ইত্তেহাদ নিউজ,অনলাইন : যশোর-বেনাপোল সীমান্তজুড়ে কয়েক বছর ধরে গড়ে উঠেছে স্বর্ণ চোরাচালান, হুন্ডি ও মাদক পাচারকেন্দ্রিক একটি শক্তিশালী অপরাধ চক্র। স্থানীয় রাজনৈতিক প্রভাব, সীমান্ত রুট নিয়ন্ত্রণ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এই চক্র এখন নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি একটি প্রাইভেট কার থেকে তিন কেজির বেশি স্বর্ণ উদ্ধার হওয়ার ঘটনায় সেই নেটওয়ার্কের কার্যক্রম আবারও সামনে চলে এসেছে। এই ঘটনার পর মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশ ও সীমান্ত গোয়েন্দা সংস্থাগুলো। তদন্ত-সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, সীমান্তজুড়ে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা একটি সংঘবদ্ধ চক্রের আর্থিক ও রাজনৈতিক প্রভাব খতিয়ে দেখা হচ্ছে। যাদের নাম উঠে আসছে গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের দাবি, এই চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ ওরফে ‘গোল্ড শহীদ’ এবং বেনাপোলের কথিত স্বর্ণ কারবারি ‘গোল্ড নাসির’-এর নাম উঠে এসেছে। এ ছাড়া সাম্প্রতিক স্বর্ণ উদ্ধারের ঘটনায় মাগুরা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোলের নামও তদন্তে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যদিও অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। রাজনৈতিক সূত্রগুলো বলছে, কেন্দ্রীয় যুবদল ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা মিললে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে। সীমান্তের রুট ও সিন্ডিকেটের বিস্তার গোয়েন্দা সূত্রগুলোর দাবি, ২০২৪ থেকে ২০২৬ সময়কালে বেনাপোলের পুটখালী, দৌলতপুর, ঘিবা, গোগা ও সাদিপুর সীমান্ত ব্যবহার করে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা বলছেন, আগে যেসব রুট স্থানীয় যুবলীগ-সংশ্লিষ্ট সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত, বর্তমানে সেখানে নতুন প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য তৈরি হয়েছে। একই সঙ্গে হুন্ডি ও মাদক পাচারের অভিযোগও তদন্তের আওতায় এসেছে। ভোররাতের অভিযান: গাড়ির হেডরেস্টে লুকানো স্বর্ণ গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেট কারে অভিযান চালায়। বিজিবির ভাষ্য অনুযায়ী, গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন তিন কেজির বেশি। এ সময় পাঁচটি মোবাইল ফোন, নগদ টাকা এবং ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়। অভিযানে আটক হন শার্শার রাজনগর গ্রামের রনি, চৌগাছার উত্তর কয়ারপাড়ার আব্দুল গনি এবং কোতোয়ালির বাগডাঙ্গা এলাকার ইসরাইল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে তা সীমান্ত পথে ভারতে নেওয়া হচ্ছিল। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। দুদকের অনুসন্ধান দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন, সীমান্তকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান ও সংশ্লিষ্ট আর্থিক অপরাধের অভিযোগ তদন্তাধীন রয়েছে। দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযোগ পাওয়ার পর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং চক্রের কয়েকজন সদস্যকে নজরদারিতে রাখা হয়েছে। রাজনৈতিক অস্বস্তি ও সাংগঠনিক চাপ যুবদলের কেন্দ্রীয় পর্যায়ের এক নেতা বিবিসি বাংলাকে বলেন, “দল কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে সমর্থন করে না। অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” তদন্ত