমন কোন চিকিৎসা না পেলেও তারা ১লক্ষ ১১ হাজার টাকা বিল গ্রহণ করেছেন বলে অভিযোগ তোলেন তিনি। এরপর তিনি পুরো ঘটনার বর্ননা দিতে গিয়ে লিখেন, ২১ এপ্রিল রাত এগারটায় জরুরী ভিত্তিতে সিজারিয়ান এর মাধ্যমে মমতা হাসপাতালে আমার একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। গাইনি ম্যাম নিজেই ডা:আশিষ স্যারকে ডেলিভারির সময় বলে রাখেন। সিজার হলো। ইজান দুনিয়াতে আসলো। আশীষ স্যার প্রাইমারি রিসাসিটেশন করলেন। ইজান হালকা করে কাদলো। আশিষ স্যার প্রেসক্রিপশন করলেন আর বললেন শেবাচিম অথবা বেলভিউ হাসপাতালে নিতে পারেন।  সিজারের এক ঘন্টা পর রাত বারোটার দিকে বেলভিউতে নিয়ে গেলাম। সেখানে গিয়ে আরেক ক্যাচাল। ডা:আশিষ স্যার তার প্রেসক্রিপশনে নরমাল বেড বা ইনকিউবেটরের কিছুই লিখেন নাই। আর অত রাতে স্যারকে কল দেয়া যাবে না। তাই তারা জেনারেল কেবিনে দিল। শুধু একটু অক্সিজেন লাগিয়ে দিল। আর ডাক্তার পরিচয় দেবার পরেও তাদের জঘন্য ব্যবহারের কথা আর নাই বলি। সারা রাতে একবার তারা খোজ নিতে আসলো না। হঠাত সন্ধ্যার পরে ইজান অসুস্থ্য হয়ে যায়। স্যাচুরেশন ফল করে। আবার অক্সিজেন লাগানো হলো। এরপরো অবস্থার উন্নতি না হওয়াতে আশীষ স্যারকে ডিউটি ডাক্তার কল দেয়। সে রুডলি বলে শেবাচিম বা ঢাকা নিতে। এতটুকু অসুস্থ্য একটা বাচ্চাকে ঢাকা নেয়া পসিবল? আবার বাচ্চাটি বেশি অসুস্থ্য হয়ে পড়ার পর ডিউটি ডাক্তার কল দিল। আমি কল দিলাম। আমি কল দিয়ে পা ধরছি। তাও আশিষ স্যার আসবেন না। শেষে শেবাচিম ড্যাবের প্রেসিডেন্ট ডা:নজরুল স্যার কল দেয়াতে তিনি আসেন এবং চিকিৎসা দেন। দিন দিন বাচ্চাটা ফ্লপি হয়ে যাচ্ছে সেটা আর খেয়াল করলেন না। আমাদেরও কিছু বলেন না। কথা একটাই,উন্নতি নাই। এর বাইরে কোন কাউন্সিলিং নাই। এরপর আমরা ঢাকা যাওয়ার প্রস্তুতি নিলাম। বেলভিউর রিসিপশনে বললাম আমি ডাক্তার,আমার স্ত্রী ডাক্তার। তারপরও খুবই বাজে একটা মন্তব্য পাইলাম। একদিন দুপুরে দুর্ভাগ্যক্রমে আমার বউ ডা.নুসাইবা এবং তার এক মেয়ে কাজিন হাসপাতালে ছিল। ইজানকে জরুরী একটা টেস্ট করতে দেয়। আমার স্ত্রী নুসাইবা বেলভিউর কাউন্টারে গিয়ে ডাক্তার এবং মা পরিচয় দেবার পরেও বাজে বিহাভের স্বীকার হয়। পোস্টের শেষে মন্তব্যে তিনি লিখেন, বেলভিউ কর্তৃপক্ষ ডাক্তার কাপলের সাথে যদি এরকমটা করতে পারে, তাহলে অন্যান্য মানুষের সাথে কি করবে? এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগি অধ্যাপক ডা. আশীষ কুমার হালদার। তার শশুর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিশি ভোটের একাধিকবার এমপি। স্বাচিপ এর রাজনীতির সাথে জড়িত ডা. আশীষ। এক সময় তার কলমের ধারে অনেক নীরিহ পেশাদার চিকিৎসককে হয়রানী হতে হয়েছে। বরিশাল সদররোড বেলভিউতে একটি এনআইসিইউ গড়ে তুলেছেন। শুধু বিল নেওয়ার বেলায় সেটি এনআইসিইউ হলেও সেখানে আসলে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও ব্যবস্থাপনা নেই। মানুষের চোখে ধুলো দিয়ে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় করছেন ডা. আশীষ। এর পূর্বেও একাধিক বাচ্চাকে ভুল চিকিৎসা প্রদানের অভিযোগ রয়েছে ডা. আশীষের বিরূদ্ধে। এ বিষয়ে শেরে বাংলা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগি অধ্যাপক ডা. আশীষ কুমার হালদার বলেন, বাচ্চাটি আমার আন্ডারে বেলভিউতে ভর্তি ছিল। সাধ্যমত চিকিৎসা প্রদানের চেষ্টা করেছি, আমি আমার রাউন্ড ফি পর্যন্ত নেইনি। তাছাড়া কোন ডাক্তার ইচ্ছা করে কোন রোগীগে ভুল চিকিৎসা করেন না। বেলভিউ মা ও শিশু হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজ হাসান বলেন, এ বিষয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আসল তথ্য পাবো। যেহেতু আমাদের প্রাতিষ্ঠানিকভাবে বিষয়টি তদন্তানাধীন তাই এর বেশি এখন বলা সম্ভব নয়।

নিজস্ব প্রতিবেদক মে ১৯, ২০২৬ 0
বরগুনা এলজিইডি
বরগুনা এলজিইডির ৩৬ কোটি টাকার টেন্ডার: অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগে বদলি নির্বাহী প্রকৌশলী

