ইত্তেহাদ নিউজ ডেস্ক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী এলাকার বদরপুরে শুরু হওয়া হযরত শাহ সোলেমান লেংটার মেলা বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ। প্রশাসন থেকে অনুমোদন দেওয়া হয়নি এমন অভিযোগে বুধবার (০১ এপ্রিল) বিকাল থেকে মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর আগে নির্ধারিত সময়ের একদিন আগেই সোমবার (৩০ মার্চ) থেকে মেলার কার্যক্রম শুরু হয়েছিল। মঙ্গলবার উদ্বোধনের দিনই মাদককে কেন্দ্র করে মেলায় দুই পক্ষের সংঘর্ষে মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এর মধ্যে মেলা বন্ধের আদেশ এলো। বুধবার রাতে মেলা বন্ধের তথ্য জানিয়েছেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জবীর হুসাইন সানীব। তিনি বলেন, ‘প্রশাসন থেকে মেলার কোনও অনুমোদন নেওয়া হয়নি। তাই আজকের মধ্যেই মেলার কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মেলা বন্ধের জন্য ওই এলাকায় মাইকিং করা হয়েছে। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, ‘মেলার আয়োজন করার কোনও অনুমতি প্রশাসন থেকে দেওয়া হয়নি। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেলা বন্ধের নির্দেশনা দিয়েছে। যারা দূরদূরান্ত থেকে এসেছেন তারা রাতে যেতে না পারলে কাল সকালে চলে যাবেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) ১০৭তম লেংটার ওরশ ও মেলার উদ্বোধন করা হয়। এর আগেই দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভক্ত মেলায় জড়ো হন। বেলতলী লঞ্চঘাট থেকে সাদুল্ল্যাপুর মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে মেলা বসে। অসংখ্য দোকানপাট সাজানো হয়েছে। তৈরি হয়েছে অস্থায়ী আস্তানা ও খানকা। মাজারসংলগ্ন এলাকায় চলছিল গান-বাজনা ও বিভিন্ন আয়োজন। স্থানীয়দের অভিযোগ, মেলাকে কেন্দ্র করে প্রকাশ্যেই মাদক বিক্রি ও সেবন, জুয়ার আসর এবং চাঁদাবাজি চলছে। পাশাপাশি কিছু স্থানে নারী-পুরুষের অংশগ্রহণে অশ্লীল নৃত্যসহ অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের অভিযোগও উঠেছে। এ অবস্থায় মেলায় মাদক বিক্রি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে অনুমতি না দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় চাঁদপুর জেলা জমিয়তে উলামায়ে ইসলাম নামের একটি সংগঠন। এদিকে, শাহ সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে মেলার স্থলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় মাদক সেবন ও জুয়ার অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে কয়েকজন জুয়াড়ির মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ওই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এ সময় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার মাথায় আঘাত করলে গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আনে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সিনিয়র সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভার খবর সংগ্রহ করতে গিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক কালাম তালুকদারকে রাতে গোপালগঞ্জের ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কালাম তালুকদার কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের আলো পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। তিনি রাধাগঞ্জ ইউনিয়নের শ্রীফলবাড়ি গ্রামের প্রয়াত জবেদ আলী তালুকদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক কালাম তালুকদার জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজিত স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভার খবর সংগ্রহ করতে তিনি হলরুমে যান। সভা চলাকালে কক্ষ থেকে বের হওয়ার সময় কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা এবং ধারাবাশাইল সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি হামিম বিশ্বাসসহ ১০-১২ জন তার ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং টেনে-হিঁচড়ে নিচতলায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা সাংবাদিক কালামকে উপজেলায় না যাওয়ার হুমকি দিয়ে বলেন, ‘তোরা আর সাংবাদিকতা করতে পারবি না। তোদের যেন আর কোথাও না দেখি।’ পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বারবার ফোন করা হলেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘটে যাওয়া এই ঘটনায় গোপালগঞ্জের জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন তারা। গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দখলদার ইসরায়েল যদি তাদের তেল ডিপোতে আরও হামলা চালায় তাহলে এই অঞ্চলের অন্যান্য দেশের তেল ডিপো ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালাবে তারা। গতকাল রাতে ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি তেল ডিপোতে হামলা চালায়। এরপর সেগুলো আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। সাধারণত তেহরানের সাধারণ মানুষ এসব ডিপোর তেল ব্যবহার করে থাকেন। ইসরায়েলিদের হামলার কারণে তারা জ্বালানি সংকটের শঙ্কায় পড়ে গেছেন। ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, “ইসলামিক দেশগুলোর কাছে প্রত্যাশা করছি ক্রিমিনাল আমেরিকা এবং বর্বর ইহুদিবাদী ইসরায়েলের সরকারকে এমন অমানবিক কাজের ব্যাপারে দ্রুত সম্ভব সতর্ক করবে।” “নয়ত, একই ধরনের ব্যবস্থা এ অঞ্চলেও নেওয়া হবে। আর আপনারা যদি এক ব্যারেল তেলের দাম ২০০ ডলার সহ্য করতে পারেন, তাহলে এই খেলা চলতে দিন।”
বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা অজ্ঞাত ব্যক্তিদের হামলার শিকার হয়েছেন। বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মোঃ শাহীন মিয়া (৪৫) বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল আনুমানিক ৩টা ৩৫ মিনিটের দিকে অফিস থেকে সদর রোডের দিকে রওনা দেন। অভিযোগ অনুযায়ী, নতুল্লাবাদ এলাকায় নির্মাণাধীন আইসিটি ভবনের সামনে পৌঁছালে ১০ থেকে ১২ জন ব্যক্তি তাকে রাস্তায় ফেলে মারধর করে। ভুক্তভোগী মোঃ শাহীন মিয়া জানান, হামলাকারীরা তাকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে থাকে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়েছে। এক পর্যায়ে তিনি হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তারা তার মাথা ও নাকে ঘুষি মেরে তাকে রক্তাক্ত করে। ভয়ে তিনি দৌড়ে ফিরে বরিশাল শিক্ষা বোর্ডের ভেতরে আশ্রয় নেন। শাহীন মিয়া জানিয়েছেন, হামলাকারীদের তিনি পূর্বে চিনতেন না, তবে সামনে দেখলে তাদের শনাক্ত করতে পারবেন। এই হামলার কারণে বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আতঙ্কিত। ঘটনার পর প্রশাসনিক স্তরে নিরাপত্তা বৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার কর্মকর্তা জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, শিক্ষাক্ষেত্রে সহিংসতা কোনওভাবে গ্রহণযোগ্য নয়। এমন ঘটনার ফলে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসের পরিবেশে নিরাপত্তাহীনতা দেখা দেয়। মোঃ শাহীন মিয়ার উপর হামলার ঘটনায় স্থানীয় প্রশাসনের পদক্ষেপের দিকে সকলের নজর রয়েছে। নিবিড় তদন্তের জন্য এয়ারপোর্ট থানা একটি পৃথক টিম গঠন করেছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করার কাজ চলছে। শাহীন মিয়া আরও জানান, তিনি চাইছেন দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং কর্মচারীরা নিরাপদভাবে তাদের দায়িত্ব পালন করতে চাইছেন। এই ঘটনার ফলে বরিশালে শিক্ষাক্ষেত্রে নিরাপত্তা ও সরকারি কর্মকর্তাদের সুরক্ষার গুরুত্ব আবারও সামনে এসেছে। স্থানীয় প্রশাসনও এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছে। এ ঘটনায় জনসাধারণও ক্ষুব্ধ এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি করছেন। বিশেষ করে বরিশাল শহরের নতুল্লাবাদ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শাহীন মিয়ার এই হামলার ঘটনা আন্তর্জাতিক বাংলা অনলাইন নিউজ সাইট এবং স্থানীয় সংবাদ মাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি কর্মকর্তাদের ওপর সহিংসতার ঘটনা শীতলমনে অগ্রাহ্য করা যাবে না, এ ধরনের ঘটনার প্রতিকার দ্রুত এবং কার্যকর হওয়া উচিত। বর্তমানে এয়ারপোর্ট থানার কর্মকর্তারা মামলার যথাযথ তদন্ত চালাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছিল। স্থানীয় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে। শাহীন মিয়া আহত হলেও বর্তমানে চিকিৎসা গ্রহণ করছেন। তার পরিবার ও সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন এবং হামলাকারীদের শনাক্ত ও শাস্তির জন্য পুলিশের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছে, শিক্ষাক্ষেত্রে সহিংসতা ও দমনপীড়ন কোনওভাবেই সহ্যযোগ্য নয়। ভবিষ্যতে কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও জোরদার ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মোঃ শাহীন মিয়ার ওপর হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের হয়েছে, হামলাকারীদের শনাক্ত ও শাস্তির প্রক্রিয়া চলছে। স্থানীয় জনগণ ও শিক্ষাক্ষেত্র সংশ্লিষ্টরা দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সোচ্চার।
কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আমেরিকান সেনার সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। গত রোববার (১ মার্চ) এই হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তিন সৈন্য নিহতের খবর জানিয়েছিল। তবে মঙ্গলবার (৩ মার্চ) কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, মৃতের সংখ্যা দ্বিগুণ হয়েছে। পরবর্তী তিনজনের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে মারা যান। বাকি দুইজনের মরদেহ ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে জানান, কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো একটি মার্কিন বাঙ্কারে সরাসরি আঘাত হানে। ওই সময় মার্কিন বাহিনীর পাল্টা হামলা পরিচালনা করার প্রস্তুতির মধ্যেই এই হতাহতের ঘটনা ঘটে। তিনি আরও জানান, ইরানি এই হামলায় কুয়েতের বায়ানে অবস্থিত মার্কিন দূতাবাসও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হতাহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। এদিকে এই হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।মার্কিন প্রশাসন এই ঘটনার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন। এ ঘটনায় বাংলাদেশ সরকার দুঃখ প্রকাশ করেছে। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে। বিবৃতিতে উল্লেখ করা হয়, আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ আন্তরিক সমবেদনা জানায়।বাংলাদেশ বিশ্বাস করে সংঘাত কোনো সমাধান আনে না এবং কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যই বিরোধের সমাধান করতে পারে।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলার মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় হলো দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড। তবে, এই হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত হন। এই হামলা ঘটে তার নিজ বাসভবনে, যেখানে তিনি একান্তে ছিলেন। ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই হত্যাকাণ্ডটি ইরানের শীর্ষস্থানীয় ব্যক্তিদের ওপর পরিচালিত চলমান হামলার একটি অংশ হিসেবে দেখানো হচ্ছে। মাহমুদ আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কট্টরপন্থী বক্তব্যের জন্য পরিচিত ছিলেন এবং পশ্চিমাদের প্রতি কঠোর অবস্থান নিয়েছিলেন। বিশেষত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলের মধ্যে ব্যাপক নজরদারি ছিল, এবং তার নেতৃত্বে ইরান এই বিতর্কের কেন্দ্রে ছিল। ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক তৈরি হয়, যা ইরানজুড়ে গণবিক্ষোভের জন্ম দেয়। এই ঘটনাগুলো তার প্রেসিডেন্সি আমলের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। এই হামলাগুলোকে ইরানে একটি বড় রাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে, এবং এর ফলে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির সরকারের প্রতিক্রিয়া কেমন হবে, তা এখন দেখার বিষয়। এই হামলার মাধ্যমে ইরানের শীর্ষ রাজনৈতিক নেতাদের ওপর আক্রমণ চালানো অব্যাহত রাখা হলে, আন্তর্জাতিক রাজনীতি ও শান্তি প্রতিষ্ঠায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে জাতিসংঘ এবং ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এই হামলাকে ‘বিপজ্জনক উস্কানি’ হিসেবে অভিহিত করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। কানেকটিকাটের মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মারকি ট্রাম্প প্রশাসনের এই সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই হামলা চালানো হয়েছে, যা পুরোপুরি ‘অবৈধ ও অসাংবিধানিক’। এটি সব আমেরিকান নাগরিকের জন্য বিপদের কারণ। ট্রাম্পের অবৈধ পদক্ষেপ ইরানের সঙ্গে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে, যা মার্কিন সেনা এবং সাধারণ মানুষের জন্য গুরুতর হুমকি। তিনি বলেন, ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক হুমকির কথা বাড়িয়ে বলছেন, অথচ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না। এই হামলার আগে কূটনৈতিক সমাধানের সুযোগ ছিল এবং এখনও রয়েছে। ট্রাম্প যদি এখনই এই যুদ্ধ বন্ধ না করেন, কংগ্রেসকে পদক্ষেপ নিতে হবে। ইরানের সঙ্গে আর কোনো যুদ্ধ হবে না। পরমাণু কেন্দ্রে হামলা করা যাবে না: রাশিয়া রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’ জানিয়েছে, তারা ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের সন্তানদের সরিয়ে নিয়েছে। এটি রাশিয়ার সাহায্যে নির্মিত ইরানের একমাত্র কার্যকরী পারমাণবিক কেন্দ্র। সংস্থাটির সিইও আলেক্সি লিখাচেভ বলেন, কোনো পরিস্থিতিতেই পারমাণবিক স্থাপনাগুলোকে আক্রমণ করা যাবে না। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এই হামলাকে ‘অপ্ররোচিত’ বলে নিন্দা জানিয়েছেন। বিশ্বজুড়ে উদ্বেগ : নেতাদের প্রতিক্রিয়া পেদ্রো সানচেজ ও ইমানুয়েল ম্যাক্রোঁ: স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘একতরফা’ সামরিক পদক্ষেপ প্রত্যাখান করেছেন। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একে ‘বিপজ্জনক উত্তেজনা’ অভিহিত করে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছেন। ওমান: মধ্যস্থতাকারী দেশ ওমান এই সংঘাতের ভয়াবহতা নিয়ে সতর্কবার্তা দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। জাতিসংঘ: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বোমা ও মিসাইল কোনো সমস্যার সমাধান হতে পারে না; এটি কেবল মৃত্যু আর ধ্বংসই ডেকে আনে। অনড় অবস্থানে ইরান এদিকে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি সূত্র জানিয়েছে, ইসরায়েল এবং এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর ওপর ইরানের আক্রমণ ‘অব্যাহত’ থাকবে। সার্বিকভাবে, ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরবর্তী এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী ও ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ১৯৮৯ সাল থেকে দেশটি শাসন করছেন, বর্তমানে ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হচ্ছেন। ৮৬ বছর বয়সী এই শিয়া ইসলামি নেতা সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি বিমান হামলার লক্ষ্যবস্তু হন। যদিও খামেনি তেহরানে ছিলেন না এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে, তবুও এই হামলা ইরানের আঞ্চলিক শক্তি এবং পারমাণবিক কার্যক্রমের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। গত কয়েক দশক ধরে খামেনি উপসাগরীয় অঞ্চলে সুন্নি মুসলিম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন এবং পারমাণবিক প্রযুক্তি উন্নয়ন করেছেন। এই কর্মকাণ্ডগুলি পার্শ্ববর্তী দেশগুলির জন্য এক ধরনের আতঙ্কের সৃষ্টি করেছে। ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক এখন উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে ৭ অক্টোবর হামাসের হামলা পরবর্তী সময়ে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এর আগে, জুন মাসে বেশ কয়েকজন রেভল্যুশনারি গার্ড কমান্ডারের প্রাণহানির পর খামেনি আত্মগোপনে চলে গিয়েছিলেন। ইরান সরকারের বিরুদ্ধে গত জানুয়ারিতে দেশজুড়ে বিক্ষোভ হয়েছিল, যা কঠোরভাবে দমন করা হয়েছিল এবং হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। ইরান সরকারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা দেশটিকে একটি বড় সংকটের দিকে ঠেলে দিয়েছে। ২০২৫ সালের জুনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার ফলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তা শনিবার সকালে তেহরানসহ একাধিক শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা চললেও, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পর্কে নিশ্চিত করা হয়েছে যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার কোনো ক্ষতি হয়নি। এই হামলার পর শহরগুলোর আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতির চরম উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। বিশ্ব রাজনীতিতে ইরানের ভূমিকা এই হামলা শুধু ইরান নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি জটিল করে তুলবে। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান দীর্ঘদিন ধরেই একটি শক্তিশালী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র হিসেবে পরিচিত। তার নেতৃত্বের পরবর্তীকালে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও কঠিন হতে পারে, এবং সামরিকভাবে তেহরানকে মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক শক্তিগুলি আরও পদক্ষেপ নিতে পারে। ইরানের উপর এই হামলা, দেশের রাজনৈতিক সংকট এবং আঞ্চলিক প্রভাবের উপর গভীর প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে। বিশ্বের নজর এখন ইরানের পরিস্থিতির দিকে। বিশেষত, আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা এবং তার শাসন ব্যবস্থার ভবিষ্যত কেমন হবে, তা সময়ই বলে দেবে।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের (বাংলাদেশ ব্যাংক) গভর্নর পদে আহসান এইচ মনসুরকে সরানোর প্রক্রিয়ার সময় তার উপদেষ্টা ও কয়েকজন কর্মকর্তাকে ‘মব’ বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে বের করার অভিযোগ উঠেছে। ঘটনা সূত্রপাত হয় মনসুরের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কর্মকর্তাদের অসন্তোষ এবং প্রতিবাদ সভার মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকে পরিস্থিতি গভর্নর থাকার সময় মনসুরের সিদ্ধান্তে ক্ষুব্ধ কয়েকজন কর্মকর্তার সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তৎকালীন গভর্নর তিনজন কর্মকর্তাকে বদলির নোটিশ দেন। অভিযোগ, প্রতিবাদ সভার একপর্যায়ে ওই কর্মকর্তারা মনসুরের পিএস ও অন্য দুই কর্মকর্তাকে জোর করে অফিস থেকে বের করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ধাক্কা, বাঁধা, অশ্লীল ভাষার মাধ্যমে কর্মকর্তাদের বের করা হয়েছে। পরে নতুন গভর্নর নিয়োগের পর তিন কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহার করা হয়। সাবেক গভর্নরের পিএস কামরুল ইসলামকে হেড অফিস থেকে সদরঘাট শাখায় বদলি করা হয়েছে। বরিশালে আদালতে বিশৃঙ্খলা বরিশাল জেলা আদালতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের জামিন দেয়ায় হট্টগোল এবং আদালতের এজলাসে ঢুকে ভাঙচুর ও বিক্ষোভের অভিযোগ ওঠে। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি বিএনপিপন্থী আইনজীবী সাদিকুর রহমান লিংকনসহ একাধিক আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। লিংকনকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। হাইকোর্টও ওই ঘটনায় মামলার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে এবং ১১ মার্চ শুনানির জন্য নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টে হামলা ও ভাঙচুর বরিশালের ঘটনায় মানববন্ধন পালনকারী আওয়ামীপন্থী আইনজীবীদের কক্ষে হামলা চালানো হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ২০-২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। যদিও বিএনপি সমর্থিত আইনজীবী নেতা অভিযোগ অস্বীকার করেছেন। বাসসেও অস্থিরতা নতুন সরকারের শপথের পর ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসে অস্থিরতা দেখা দেয়। ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদকে সরানোর অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে, কর্মকর্তারা মব সৃষ্টি করে তাকে সরানো হয়। বিশ্লেষক ও মানবাধিকার কর্মীদের মন্তব্য অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, “মবের ক্ষেত্রে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করলে সরকার এটি নিয়ন্ত্রণ করতে পারবে।” মানবাধিকার কর্মী সাইদুর রহমান উল্লেখ করেন, “বাংলাদেশ ব্যাংক, বরিশাল আদালত, সুপ্রিম কোর্টে আইনজীবীদের কক্ষে হামলা—সবই মবের অন্যরূপ।” তিনি বলেন, রাজনৈতিক দলের সরকারকে মব প্রতিরোধে সতর্ক ও আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। বরিশালের ঘটনায় আইন প্রয়োগের উদাহরণ অন্য ক্ষেত্রেও অনুসরণীয়। মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি একটি ক্রমবর্ধমান সমস্যা হিসেবে বাংলাদেশে দেখা যাচ্ছে। বিশেষ করে রাজনৈতিক সরকারের সময়ে এই ধরনের ঘটনার বৃদ্ধি এবং আইনের দ্রুত প্রয়োগে তা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। বর্তমান সরকারের সদিচ্ছা ও আইনগত পদক্ষেপই মব নিয়ন্ত্রণে মূল চাবিকাঠি বলে বিশ্লেষকরা মনে করছেন।
বরিশাল অফিস: বরিশাল বিআরটিসি ডিপোতে বহিরাগতদের চাঁদাবাজি করতে গিয়ে হামলা লুটপাটের অভিযোগ। অতর্কিত হামলায় ডিপোর একজন সুপারভাইজার আহত হয়েছে।এ ঘটনায় আতংকে রয়েছে বিআরটিসির কর্মকর্তা ও কর্মচারীরা। বিআরটিসি ডিপো ও যাত্রী সুত্রে জানা গেছে,২০২৪ সালের ৫ আগষ্ট থেকে একদল চাঁদাবাজ সন্ত্রাসীরা বিআরটিসি ডিপো দখলের পায়তারা করে আসছিল। তাদের দাবি ডিপো থেকে বিআরটিসির বাস বের হলেই চাঁদাবাজদের নির্দিষ্টহারে চাঁদা দিতে হবে।ডিপো ম্যানেজার শক্ত অবস্থানে থাকায় চাঁদাবাজদের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। ১২ ফেব্রুয়ারী বিএনপি তিনশত আসনের ২১২ টা আসন পেয়ে সরকার গঠন করেছে। এখন বিএনপির নাম ভাঙ্গিয়ে ১৬ ফেব্রুয়ারী'২৬ তারিখ বেলা দুটার দিকে লেবার সর্দার মোতালেব মোল্লা, বিআরটিসির চালক হাফিজ,ফিসারী রোডের রাব্বিসহ সাত -আটজনের একটি সন্ত্রাসী দল অতর্কিত হামলা করে বিআরটিসি ডিপোতে কর্মরতদের । হামলায় আহত হয়েছে বিআরটিসির সুপারভাইজার মিরাজ।এ সময় তার নিকট থেকে চাঁদাবাজরা টাকা হাতিয়েও নিয়ে যায়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সুত্র জানায়,লেবার সর্দার ও তার পুত্র বিআরটিসির চালক হাফিজের নেতৃত্বে একটি বড় সিন্ডিকেট নৈরাজ্য করে আসছিল ফ্যাসিস্ট শেখ হাসিনামলে।২০২৪ সালের ৫ আগস্টের পরে কোনঠাসা হয়ে পরে।সুযোগবুঝে বিএনপির নাম ভাঙ্গিয়ে তারা বিআরটিসি ডিপো দখলে নেয়ার জন্য গত সোমবার বাপ-পুত্রের নেতৃত্বে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের সমর্থকদের বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।হান্নান মাসউদের দুজন সমর্থক জানান, বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ স্লোগান দিয়ে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কায়দায় এই হামলা চালায়। তারা একাধিক বাড়িতে ভাঙচুর, লুটপাট চালায় এবং ভয়ভীতি দেখায়। এ ঘটনায় আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। একাধিক নেতাকে ফোন করা হলেও কেউ রিসিভ করেননি। হামলার ঘটনার বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, হাতিয়ার সব জায়গায় নৌবাহিনী সদস্যরা টহল দিচ্ছেন। বিষয়টি নৌবাহিনী এবং পুলিশকে জানানো হয়েছে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।