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান খাঁনকে বদলি করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩৬ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ ওঠার কয়েক দিনের মধ্যেই এ সিদ্ধান্ত আসে। স্থানীয়দের একাংশ বলছেন, দীর্ঘদিন ধরে চলা নানা অভিযোগের পর এই বদলি প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেছেন। বদলির আদেশ ও স্থানীয় প্রতিক্রিয়া গত বৃহস্পতিবার এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে মোঃ মেহেদী হাসান খাঁনকে বরগুনা থেকে সদর দপ্তর ঢাকায় একই পদে বদলি করা হয়। রোববার বদলির খবর বরগুনায় পৌঁছালে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সাম্প্রতিক টেন্ডার বিতর্ক এবং উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগের কারণে জনমনে ক্ষোভ তৈরি হয়েছিল। বদলির খবরে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। যে অভিযোগে আলোচনায় এল টেন্ডার প্রক্রিয়া অভিযোগের কেন্দ্রে রয়েছে আমতলী-তালতলী উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩৬ কোটি টাকার দরপত্র। গত মার্চে আহ্বান করা ওই টেন্ডারে ৭৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। অভিযোগ অনুযায়ী, গত ২০ এপ্রিল অনিয়ম ও অনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া হয়। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সাবেক এপিএস এবং তালতলীর বাসিন্দা ওমর আব্দুল্লাহ শাহীন এ বিষয়ে লিখিত অভিযোগ করেন এলজিইডির প্রধান কার্যালয়ে। তার অভিযোগের ভিত্তিতে এলজিইডির প্রধান কার্যালয় বরিশাল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহা. নুরুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেয়।  আত্মীয়স্বজন ও রাজনৈতিক ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ অনুসন্ধানে অভিযোগ ওঠে, কাজ পাওয়া কয়েকটি প্রতিষ্ঠানের মালিক স্থানীয় প্রকৌশলীদের আত্মীয় অথবা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি। অভিযোগে বলা হয়— নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানের নিকটাত্মীয়ের প্রতিষ্ঠান “এমএস লুৎফুল কবির ট্রেডার্স” গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিকুর রহমান নুরের প্রতিষ্ঠান “এমএস নুর কনস্ট্রাকশন” সহকারী প্রকৌশলী রাজিব শাহর নিকটাত্মীয়ের প্রতিষ্ঠান “এসএম লেলিন ট্রেডার্স (লেলিন-দীপ জেভি)” সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র গাইনের নিকটাত্মীয়ের প্রতিষ্ঠান “নিশিত বসু ট্রেডার্স” এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ বণ্টনে প্রভাব খাটানো হয়েছে বলে অভিযোগকারীর দাবি। ‘খাল খনন থেকে মসজিদ সংস্কার—সবখানেই অনিয়ম’ শুধু টেন্ডার নয়, জলবায়ু প্রকল্পের আওতায় খাল খনন কাজেও অনিয়মের অভিযোগ রয়েছে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নিম্নমানের কাজ ও প্রকল্প বাস্তবায়নে অসঙ্গতি থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট প্রকল্পের অর্থ ছাড় করা হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অভিযোগ করেন, বিভিন্ন মসজিদ ও মন্দির সংস্কার প্রকল্পেও বরাদ্দের পুরো অর্থ কাজে ব্যবহার হয়নি। গুলিশাখালী গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বলেন, একটি মসজিদ সংস্কারের জন্য তিন লাখ টাকা বরাদ্দ হলেও প্রকৃত কাজ হয়েছে প্রায় অর্ধেক টাকার। খুরিয়ার খেয়াঘাট সবুর গাজী চৌকিদার বাড়ি জামে মসজিদের ইমাম মো. রফিকুল ইসলাম দাবি করেন, “ঠিকাদার মাত্র এক লাখ টাকার কাজ করেছেন। অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাইনি।” কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. রেদওয়ান সরদার বলেন, “ঢালাই দেওয়ার কিছুদিন পরই সড়কের পিচ উঠে যায়। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।” অভিযোগ অস্বীকার কর্মকর্তাদের মোঃ মেহেদী হাসান খাঁন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম করিনি। কেন অভিযোগ দেওয়া হয়েছে, তা অভিযোগকারীই বলতে পারবেন।” তদন্ত কর্মকর্তা শেখ মোহা. নুরুল ইসলাম বলেন, অভিযোগ তদন্তে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময় অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু হবে। প্রশ্নের মুখে প্রকল্প তদারকি ব্যবস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও তদারকির দুর্বলতা নিয়ে অতীতেও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে দরপত্র প্রক্রিয়া, কাজের মান নিয়ন্ত্রণ এবং স্বাধীন তদন্ত ব্যবস্থাকে আরও কার্যকর করা প্রয়োজন। বরগুনার ঘটনাটি সেই পুরোনো প্রশ্নগুলোকে আবারও সামনে নিয়ে এসেছে—সরকারি উন্নয়ন প্রকল্পে কারা সুবিধা পাচ্ছেন, আর জনস্বার্থ কতটা রক্ষা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক মে ১৯, ২০২৬ 0
এনএসআই কার্যালয়
বরিশালে নির্মিত হচ্ছে এনএসআই’র আধুনিক কার্যালয়

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের (এনএসআই) নতুন কার্যালয় ভবন নির্মাণের কাজ চলছে। প্রায় ১০ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে নগরীর কাশিপুর এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে প্রকল্পটি। স্থাপত্য অধিদপ্তরের নকশা অনুযায়ী ভবনটি নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ উন্নয়ন তহবিলের (জিওবি) অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন করছে বরিশাল গণপূর্ত অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভবনটি প্রাথমিকভাবে এনএসআই’র বরিশাল সাব-স্টেশন হিসেবে ব্যবহৃত হবে। পাঁচতলা বিশিষ্ট মূল ভবনের পাশাপাশি নির্মাণ করা হবে দুইতলা গ্যারেজ-কাম-ব্যারাক ভবনও। বরিশাল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম বলেন, বর্তমানে কাজ চলছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তা সংস্থার কার্যক্রম আরও সমন্বিত ও আধুনিক করতে এই অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিজস্ব প্রতিবেদক মে ১৯, ২০২৬ 0
বরিশালে ৪০ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
বরিশালে ভুল সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ, ক্ষতিগ্রস্ত অন্তত ৪০ শিক্ষার্থী

বরিশালে ভুল সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ, ক্ষোভে শিক্ষার্থী-অভিভাবক ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশালের রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ব্যবসায় উদ্যোগ বিষয়ের বহুনির্বাচনি পরীক্ষায় ভুল সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৪০ জন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা। গত বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত পরীক্ষাকে ঘিরে এই অভিযোগ সামনে আসে। শিক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সরকার সংক্ষিপ্ত সিলেবাস নির্ধারণ করেছিল। কারণ, তারা শুধুমাত্র দশম শ্রেণিতে এক বছর অধ্যয়ন করেই পরীক্ষায় অংশ নিচ্ছে। অন্যদিকে ২০২৫ সালের শিক্ষার্থীরা পূর্ণ দুই বছর সময় পেয়ে সম্পূর্ণ বই থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। অভিযোগ উঠেছে, ওই কেন্দ্রে ২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে ব্যবসায় উদ্যোগ বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নপত্র সরবরাহ করা হয়। ফলে পরীক্ষার্থীদের এমনসব অধ্যায় থেকে প্রশ্নের উত্তর দিতে হয়েছে, যা তাদের নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। “পরীক্ষার হলে জানিয়েও সমাধান মেলেনি” একাধিক শিক্ষার্থী অভিযোগ করেছে, পরীক্ষা শুরুর পরই তারা প্রশ্নপত্রে অসামঞ্জস্য দেখতে পেয়ে কেন্দ্র কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের। শিক্ষার্থীদের ভাষ্যমতে, কেন্দ্র সচিব মর্জিনা আক্তার সংশ্লিষ্ট কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে ফোনে যোগাযোগ করে বলেন, “২০২৫ ও ২০২৬ সালের সিলেবাস একই, শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।” তবে শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, বাস্তবে দুই বছরের পূর্ণাঙ্গ সিলেবাস এবং এক বছরের সংক্ষিপ্ত সিলেবাস এক নয়। ফলে পরীক্ষার্থীরা প্রস্তুতির বাইরে থাকা প্রশ্নের মুখোমুখি হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। একজন অভিভাবক বলেন, “আমার সন্তান বাড়ি ফিরে কান্না করেছে। যে অধ্যায়গুলো তাদের পড়ানো হয়নি, সেখান থেকেই প্রশ্ন এসেছে।” আরেক শিক্ষার্থী অভিযোগ করে বলে, “আমরা পরীক্ষা শুরুর পরই বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু আমাদের কথা গুরুত্ব দেওয়া হয়নি।” “ফলাফলে বিশেষ বিবেচনা” দাবি ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ফলাফল মূল্যায়নের ক্ষেত্রে বিশেষ বিবেচনা চেয়েছেন তারা। তাদের অভিযোগ, ভুল প্রশ্নপত্র সরবরাহের দায় এড়ানোর সুযোগ নেই। কারণ পরীক্ষা শুরুর আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশ্নপত্র যাচাই করার কথা ছিল। শিক্ষা সংশ্লিষ্ট কয়েকজন স্থানীয় ব্যক্তি বলছেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে এটি শুধু প্রশাসনিক অবহেলাই নয়, বরং পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও বড় প্রশ্ন তৈরি করবে। কেন্দ্র সচিবকে ঘিরে পুরোনো বিতর্কও সামনে এ ঘটনার পর কেন্দ্র সচিব মর্জিনা আক্তারকে ঘিরে স্থানীয়ভাবে পুরোনো কয়েকটি বিতর্কও নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় সূত্রগুলোর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে একক সিদ্ধান্ত নিয়ে আসছেন। তার প্রভাবের পেছনে প্রভাবশালী রাজনৈতিক নেতা শাহজাহান ওমরের আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ রয়েছে। আরও অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন সরকারি দপ্তর থেকে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হলেও বিদ্যালয়ের লাইব্রেরিতে শেখ মুজিবের ছবি ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত টাঙিয়ে রাখা হয়েছিল। স্থানীয় কয়েকজনের দাবি, সংশ্লিষ্ট কয়েকজন আওয়ামীপন্থী শিক্ষকের সমর্থনে এ সিদ্ধান্ত বহাল রাখা হয়েছিল। পরে শিক্ষার্থীদের প্রতিবাদ ও আন্দোলনের মুখে ২০২৫ সালের ১৮ অক্টোবর ছবিগুলো সরিয়ে ফেলা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে কেন্দ্র সচিব মর্জিনা আক্তারের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তদন্তের দাবি বাড়ছে ঘটনাটি নিয়ে শিক্ষা সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। অভিভাবকদের প্রশ্ন, যদি সত্যিই ভুল সিলেবাসে প্রশ্নপত্র সরবরাহ হয়ে থাকে, তাহলে দায় কার — কেন্দ্র কর্তৃপক্ষ, প্রশ্ন প্রণয়ন কমিটি, নাকি শিক্ষা বোর্ড? এদিকে শিক্ষার্থীদের একাংশ আশঙ্কা করছে, ভুল প্রশ্নপত্রের কারণে তাদের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। শিক্ষাবিদদের মতে, এ ধরনের ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষা বোর্ডকে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।

নিজস্ব প্রতিবেদক মে ১৮, ২০২৬ 0
সেলিনা বেগম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল দলের খেলোয়াড়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, গত ১৪ মে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও খেলোয়াড়দের দেওয়া অভিযোগপত্রের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী সেলিনা বেগমের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৪৪(৬) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে মাঠে উপস্থিত থাকলেও শেষ পর্যন্ত খেলায় অংশ নিতে পারেনি বরিশাল বিশ্ববিদ্যালয় দল। এ ঘটনায় শারীরিক শিক্ষা দপ্তরের অসহযোগিতা ও দায়িত্ব অবহেলাকে দায়ী করেন খেলোয়াড়রা। চট্টগ্রাম থেকে ফিরে গত ১৪ মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফুটবল দলের সদস্যরা সেলিনা বেগমকে ছয় ঘণ্টার মধ্যে বরখাস্তের দাবিতে লিখিত আবেদন দেন। পরে প্রশাসন বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয়।

নিজস্ব প্রতিবেদক মে ১৭, ২০২৬ 0
রাষ্ট্রীয় ব্যাংকের টাকায় ‘জিএমের রাজকীয় অন্দরমহল’: অগ্রণী ব্যাংকে নীতিমালা ভেঙে বিলাসবহুল আবাসনের অভিযোগ

বরিশাল নগরীর জেলখানার মোড়ে অবস্থিত রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসি’র নিজস্ব ভবনের পঞ্চম তলায় তৈরি করা হয়েছে একটি বিলাসবহুল ব্যক্তিগত আবাসন। অভিযোগ উঠেছে, ব্যাংকের অর্থ ব্যয় করে এবং বিদ্যমান নীতিমালার তোয়াক্কা না করেই এই আবাসন গড়ে তুলেছেন বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক (জিএম) স্বপন কুমার ধর। ব্যাংক সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ভবনের একটি বড় অংশজুড়ে নির্মিত এই আবাসনটি কার্যত একটি ব্যক্তিগত ‘ফ্ল্যাট’-এর আদলে সাজানো হয়েছে। সেখানে রয়েছে আধুনিক আসবাব, অভ্যন্তরীণ সংস্কার এবং ব্যক্তিগত বসবাস উপযোগী নানা সুবিধা—যার পুরো ব্যয় বহন করা হয়েছে ব্যাংকের তহবিল থেকে। ঘটনাটি সামনে আসার পর ব্যাংকিং খাতের ভেতরে ও বাইরে প্রশ্ন উঠেছে—রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংকের দাপ্তরিক অবকাঠামো কীভাবে একজন কর্মকর্তার ব্যক্তিগত ব্যবহারের জন্য রূপান্তর করা হলো? নীতিমালার বাইরে নির্মাণ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে কর্মকর্তাদের আবাসন সুবিধা নির্ধারণে সুস্পষ্ট নীতিমালা রয়েছে। সাধারণত কর্মকর্তাদের পদের ভিত্তিতে বাড়িভাতা প্রদান করা হয়। কোনো কোনো ক্ষেত্রে অনুমোদিত আবাসিক কোয়ার্টার থাকলেও, সেগুলো পূর্বনির্ধারিত নকশা ও প্রশাসনিক অনুমোদনের আওতায় পরিচালিত হয়। তবে অনুসন্ধানে জানা গেছে, বরিশালের এই ভবনের পঞ্চম তলার আবাসনটি মূল নকশার অংশ ছিল না। অভিযোগ রয়েছে, যথাযথ প্রশাসনিক অনুমোদন ছাড়াই অফিস ব্যবহারের জন্য নির্ধারিত জায়গা ব্যক্তিগত আবাসনে রূপান্তর করা হয়েছে। ব্যাংকের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এ ধরনের কাজের জন্য পরিচালনা পর্ষদ বা প্রধান কার্যালয়ের স্পষ্ট অনুমোদন প্রয়োজন। কিন্তু এখানে পুরো প্রক্রিয়াটি অস্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।” রাষ্ট্রীয় অর্থ ব্যবহারের প্রশ্ন ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, জনগণের আমানতের অর্থ দিয়ে পরিচালিত একটি রাষ্ট্রীয় ব্যাংকে এ ধরনের ব্যয় শুধু আর্থিক অনিয়ম নয়, বরং নৈতিকতার প্রশ্নও তৈরি করে। অভিযোগ অনুযায়ী, ভবনের সংস্কার, অভ্যন্তরীণ সাজসজ্জা ও আবাসন উপযোগী অবকাঠামো তৈরিতে ব্যাংকের তহবিল ব্যবহার করা হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ব্যয়ের পরিমাণ প্রকাশ করা হয়নি। একজন সাবেক ব্যাংক কর্মকর্তা বলেন, “রাষ্ট্রীয় ব্যাংকের অর্থ ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করা হলে সেটি ক্ষমতার অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের ঘটনায় অভ্যন্তরীণ নিরীক্ষা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ‘অডিট এড়িয়ে’ কাজ সম্পন্নের অভিযোগ তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সংস্কার কাজটি এমনভাবে সম্পন্ন করা হয় যাতে নিয়মিত অডিট বা তদারকিতে বিষয়টি সহজে ধরা না পড়ে। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে বা প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে পুরো কাজটি সম্পন্ন করা হয়েছে। এদিকে, গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও চাপা অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সচেতন নাগরিকদের প্রশ্ন—যেখানে খেলাপি ঋণ, ব্যাংক খাতের অনিয়ম এবং আমানতকারীদের আস্থার সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে, সেখানে রাষ্ট্রীয় ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা কীভাবে এমন বিতর্কিত সুবিধা ভোগ করতে পারেন? তদন্তের দাবি ব্যাংকিং বিশ্লেষকরা বলছেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি, যদি অনিয়ম প্রমাণিত হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আর্থিক জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন পর্যায়ের নজরে এসেছে।

নিজস্ব প্রতিবেদক মে ১৭, ২০২৬ 0
অগ্রণী ব্যাংক পিএলসি
অগ্রণী ব্যাংক ভোলা জোনে দুর্নীতির অভিযোগ: অনিয়ম ধরায় বদলি, পদোন্নতি পেলেন অভিযুক্ত কর্মকর্তা

বরিশাল অফিস :    রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক–এর বরিশাল সার্কেল ও ভোলা জোনাল অফিসে দুর্নীতি, প্রভাব খাটানো এবং অভ্যন্তরীণ সিন্ডিকেটের মাধ্যমে সৎ কর্মকর্তাদের হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ঋণ বিতরণে অনিয়ম ও জালিয়াতির তথ্য তুলে ধরার পর কয়েকজন কর্মকর্তাকে পরিকল্পিতভাবে বদলি করা হয়েছে, অন্যদিকে অভিযুক্ত কর্মকর্তাদের পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। ব্যাংকের একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র বলছে, অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিলেই বদলি, কারণ দর্শানোর নোটিশ কিংবা প্রশাসনিক চাপ এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে ভোলা জোনে। অনিয়মের তদন্তের পর বদলি ভোলা শাখার সাবেক ব্যবস্থাপক এজিএম আলমগীর হোসেনকে সম্প্রতি চট্টগ্রাম সার্কেলে বদলি করা হয়। ব্যাংক সূত্রের দাবি, তিনি দায়িত্ব পালনকালে ঋণ বিতরণে বেশ কয়েকটি অনিয়ম শনাক্ত করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল ঋণ বিভাগের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগে বলা হয়, তিনি টি-২৪ সফটওয়্যার ব্যবহার করে ১২ লাখ টাকার ব্যক্তিগত ঋণের সুদের হার শূন্য দেখিয়েছেন। পাশাপাশি ঋণ আদায়ে গাফিলতি ও আর্থিক অনিয়মের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এ বিষয়ে ব্যাখ্যা তলবের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ‘আরোহী ট্রেডার্স’ ঋণ নবায়ন ঘিরে বিতর্ক অনুসন্ধানে জানা গেছে, “মেসার্স আরোহী ট্রেডার্স” নামে একটি প্রতিষ্ঠানের ৫০ লাখ টাকার ঋণ নবায়নের আবেদন যাচাই করতে গিয়ে প্রতিষ্ঠানটির বাস্তব অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন আলমগীর হোসেন। ব্যাংক নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০১২ সালে ঋণ নেয় এবং এরপর প্রতিবছর ঋণ নবায়ন করে আসছিল। তবে সরেজমিন তদন্তে কার্যক্রমের অস্তিত্ব না পাওয়ার দাবি করেন তৎকালীন শাখা ব্যবস্থাপক। এরপর তিনি ঋণ নবায়ন প্রক্রিয়া স্থগিত করেন। সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, এই সিদ্ধান্তে একটি প্রভাবশালী চক্রের আর্থিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই আলমগীর হোসেনকে সরানোর চেষ্টা শুরু হয়। ‘ভূয়া অভিযোগ’ তৈরির অভিযোগ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, আরোহী ট্রেডার্সের মালিকের পরিবারের সদস্যদের মাধ্যমে আলমগীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করানো হয়। অভিযোগ রয়েছে, তদন্ত প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখা হয়নি এবং মাঠপর্যায়ের বাস্তবতা যাচাই ছাড়াই তাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে তাকে বদলি করা হয় চট্টগ্রাম সার্কেলে। অন্যদিকে, যেসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন বলে দাবি করা হচ্ছে, সেই জিয়াউদ্দিনকে পদোন্নতি দিয়ে একই শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পুরোনো অভিযোগও ছিল ব্যাংক সূত্র জানায়, জিয়াউদ্দিনের বিরুদ্ধে এর আগেও প্রশাসনিক তদন্ত হয়েছিল। চরফ্যাশন শাখায় দায়িত্ব পালনকালে ঋণ শ্রেণিকরণে অনিয়ম, সুদ আদায়ে অসঙ্গতি এবং বীমা খাতে অর্থ কর্তনের অভিযোগে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এছাড়া মৃত গ্রাহকের হিসাব থেকে অর্থ আত্মসাতের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগের কোনোটিতেই কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি সংশ্লিষ্টদের। ‘সৎ কর্মকর্তাদের টার্গেট করা হচ্ছে’ নাম প্রকাশ না করার শর্তে অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “এখানে চোরের শাস্তি হয় না, যারা চোর ধরিয়ে দেয় তারাই শাস্তি পায়।” তার দাবি, বরিশাল সার্কেল ও ভোলা জোনে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী প্রশাসনিক বলয় কাজ করছে, যারা নিজেদের স্বার্থে কর্মকর্তাদের পদায়ন ও বদলি নিয়ন্ত্রণ করে। সম্পদের উৎস নিয়েও প্রশ্ন জিয়াউদ্দিনের সম্পদ অর্জন নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন কর্মকর্তা। তাদের দাবি, চাকরিজীবনের তুলনায় তার সম্পদের পরিমাণ অসামঞ্জস্যপূর্ণ। অভিযোগ অনুযায়ী, তিনি ভোলা শহরের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ জমি ক্রয় করেছেন, যার আর্থিক উৎস নিয়ে ব্যাংকের ভেতরে আলোচনা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো সরকারি তদন্তের তথ্য পাওয়া যায়নি। আলমগীর হোসেন যা বললেন সাবেক শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে “কল্পিত অভিযোগ” তৈরি করা হয়েছে। তার ভাষ্য, তদন্তে আসা কর্মকর্তারা শাখার কর্মীদের চাপ দিয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে বাধ্য করেছেন। যারা রাজি হননি, তাদের বদলি ও বিভাগীয় ব্যবস্থার ভয় দেখানো হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, ব্যাংকের স্বার্থ রক্ষায় কাজ করতে গিয়ে তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরাগভাজন হন। জোনাল প্রধানের বক্তব্য অভিযোগের বিষয়ে ভোলা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম গণেশ চন্দ্র দেবনাথ বলেন, ব্যাংকের হেড অফিসের নীতিমালা অনুযায়ী বদলি ও পদোন্নতি হয়েছে। তিনি বলেন, “সবকিছু নিয়ম মেনেই হয়েছে। বিস্তারিত জানতে চাইলে সরাসরি এসে কথা বলতে হবে।”

নিজস্ব প্রতিবেদক মে ১৭, ২০২৬ 0
ইভা গ্রেফতার
বরিশালে ‘হানি ট্র্যাপ’ ও ডিজিটাল ব্ল্যাকমেইল চক্র : আইনজীবীর মামলায় ইভা গ্রেফতার

 বরিশাল অফিস :   বরিশালে সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ ও ডিজিটাল ব্ল্যাকমেইলের অভিযোগে দায়ের হওয়া এক মামলায় তাজরিন জাহান ইভা নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাটি করেছেন বরিশাল জজ কোর্টের আইনজীবী এসএম তৌহিদুর রহমান সোহেল। মঙ্গলবার (১৩ মে ২০২৬) বরিশালের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হলে আদালত সেটি আমলে নিয়ে কোতোয়ালী মডেল থানাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলাটি বর্তমানে জিআর-৩১৬/২০২৬ নম্বরে নথিভুক্ত হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কথিত সাংবাদিক পরিচয় ব্যবহার করে পরিকল্পিতভাবে মানহানি, ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের চেষ্টা চালিয়ে আসছিলেন বলে দাবি করেছেন বাদী। যাদের আসামি করা হয়েছে মামলায় প্রধান আসামি করা হয়েছে উজিরপুর উপজেলার গুঠিয়া যাত্রকাঠা বৈরকাঠি গ্রামের বাসিন্দা তাজরিন জাহান ইভাকে (৩৭)। এছাড়া বানারীপাড়া উপজেলার ডাকবাংলা রোড এলাকার সাইফুল ইসলাম (৪২), মো. আসাদ (৫৭), মো. ফিরোজ (৪৭) এবং মারিয়া বেগমকে (২৬) আসামি করা হয়েছে। এ ঘটনায় আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ‘পরিকল্পিত মানহানি ও ডিজিটাল অপপ্রচার’ মামলার এজাহারে আইনজীবী সোহেল উল্লেখ করেন, প্রধান আসামি তাজরিন জাহান ইভা ও অপর আসামি সাইফুল ইসলাম বিভিন্ন সময়ে জমিজমা সংক্রান্ত বিষয়ে তার চেম্বারে আইনি পরামর্শ নিতে যেতেন। সেই সূত্র ধরে পরিচয়ের সুযোগ নিয়ে একটি চক্র তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালায় বলে অভিযোগ করা হয়েছে। বাদীর ভাষ্য অনুযায়ী, গত ৮ ও ৯ মে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে মানহানিকর ভিডিও ও বক্তব্য প্রচার করা হয়। সেখানে তার অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত ছবি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এজাহারে আরও বলা হয়, প্রচারিত ভিডিও ও কনটেন্টে তাজরিন জাহান ইভা নিজেকে আইনজীবী সোহেলের স্ত্রী দাবি করেছেন, যা বাদীর মতে “সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত”। ‘তিন লাখ টাকা চাঁদা দাবির’ অভিযোগ বাদী আইনজীবী সোহেলের অভিযোগ, মানহানিকর কনটেন্ট সরিয়ে নিতে অনুরোধ করা হলে অভিযুক্তরা তার কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে আরও আপত্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। পরে বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানাকে জানানো হলে পুলিশ আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়। অভিযানে গ্রেফতার ইভা মামলা দায়েরের পর অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাসের নেতৃত্বে বুধবার গভীর রাতে সদর রোড এলাকা থেকে তাজরিন জাহান ইভাকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আসামিপক্ষের বক্তব্য মেলেনি অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। ডিজিটাল ব্ল্যাকমেইল ও সাইবার অপরাধের নতুন উদ্বেগ আইনজীবী ও সাইবার অপরাধ বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যক্তিগত সম্পর্ক, পরিচয় বা ভুয়া তথ্যকে কেন্দ্র করে ব্ল্যাকমেইল ও মানহানির ঘটনা দেশে বাড়ছে। বিশেষ করে অনুমতি ছাড়া ছবি ব্যবহার, বিভ্রান্তিকর ভিডিও তৈরি এবং অনলাইন চাঁদাবাজি এখন সাইবার অপরাধের নতুন মাত্রা তৈরি করেছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মামলার ডিজিটাল আলামত, ভিডিও কনটেন্টের উৎস এবং সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের তথ্য বিশ্লেষণ করে পুরো চক্র শনাক্তের চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিবেদক মে ১৫, ২০২৬ 0
বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার
পটুয়াখালীর বাউফলের নিখোঁজ চার স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার

ইত্তেহাদ নিউজ,অনলাইন : পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ। নিখোঁজ হওয়ার চার দিন পর বুধবার সন্ধ্যায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে তারা বাড়ি ছেড়েছিল। পারিবারিক অভিমান ও আবেগের বশে তারা সঙ্গে প্রায় ৮০ হাজার টাকা নিয়ে গাজীপুরে চলে যায়। পুলিশ জানায়, মৌচাক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিল চার শিক্ষার্থী। পরে তারা একটি কম্পিউটার দোকানে গিয়ে চাকরির জন্য সিভি তৈরির সহযোগিতা চায়। সেখান থেকে তাদের ব্যবহৃত ফোন নম্বরের সূত্র পায় আইনশৃঙ্খলা বাহিনী। ওসি সিরাজুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে চারজনকে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে উদ্ধার হওয়া শিক্ষার্থীদের মৌচাক পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো— সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রায়সা (১৩) ও আয়শা আক্তার (১৫)। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও পরে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চার শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধারের খবরে স্বস্তি ফিরেছে পরিবারগুলোর মধ্যে।

নিজস্ব প্রতিবেদক মে ১৪, ২০২৬ 0
কেএমসি হাসপাতাল
বরিশালে কেএমসি হাসপাতালে বিশ্ব সেবিকা দিবস উদযাপন

বরিশাল অফিস :  ১২ মে ২০২৬, মঙ্গলবার বিশ্বব্যাপী পালিত হলো আন্তর্জাতিক সেবিকা দিবস বা “নার্স ডে”। এ উপলক্ষে বরিশালের কেএমসি হসপিটাল-এ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয় এই বিশেষ দিনটি। হাসপাতালের নার্সিং স্টাফদের আন্তরিক সেবা, মানবিকতা ও পেশাদারিত্বের প্রতি সম্মান জানাতে আয়োজিত অনুষ্ঠানে ছিল আনন্দঘন পরিবেশ, শুভেচ্ছা বিনিময় এবং সম্মাননা প্রদান। সকালের শুরুতেই হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে হাসপাতালের ব্যবস্তাটনা পরিচালক,ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একজন নার্স কেবল চিকিৎসা সহকারী নন, বরং একজন রোগীর সুস্থতার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা ও সাহসের প্রতীক। রোগীর প্রতি ভালোবাসা, ধৈর্য ও নিরলস সেবার মাধ্যমে নার্সরা প্রতিদিন মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। অনুষ্ঠানে নার্সদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও দলীয় ছবি তোলার মধ্য দিয়ে দিনটির আনন্দ আরও বাড়িয়ে তোলা হয়। উপস্থিত নার্সরা জানান, এমন আয়োজন তাদের কাজের প্রতি নতুন উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। কেএমসি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন রুবেল বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নার্সদের অবদান অপরিসীম। তাদের নিষ্ঠা, মমতা ও দায়িত্ববোধের কারণেই রোগীরা সঠিক সেবা ও মানসিক সাহস পেয়ে থাকেন। তাই বিশ্ব সেবিকা দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং মানবসেবায় নিয়োজিত এই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ দিন। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে উদযাপিত এই আয়োজন হাসপাতালের সকল কর্মীদের মাঝে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও দৃঢ় করেছে। বিশ্ব সেবিকা দিবস উপলক্ষে কেএমসি হসপিটালের এই উদ্যোগ উপস্থিত সকলের কাছে হয়ে ওঠে এক স্মরণীয় ও আবেগঘন মুহূর্ত।

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0
বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলনে প্রশাসনিক অচলাবস্থা, দপ্তরে তালা

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষকদের পদোন্নতি আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পদোন্নতির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে অবস্থান কর্মসূচি পালন শেষে রেজিস্ট্রার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরে প্রশাসনিক দপ্তর, অর্থ দপ্তর, পরিকল্পনা দপ্তর, জনসংযোগ দপ্তর ও ডিনদের কার্যালয়সহ একাধিক দপ্তর তালাবদ্ধ করা হয়। এ সময় শিক্ষকদের বাধার মুখে কর্মকর্তারা নিজ নিজ কার্যালয় ত্যাগ করতে বাধ্য হন। পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের চেয়ারম্যান ও সাতজন ডিন পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করে আন্দোলনকারী শিক্ষকদের নেতৃত্বদানকারী বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাফিজ আশরাফুল হক কালের কণ্ঠকে বলেন, প্রশাসনিক দপ্তরগুলোর দায়িত্বে থাকা শিক্ষকরা ইতোমধ্যে পদত্যাগ করেছেন। সোমবার ২৫টি বিভাগের চেয়ারম্যান ও সাতজন ডিন পদত্যাগ করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক ক্লাস, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রমে অংশ নেবেন না। উপাচার্য স্বেচ্ছাচারিতা বন্ধ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। সোমবার (১১ মে) সকাল ৯টায় পদোন্নতির দাবিতে আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে প্রশাসনিক ভবন-১–এ অবস্থান নেন। এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর সকাল ১০টার দিকে শিক্ষকদের একটি অংশ রেজিস্ট্রার কার্যালয়ে যান। এ সময় তারা রেজিস্ট্রারকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় উপাচার্যের সঙ্গে অসহযোগিতা করার আহ্বান জানান। এক পর্যায়ে শিক্ষকদের চাপের মুখে রেজিস্ট্রার তার কার্যালয় ত্যাগ করেন। পরে রেজিস্ট্রার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। রেজিস্ট্রার কার্যালয়ে তালা দেওয়ার বিষয়ে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম বলেন, ‘আমরা কোনো কর্মকর্তার দপ্তরে সরাসরি তালা ঝুলাইনি। তবে আমাদের নির্দেশনায় প্রশাসনিক দপ্তরগুলো তালাবদ্ধ করা হয়েছে। কর্মচারীরা বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়েছেন, কারণ তারা এই আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেছেন। আন্দোলনকারী শিক্ষক ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. ধীমান কুমার রায় বলেন, আমরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। তাকে আমরা প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা করব না। বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালনকারী শিক্ষকরা পদত্যাগ করছেন। পদোন্নতি বোর্ড বসানোর ছয় মাস পেরিয়ে গেলেও উপাচার্য বিষয়টি ঝুলিয়ে রেখেছেন। তাই আমরা প্রশাসনিক দপ্তরগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছি। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, সব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। শিক্ষার্থীদের ক্ষতি করে এ ধরনের আন্দোলন সমীচীন নয়। কেউ আন্দোলন করলে ব্যক্তিগতভাবে কর্মবিরতি পালন করতে পারে। তবে অন্যের কাজে বাধা দেওয়া ও কাউকে কাজ থেকে বিরত রাখা সম্পূর্ণ আইনবিরোধী। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0
ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমান
ভোলা সদর পিআইওর বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে তথ্য গোপন ও অনিয়মের অভিযোগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ভোলা সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, তথ্য গোপন এবং ভুয়া প্রতিষ্ঠানের নামে সরকারি বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, টিআর (টেস্ট রিলিফ), কাবিখা ও কাবিটা প্রকল্পের আওতায় বরাদ্দকৃত বিভিন্ন কাজের তথ্য চাওয়া হলেও তিনি তা প্রকাশে গড়িমসি করছেন। এমনকি সরকারি নিয়ম অনুযায়ী ওয়েবসাইটে প্রকাশযোগ্য প্রকল্প তালিকাও দীর্ঘ সময় অনলাইনে পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা গেছে, ২০২৪–২০২৫ এবং ২০২৫–২০২৬ অর্থবছরের বাস্তবায়নাধীন ও বাস্তবায়িত টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের তালিকা জানতে গত দুই সপ্তাহ ধরে একাধিকবার ভোলা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করা হয়। কিন্তু প্রতিবারই বিভিন্ন অজুহাতে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন পিআইও জিয়াউর রহমান। সরকারি উন্নয়ন প্রকল্পের তথ্য গোপন রাখার এই প্রবণতা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে—কোন তথ্য আড়াল করতেই কি এই অনীহা? কাগজে রাস্তা সংস্কার, বাস্তবে নেই কাজের চিহ্ন অভিযোগ রয়েছে, ধনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মিলবাজার থেকে ব্যাপারী বাড়ির দরজা পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কারের জন্য সরকারি বরাদ্দ দেখানো হলেও সরেজমিনে গিয়ে কোনো ধরনের কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, কাগজে প্রকল্প থাকলেও বাস্তবে সেখানে উন্নয়নকাজ হয়নি। অথচ সরকারি নথিতে কাজ সম্পন্ন দেখানোর চেষ্টা করা হয়েছে বলে সন্দেহ করছেন তারা। অস্তিত্বহীন প্রতিষ্ঠানে চাল বরাদ্দের অভিযোগ অনুসন্ধানে আরও উঠে এসেছে, “পশ্চিম চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়” নামে একটি প্রতিষ্ঠানের অনুকূলে ০.৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেখানো হয়েছে। তবে সংশ্লিষ্ট এলাকায় সরেজমিন ঘুরে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। একইভাবে “সাহেবের চর হাফিজিয়া মহিলা মাদ্রাসা” নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারি খেজুর বরাদ্দ চেয়ে আবেদনপত্র জমা দেওয়ার তথ্য পাওয়া গেছে। স্থানীয়রা বলছেন, এ নামের কোনো কার্যকর প্রতিষ্ঠান তাদের জানা নেই। এসব ঘটনায় সরকারি বরাদ্দ বণ্টন প্রক্রিয়া এবং প্রকল্প যাচাই নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তথ্য চেয়েও পাননি সাংবাদিকরা অভিযোগ অনুযায়ী, প্রকল্পগুলোর তথ্য জানতে সাংবাদিকরা সাত দিন ধরে উপজেলা প্রকল্প অফিসে গেলেও পিআইও জিয়াউর রহমান তালিকা সরবরাহ করেননি। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান সরাসরি মুঠোফোনে তথ্য দেওয়ার নির্দেশ দেওয়ার পরও তালিকা প্রকাশ করা হয়নি। সাংবাদিকদের অভিযোগ, প্রতিদিন “আজ দেব, কাল দেব” বলে সময়ক্ষেপণ করা হয়েছে। অথচ সরকারি নীতিমালা অনুযায়ী এ ধরনের উন্নয়ন প্রকল্পের তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত থাকার কথা। ‘তথ্য গোপন মানেই দুর্নীতির ইঙ্গিত’ এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভোলা জেলা সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী বলেন, “রাষ্ট্রের উন্নয়নমূলক তথ্য জনগণের কাছ থেকে গোপন রাখার কোনো সুযোগ নেই। কেউ যদি তথ্য প্রকাশে অনীহা দেখায়, তাহলে সেখানে দুর্নীতির আশঙ্কা থেকেই যায়। দুর্নীতি না থাকলে তথ্য গোপনের প্রয়োজন পড়ে না।” তিনি আরও বলেন, যেসব সরকারি কর্মকর্তা জনগণের তথ্য জানার অধিকার বাধাগ্রস্ত করেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। অতীতেও বিতর্কে ছিলেন জিয়াউর রহমান পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এই প্রথম নয়। এর আগে বরগুনা সদর উপজেলায় কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে তথ্য গোপন এবং সাংবাদিক হেনস্তার অভিযোগ ওঠে। ২০২৪ সালের ২৪ জুলাই দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে অপরাধ বিচিত্রার মফস্বল সম্পাদক রাশেদুল ইসলামকে তথ্য না দিয়ে উল্টো হেনস্তা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সাংবাদিক রাশেদুল ইসলাম আদালতে মামলা দায়ের করেন। এছাড়া বরগুনার ঠিকাদার মনিরুজ্জামান মনির অভিযোগ করেন, পিআইও জিয়াউর রহমান তার কাছ থেকে ৪২ লাখ টাকা নিয়েছেন, যার মধ্যে ৮ লাখ টাকা চেকের মাধ্যমে দেওয়া হয়েছে। সাংবাদিকদের নাম ভাঙিয়েও টাকা নেওয়ার অভিযোগ তোলেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে পিআইও জিয়াউর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশ্নের মুখে প্রকল্প তদারকি ও স্বচ্ছতা স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে প্রকল্পের তালিকা, বরাদ্দ, বাস্তবায়ন অগ্রগতি এবং উপকারভোগীদের তথ্য জনসম্মুখে প্রকাশ বাধ্যতামূলক করা জরুরি। ভোলা সদর উপজেলার সাম্প্রতিক অভিযোগগুলো এখন প্রশাসনিক তদন্তের দাবি তুলেছে। কারণ কাগজে থাকা উন্নয়ন প্রকল্প বাস্তবে না থাকলে, তার দায় শেষ পর্যন্ত রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনাকেই প্রশ্নবিদ্ধ করে।

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0
রাজাপুর ডাকবাংলো
রাজাপুরে ডাকবাংলোয় ওসির দখলে, স্থানীয়দের ক্ষোভ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ঝালকাঠির রাজাপুরে জেলা পরিষদের ডাকবাংলো ব্যবহার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসবাস করছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে ভারত থেকে আসা ধর্মীয় মেহমানদের আবাসনের সংকট তৈরি হওয়ায় ক্ষোভ আরও বাড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল রাজাপুর থানায় যোগ দেন ওসি সুজন বিশ্বাস। যোগদানের পর তিনি থানার সরকারি বাসভবনে না উঠে জেলা পরিষদের ডাকবাংলোয় অবস্থান নেন। এর আগে রাজাপুর থানার ওসিরা সাধারণত থানার ভেতরে নির্ধারিত সরকারি ভবনেই বসবাস করতেন। অভিযোগ রয়েছে, বর্তমানে ডাকবাংলো ব্যবহারের কারণে সাধারণ মানুষের প্রবেশে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, ডাকবাংলোর প্রধান ফটকও অধিকাংশ সময় তালাবদ্ধ রাখা হচ্ছে। গত শুক্রবার ভারতের জৌনপুর থেকে তিনজন আলেম ধর্মীয় প্রচারণার উদ্দেশ্যে রাজাপুরে আসেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতি বছর তারা সরকারি নিয়ম অনুযায়ী ভাড়া পরিশোধ করে ওই ডাকবাংলোতেই অবস্থান করতেন। তবে এবার ওসির অবস্থানের কারণে সেখানে তাদের থাকার ব্যবস্থা করা সম্ভব হয়নি। একজন স্থানীয় ধর্মপ্রাণ ব্যক্তি বলেন, প্রতিবছর জৌনপুরের আলেমরা এ এলাকায় আসেন এবং সাধারণত দুই দিন ডাকবাংলোতে অবস্থান করেন। কিন্তু এবার উপযুক্ত আবাসনের ব্যবস্থা করা না যাওয়ায় স্থানীয়রা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। ডাকবাংলোর কেয়ারটেকার মো. মানিক তালুকদার জানান, ভবনটি ফাঁকা থাকায় কয়েক দিন আগে ওসি সেখানে ওঠেন। বর্তমানে প্রধান ফটক তালাবদ্ধ রাখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী বলেন, থানার ভেতরে ওসির নির্ধারিত বাসভবনে সংস্কারকাজ চলছে। কাজ শেষ হলে তিনি ডাকবাংলো ছেড়ে দেবেন। এ বিষয়ে ওসি সুজন বিশ্বাস বলেন, থানার ভেতরে ওসিদের থাকার মতো মানসম্মত ভবন বর্তমানে নেই। আগের ভবনটি পরিত্যক্ত ও বসবাসের অনুপযোগী হওয়ায় বাধ্য হয়েই তিনি ডাকবাংলোয় অবস্থান করছেন। তবে স্থানীয়দের একাংশ বলছেন, সরকারি আবাসন সংকটের সমাধান জনসাধারণের ব্যবহারের স্থাপনা দখল করে হওয়া উচিত নয়। দ্রুত ডাকবাংলোটি সবার জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন তারা।  

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0
গুপ্ত খাল।
উজিরপুরে গুপ্ত খাল মৃতপ্রায়, বোরো চাষে বাড়ছে সেচ খরচ

বরিশাল অফিস :   বরিশালের উজিরপুর উপজেলার গুপ্ত খাল পুনঃখনন না হওয়ায় এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বোরো ধান চাষে। খালে পানি না থাকায় অনেক কৃষক এখন বাণিজ্যিক সেচ ব্যবস্থার ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কেউ কেউ বোরো আবাদই বন্ধ করে দিয়েছেন। স্থানীয়দের ভাষ্য, একসময় গুপ্ত খালের দুই প্রান্ত দিয়েই সন্ধ্যা নদীর পানি প্রবাহিত হতো। সেই পানির ওপর নির্ভর করে অন্তত ২০ হেক্টর জমিতে ধানসহ বিভিন্ন ফসলের আবাদ করা হতো। তবে দীর্ঘদিন পুনঃখনন না হওয়া এবং দখলের কারণে খালটি এখন প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। কৃষকদের অভিযোগ, বর্ষা মৌসুম ছাড়া বছরের অধিকাংশ সময় খালে পর্যাপ্ত পানি থাকে না। শুষ্ক মৌসুমে খাল পুরোপুরি শুকিয়ে যায়। পাশাপাশি সন্ধ্যা নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় স্বাভাবিকভাবে খালে পানি প্রবেশও বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে নদীর মোহনায় সেচ পাম্প বসিয়ে খালে পানি তুলে জমিতে সেচ দিতে হচ্ছে কৃষকদের। এতে বোরো ধান চাষের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। স্থানীয় কৃষকদের দাবি, বাণিজ্যিক সেচ ব্যবস্থায় ২০ শতক জমিতে পানি দিতে পাম্প মালিককে তিন শতক জমির সমপরিমাণ ধান দিতে হয়। অতিরিক্ত এই ব্যয় বহন করতে না পেরে অনেক কৃষক এবার বোরো আবাদ কমিয়ে দিয়েছেন, কেউ কেউ পুরোপুরি বন্ধও করে দিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস বলেন, “শুষ্ক মৌসুমে সন্ধ্যা নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় গুপ্ত খালে পানি প্রবেশ করতে পারে না। কৃষকদের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খাল পুনঃখননের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে।” স্থানীয়দের আশা, দ্রুত খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হলে কৃষিতে সেচ সংকট কমবে এবং আবারও স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারবেন কৃষকরা।

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0
‘হোটেল নছিব’।
বরিশালে আবাসিক হোটেলে নারীর সঙ্গে সময় কাটাতে গিয়ে যুবকের মৃত্যু, আটক ৩

বরিশাল অফিস :    বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে এক নারীর সঙ্গে সময় কাটাতে গিয়ে সুজন দালাল (৩০) নামে দুই সন্তানের এক জনকের মৃত্যু হয়েছে। অতিরিক্ত মাত্রায় যৌনউত্তেজক ওষুধ সেবনের কারণে তিনি অসুস্থ হয়ে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শনিবার (৯ মে) মধ্যরাতে বন্ধু মারুফ আকনের সঙ্গে বরিশাল নগরীর চকবাজার এলাকার বিউটি রোডের ‘হোটেল নছিব’-এ যান সুজন দালাল। পরে তিনি এক নারীর সঙ্গে সময় কাটানোর জন্য একটি কক্ষে প্রবেশ করেন। কিছু সময় পর সুজন তার বন্ধু মারুফকে ফোন করে অসুস্থতার কথা জানান। পরে মারুফ তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুজন দালাল বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাল্কহেড কর্মচারী ছিলেন এবং দুই সন্তানের জনক। খবর পেয়ে রোববার (১০ মে) সকালে কোতোয়ালি মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের বন্ধু মারুফ, হোটেল ম্যানেজার জাকির এবং লিমা নামে এক নারীকে আটক করেছে পুলিশ। নিহতের বড় ভাই রুবেল দালালের অভিযোগ, সুজনকে পরিকল্পিতভাবে নেশাজাতীয় বা অতিরিক্ত মাত্রার যৌনউত্তেজক কিছু খাইয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেন, সুজনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0
বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা, উপাচার্যকে অবাঞ্ছিত শিক্ষকদের

বরিশাল অফিস :    বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান প্রশাসনিক সংকট নতুন করে তীব্র আকার ধারণ করেছে। শিক্ষকদের পদোন্নতি-সংক্রান্ত জটিলতার সমাধান না হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা। একই সঙ্গে সোমবার (১১ মে) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমসহ সামগ্রিক একাডেমিক পরিবেশ আবারও অচল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে পদোন্নতির দাবিতে গত ২০ এপ্রিল থেকে টানা ১০ দিন আন্দোলন করেন শিক্ষকরা। সেই সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যায় এবং একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ৩০ এপ্রিল বরিশালের বিভাগীয় কমিশনার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভিন্ন অনুষদের ডিনদের অংশগ্রহণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, নীতিমালা ও রীতিনীতি অনুসরণ করে সংকট সমাধানের বিষয়ে আলোচনা হয়। পরে শিক্ষকরা কর্মসূচি শিথিল করলে স্বাভাবিক কার্যক্রম ফেরার আশা দেখা দিয়েছিল। তবে আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, বৈঠকে হওয়া সমঝোতা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং উপাচার্য একক সিদ্ধান্ত গ্রহণের পথে এগিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকরা আরও উল্লেখ করেন, গত ৮ মে রাত ১০টার দিকে নোটিশ দিয়ে পরদিন সকাল ১১টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। সেখানে অধিকাংশ সিন্ডিকেট সদস্যের মতামত উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ তাদের। একই সঙ্গে চলমান সংকট নিরসনে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে দাবি করেন তারা। রোববার অনুষ্ঠিত শিক্ষকদের সাধারণ সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন এবং প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদের পদত্যাগ। শিক্ষক নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে তারা আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে গ্রহণযোগ্য পদক্ষেপ না পাওয়ায় কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং অংশীজনভিত্তিক প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। এদিকে নতুন কর্মসূচির ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, দীর্ঘমেয়াদি অচলাবস্থা তৈরি হলে সেশনজট আরও বাড়বে। দ্রুত সংকট সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0
কথিত স্বামী-স্ত্রী
বরিশালে ‘হানিট্র্যাপ’ চক্র: আটক দুইজন রিমান্ডে চেয়ে আবেদন, জড়িত থাকতে পারে আরও সদস্য

বরিশাল মহানগরীতে কথিত ‘হানিট্র্যাপ’ চক্রের মাধ্যমে এক ব্যক্তিকে ফাঁদে ফেলে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক নারীসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। মহানগর কোতয়ালী থানার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফর রহমান জানান, গত ৫ মে ইউনুছ আলী নামে এক ব্যক্তিকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর করা হয়। পরে তার কাছ থেকে নগদ ২৩ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। আহত অবস্থায় তাকে সড়কে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার পর ভিকটিম থানায় লিখিত অভিযোগ দিলে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় অভিযুক্ত নারী ও তার সঙ্গে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা নিজেদের স্বামী-স্ত্রী দাবি করলেও পুলিশের ভাষ্য, তারা একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের সদস্য হতে পারে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিভিন্ন ধরনের অসংলগ্ন তথ্য দিয়েছে। তাদের ব্যবহৃত মোবাইল ফোন, কললিস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। একই ধরনের আরও অভিযোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে আটককৃতদের দাবি, তারা একতরফাভাবে অভিযুক্ত হচ্ছেন। তাদের ভাষ্য, “যদি আমরা অপরাধী হই, তাহলে নারীলোভ দেখিয়ে যোগাযোগ করা ওই ব্যক্তিকেও আইনের আওতায় আনা উচিত।” তবে পুলিশ বলছে, কোনো ব্যক্তি অনৈতিক সম্পর্কে জড়ানোর চেষ্টা করলেও আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা ছিনতাই করার সুযোগ নেই। স্থানীয় সচেতন মহল বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সম্পর্ক ও অপরিচিত ব্যক্তির সঙ্গে গোপন সাক্ষাৎ বাড়ার কারণে এ ধরনের অপরাধও বৃদ্ধি পাচ্ছে। তাই এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাইবার নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজন হলে সংঘবদ্ধ প্রতারণা ও ছিনতাই চক্রের বিরুদ্ধে পৃথক ধারায় ব্যবস্থা নেওয়া হতে পারে।

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0
মোতাহার হোসেন আলমগীর মালতিয়া
চরফ্যাসনে বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ভোলার চরফ্যাসনে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ ও প্রভাব ব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার বিরুদ্ধে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পৌরসভা ও এডিবি অর্থায়নের বিভিন্ন প্রকল্পে প্রভাব খাটিয়ে ব্যক্তিগত সুবিধা নেওয়া, কাজ না করেই বিল উত্তোলনের চেষ্টা, মডেল মসজিদের সীমানাপ্রাচীর ক্ষতিগ্রস্ত করা এবং নিম্নমানের কাজের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। স্থানীয় সূত্র ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অবকাঠামো উন্নয়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত সিটিসিআরপি প্রকল্পের আওতায় চরফ্যাসন পৌরসভায় বিভিন্ন উন্নয়নকাজে অর্থ বরাদ্দ দেওয়া হয়। ওই প্রকল্পের একটি সড়ক উন্নয়নকাজ বন্ধ রেখে ঠিকাদারকে চাপ দিয়ে নিজের বাড়ির প্রবেশপথ ও উঠান পাকা করিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আলমগীর মালতিয়ার বিরুদ্ধে।পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভদ্রপাড়া মালতিয়াবাড়ি সড়ক ও স্টেডিয়ামসংলগ্ন সংযোগ সড়ক নির্মাণে প্রায় ৩৩ লাখ টাকা বরাদ্দ ছিল। স্থানীয়দের অভিযোগ, সড়কের কাজ অসমাপ্ত রেখেই ব্যক্তিগত কাজে ওই প্রকল্পের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। ফলে এখনো সড়ক দুটি সংস্কার না হওয়ায় দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী।পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামিম হাসান বলেন, “কাজ না করে বিল নেওয়ার সুযোগ নেই। বিএনপি নেতার বাড়ির যে অংশ পাকা করা হয়েছে, সেটির কোনো টেন্ডার হয়নি। ঠিকাদারকে চাপ প্রয়োগ করে কাজ করানো হয়েছে।” ওই কাজের ঠিকাদার কাজী মান্নান হোসেন বলেন, “স্টেডিয়ামের পেছনের সড়কের কাজের ঠিকাদার ছিলাম আমি। কিন্তু আলমগীর মালতিয়া সড়কের কাজ বন্ধ রেখে জোর করে তাঁর বাড়ির দরজা ও উঠান পাকা করিয়েছেন। এ কারণে আমি এখনো কাজের বিল পাইনি।” এলজিইডির বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় আরেকটি কাজ যথাযথভাবে সম্পন্ন না করেই বিল উত্তোলনের চেষ্টা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর চাপ প্রয়োগের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।সাবেক ইউএনও রাশনা শারমিন মিথি বলেন, “তিনি বিভিন্ন কাজ হাতিয়ে নিয়ে কাজ না করেই বিল তুলতে চেয়েছিলেন। কিন্তু আমি কোনো বিলে স্বাক্ষর করিনি। পরে কী হয়েছে, তা আমার জানা নেই।” এদিকে চরফ্যাসন মডেল মসজিদের সীমানাপ্রাচীরের গ্রিল অপসারণ করে নিজের ভবন নির্মাণের অভিযোগও রয়েছে আলমগীর মালতিয়ার বিরুদ্ধে। স্থানীয় মুসল্লিদের দাবি, এতে মসজিদের প্রাচীর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।আলমগীর মালতিয়ার ছেলে আরাফাত রহমানের বিরুদ্ধেও চরফ্যাসন মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, ঠিকাদারকে পাশ কাটিয়ে নিজেই প্রকল্পের কাজ নিয়ন্ত্রণ করেন তিনি। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর চরফ্যাসনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে আলমগীর মালতিয়া ও তাঁর অনুসারীরা বেপরোয়া হয়ে ওঠেন। দখল, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের অভিযোগে তখন এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে জাতীয় দৈনিক নয়া দিগন্তে প্রতিবেদন প্রকাশিত হলে কেন্দ্রীয় বিএনপি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রধান ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। কমিটির সদস্যরা চরফ্যাসনে সরেজমিন তদন্ত করে আলমগীর মালতিয়া ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি ও দখল বাণিজ্যের অভিযোগের সত্যতা পান বলে দলীয় সূত্র জানিয়েছে। পরে ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চরফ্যাসন উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। তবে পদ হারানোর পরও তাঁর তৎপরতা থেমে থাকেনি বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের। তাঁদের দাবি, ২০২৫ সালে চরফ্যাসনের বিভিন্ন হাটবাজারের ইজারা নিয়েও আলমগীর মালতিয়া ও তাঁর অনুসারীরা নানা অনিয়ম ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। এসব অভিযোগ নিয়েও পরে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। উপজেলা যুবদল নেতা সায়েম মালতিয়া বলেন, “১৯৯৩ সালের উপনির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়নি।” উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন বলেন, “বিএনপি কোনো নেতাকর্মীর অপকর্মের দায় নেয় না। মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বর্তমানে উপজেলা বিএনপির কেউ নন। বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকে ছাড় দেওয়া হবে না।” বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমনা আফরোজ বলেন, “আমি সদ্য এখানে যোগদান করেছি। অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0
কড়া বার্তা প্রতিমন্ত্রী নুরের
ঘুস চাইলেই ব্যবস্থা, সরকারি অফিসে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন প্রতিমন্ত্রী নুর

ইত্তেহাদ নিউজ,অনলাইন : সরকারি অফিসে ঘুস নিয়ে কড়া বার্তা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি বলেছেন, কোনো অফিসে টাকা/ঘুস দেবেন না। কোনো কর্মকর্তা বা কর্মচারী টাকা/ঘুস চাইলে তার জায়গা এখানে হবে না। শুক্রবার (৮ মে) বেলা ১১টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল ও আলিম মাদ্রাসা এবং কলেজের প্রধানরা অংশ নেন। প্রতিমন্ত্রী বলেন, ডিসি সম্মেলনে আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার, ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেছি, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। মন্ত্রী-এমপিরাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র। তাই শিক্ষকদের সম্মান ও মর্যাদার বিষয়ে প্রশাসনকে আরও সচেতন হতে হবে। তিনি আরও বলেন, আমার স্ত্রীর অভিজ্ঞতা থেকে দেখেছি, ছুটির আবেদন কিংবা বেতন উত্তোলনের মতো সাধারণ কাজেও অনেক সময় কেরানিদের টাকা দিতে হয়। এখন থেকে কোনো অফিসে টাকা দেবেন না। কেউ টাকা চাইলে অভিযোগ করবেন। যে কর্মকর্তা ঘুস চাইবে, তার জায়গা এখানে হবে না। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম।

নিজস্ব প্রতিবেদক মে ৮, ২০২৬ 0
Popular post
ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

করপোরেট ভ্যাট ফাঁকির নেটওয়ার্কে বিপুল রাজস্ব ঘাটতি, চাপ বাড়ছে সাধারণ করদাতার ওপর

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0




অপরাধ

মো. রুস্তুম গাজী (৬০)

গলাচিপায় শশুরের ধর্ষনে পুত্রবধুর গর্ভধারন, সন্তান জন্মের পর নবজাতক অপহরণ—শ্বশুরসহ ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0