কমিটির প্রধান শাহ নাসির উদ্দিন রুমানও জানিয়েছেন, প্রমাণ মিললে কেন্দ্রীয় কমিটি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। আনসারুল হক রানা প্রকাশিত প্রতিবেদনকে “ষড়যন্ত্রমূলক” দাবি করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। সীমান্তজুড়ে আতঙ্ক ও প্রশ্ন স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে একটি ‘অদৃশ্য প্রভাববলয়’ তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক পরিচয়, অর্থের প্রভাব এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নিয়ন্ত্রণ বজায় রাখা হয়। বিশ্লেষকরা বলছেন, সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার শুধু অর্থনৈতিক অপরাধ নয়; এর সঙ্গে যুক্ত থাকে অবৈধ অর্থপাচার, আন্তঃদেশীয় নেটওয়ার্ক এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগও। ফলে চলমান তদন্ত কতদূর এগোয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল অবকাঠামো প্রকল্পগুলোর একটি—রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দেশের জ্বালানি নিরাপত্তার প্রতীক হিসেবে উপস্থাপিত এই মেগা প্রকল্পের আবাসন খাত ‘গ্রিন সিটি’ এখন দুর্নীতির অভিযোগে বারবার আলোচনায়। সরকারি নিরীক্ষা, গণমাধ্যমের অনুসন্ধান এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে এসেছে অস্বাভাবিক ব্যয়, প্রশ্নবিদ্ধ ক্রয়প্রক্রিয়া এবং অতিরিক্ত বিলের বিস্ময়কর তথ্য। আর এসব অভিযোগের কেন্দ্রে ঘুরেফিরে এসেছে সাবেক প্রকল্প পরিচালক মো. শওকত আকবরের নাম। বিশ্লেষকদের মতে, প্রকল্পের প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্তের কেন্দ্রে থাকা একজন প্রকল্প পরিচালকের অগোচরে এমন ব্যয়ের অসঙ্গতি দীর্ঘ সময় ধরে চলা প্রায় অসম্ভব। ড্রেসিং টেবিলে ‘অস্বাভাবিক’ ব্যয় মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) প্রতিবেদনে উঠে এসেছে, বাজারমূল্য প্রায় ৩০ হাজার ৫০০ টাকা এমন একটি ড্রেসিং টেবিল সরকারি নথিতে সর্বোচ্চ ৫ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত দেখানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে মোট ১ হাজার ৩৪২টি ড্রেসিং টেবিল কেনায় অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে প্রায় ৩ কোটি ৩৩ লাখ টাকা। সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে একই ধরনের পণ্যের দামে বিশাল পার্থক্য নিয়ে। কোথাও একটি ড্রেসিং টেবিলের দাম দেখানো হয়েছে ৫৫ হাজার টাকা, কোথাও ১ লাখ ৪৭ হাজার টাকা, আবার কোথাও সাড়ে পাঁচ লাখ টাকা। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, এমন ব্যয়ের অনুমোদন প্রকল্প পরিচালকের দপ্তরের বাইরে সম্ভব নয়। কারণ ক্রয় অনুমোদন, বিল যাচাই এবং অর্থ ছাড়—সবই শেষ পর্যন্ত প্রকল্প পরিচালকের প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে সম্পন্ন হয়। ‘বালিশ কাণ্ড’ যেভাবে প্রতীকে পরিণত হয় রূপপুর প্রকল্প নিয়ে জনমনে সবচেয়ে বেশি আলোড়ন তোলে তথাকথিত ‘বালিশ কাণ্ড’। সিএজির অনুসন্ধানে দেখা যায়, একটি বালিশ কেনা ও বহনের জন্য সর্বোচ্চ ৮৯ হাজার ৯০০ টাকা পর্যন্ত ব্যয় দেখানো হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং এটি সরকারি প্রকল্পে দুর্নীতির প্রতীকে পরিণত হয়। পরে একে একে সামনে আসে বিছানার চাদর, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম কেনায় অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ। সমালোচকদের মতে, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং একটি বৃহৎ আর্থিক অনিয়মের ধারাবাহিক অংশ। ঠিকাদারি সিন্ডিকেটের অভিযোগ সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, গ্রিন সিটি প্রকল্পে আসবাবপত্র কেনাকাটার পুরো প্রক্রিয়াই ছিল অস্বচ্ছ। অভিযোগ রয়েছে, বাজার যাচাই ছাড়াই নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে অতিরিক্ত ব্যয় দেখানো হয়। তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে কাজ বণ্টন এবং পরে অতিরিক্ত বিল উত্তোলনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। সিএজির প্রতিবেদনে সাজিন কনস্ট্রাকশন লিমিটেড ও মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৩৩ লাখ টাকা অতিরিক্ত উত্তোলনের অভিযোগ আনা হয়েছে। প্রশ্নের মুখে প্রকল্প পরিচালকের ভূমিকা রূপপুর প্রকল্পে একের পর এক অনিয়মের সময় প্রকল্প পরিচালক ছিলেন মো. শওকত আকবর। প্রশাসনিক কাঠামো অনুযায়ী, প্রকল্পের ব্যয় যৌক্তিক ও নিয়মসম্মত কি না তা নিশ্চিত করার দায়িত্ব ছিল তাঁর দপ্তরের। কিন্তু বাস্তবে দেখা গেছে, তাঁর দায়িত্বকালেই বালিশ, ড্রেসিং টেবিলসহ বিভিন্ন খাতে অস্বাভাবিক ব্যয়ের তথ্য সামনে এসেছে। গণমাধ্যমে এসব অভিযোগ প্রকাশের পরও দীর্ঘ সময় দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে প্রশ্ন উঠেছে—উচ্চপর্যায়ের প্রশাসনিক সুরক্ষা ছাড়া এত বড় আর্থিক অনিয়ম কীভাবে সম্ভব হয়েছিল? যদিও অভিযোগের বিষয়ে মো. শওকত আকবরের পক্ষ থেকে বিস্তারিত প্রকাশ্য ব্যাখ্যা পাওয়া যায়নি, তবে সংশ্লিষ্ট অনেকেই মনে করেন, প্রকল্পের প্রধান নির্বাহী হিসেবে দায় এড়ানোর সুযোগ তাঁর নেই। দুদকের তদন্ত ও জিজ্ঞাসাবাদ দুদক সূত্রে জানা গেছে, রূপপুর প্রকল্পের বিভিন্ন অনিয়ম নিয়ে একাধিক অনুসন্ধান চলছে। বালিশ-কাণ্ডসহ বিভিন্ন অভিযোগে গণপূর্ত বিভাগের ২৯ জন প্রকৌশলীকে তলব করা হয়েছে। প্রকল্প পরিচালকসহ কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানা গেছে। তদন্তসংশ্লিষ্টদের অভিযোগ, অতিরিক্ত ব্যয় দেখিয়ে শত শত কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তবে সমালোচকদের প্রশ্ন—এত নিরীক্ষা প্রতিবেদন ও অনুসন্ধান সত্ত্বেও মূল সিদ্ধান্ত গ্রহণকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর ব্যবস্থা কেন দেখা যাচ্ছে না? বিদেশ সফর ও বিলাসী ব্যয়ের অভিযোগ শুধু আসবাবপত্র নয়, বিদেশ সফর ও আবাসন ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ায় কর্মকর্তাদের জন্য বাসা ভাড়া দেখানো হলেও তাঁরা অবস্থান করেছেন বিলাসবহুল হোটেলে। এতে সরকারের কোটি কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব সময়েও প্রকল্পের প্রশাসনিক নেতৃত্বে ছিলেন মো. শওকত আকবর। বৃহত্তর প্রশ্ন: কতটা নিরাপদ মেগা প্রকল্পের অর্থ? সুশাসন বিশ্লেষকদের মতে, রূপপুর প্রকল্পের ঘটনাগুলো বাংলাদেশের উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনার গভীর দুর্বলতা প্রকাশ করেছে। তাঁদের যুক্তি, যদি একটি প্রকল্পে বালিশ, ড্রেসিং টেবিল ও আসবাব কেনাতেই কোটি কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়, তাহলে মূল অবকাঠামোগত কাজগুলোতে কী পরিমাণ অর্থ অপচয় বা আত্মসাৎ হয়েছে—সেটি নিয়েও জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হবে। এদিকে বিভিন্ন গণমাধ্যম ও আদালতে করা আবেদনে রূপপুর প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে। এমনকি ৫০০ কোটি ডলার পর্যন্ত অর্থ লোপাটের অভিযোগ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়েরের ঘটনাও আলোচনায় এসেছে। জবাবদিহির প্রশ্ন এখনো অমীমাংসিত রূপপুর প্রকল্পে অনিয়মের ঘটনায় কয়েকজন নিম্নপদস্থ কর্মকর্তা ও প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও, বড় সিদ্ধান্ত গ্রহণকারীদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা এখনো স্পষ্ট নয়। দুর্নীতিবিরোধী সংগঠনগুলোর মতে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগে পরিচালিত একটি প্রকল্পে যদি অনিয়মের অভিযোগের পরও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতের মেগা প্রকল্পগুলোও একই ঝুঁকিতে পড়বে। বর্তমানে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলমান থাকলেও জনমনে সবচেয়ে বড় প্রশ্নটি রয়ে গেছে—এত অভিযোগ, এত নিরীক্ষা প্রতিবেদন এবং এত তথ্য প্রকাশের পরও কেন মূল দায়িত্বশীলদের বিরুদ্ধে দৃশ্যমান বিচার দেখা যাচ্ছে না? আর সেই প্রশ্নের কেন্দ্রে সবচেয়ে বেশি উচ্চারিত নাম—মো. শওকত আকবর।
▪️বেতন ভাতা বকেয়ার কারনে কর্মকর্তা ও কর্মচারীদের কর্ম বিরতি। ▪️সিওও শাহেদ উদ্দিনকে ধাওয়া ও অবরুদ্ধ, মুচলেকা, অবশেষে উদ্ধার করলো প্রশাসন। ▪️ব্যাগ ফ্যাক্টরী বন্ধ, * সিমেন্টের অগ্রীম বিল দেয়া ডিলার, রিটেইলার, করপোরেট ক্রেতারা ক্ষুব্ধ ও হতাশ। বিস্তারিত জানতে চোখ রাখুন ইত্তেহাদ নিউজে..... ইত্তেহাদ নিউজ,অনলাইন : কীর্তনখোলার কোল ঘেষে ২০০২ সালে নির্মিত হয়েছিল খানসন্স গ্রুপের অলিম্পিক সিমেন্ট লিমিটেডের এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরী।পাঁচটি ব্রান্ডের সিমেন্ট তৈরী হতো এখানে। দিন রাত মেশিনের শব্দে জাগ্রত ছিল শতভাগ সফল হওয়া এ্যাংকর সিমেন্ট ফ্যক্টরী। তিন মাসের বেতন বকেয়া, উৎপাদন কার্যত বন্ধ বর্তমানে বেতন ও ঈদুল ফিতরের বেতন বোনাসসহ তিন মাসের বেতন বকেয়া। অথচ ঈদুল আজহা আসন্ন। অতিরিক্ত কাজের সম্মানীও বকেয়ারফলে এ্যাংকর সিমেন্ট ফ্যক্টরীতে কর্মকর্তা ও কর্মচারীদের কর্ম বিরতির কারনে ফ্যাক্টরীর স্বাভাবিক কর্ম বন্ধ। যার কারনে সিমেন্ট উৎপাদন বন্ধ রয়েছে। ‘৮০ হাজার মেট্রিক টন ক্লিংকার উধাও’: ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকি: এ্যাংকর সিমেন্ট ফ্যক্টরীতে স্টক রেজিষ্টারে ৮০ হাজার মেট্রিক টন ক্লিংকার জমা থাকলেও বাস্তবে কোথাও নেই এই ক্লিংকারের হিসেব।এ্যাংকর সিমেন্ট লিমিটেডের ভ্যাট কর্মকর্তা মোস্তফা জানান,ক্লিংকার যা ছিল তা দিয়ে সিমেন্ট তৈরী করা হয়েছে। এ্যাংকর সিমেন্ট এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,৮০ হাজার মেট্রিক টন ক্লিংকার দিয়ে প্রায় ২৬ লাখ ৬৫ হাজার ৬৬৭ ব্যাগ সিমেন্ট তৈরী করে ডুপ্লিকেট মুসক চালানের মাধ্যমে বিক্রি করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছে শুধু ক্লিংকার থেকে প্রায় ২০ কোটি টাকা এছাড়া লাইমস্টোন, জিপসাম, স্লাগ ও ফ্লাই এ্যাশ থেকে আরো ২০ কোটি টাকাসহ মোট ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের বিরুদ্ধে। এ ব্যাপারে বরিশালের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সুপারিনটেনডেন্ট সাজ্জাদুল আলম বলেন,আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করবো। সুত্র জানিয়েছে, ভ্যাট বিভাগে মাসে এক লাখ থেকে দেড় লাখ টাকা দিয়ে ম্যানেজ করা হচ্ছে ভ্যাট ফাঁকির বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য। যে কারনে বন্ধ হতে যাচ্ছে এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরী : অর্থপাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান এ্যাংকর সিমেন্ট বানানোর উপাদান ক্লিংকার, লাইমস্টোন, স্লাগ,জিপসাম আমদানীর নামে ব্যাংকে এলসি ভ্যালু বাড়িয়ে আন্ডার ইন ভয়েসের মাধ্যমে ও হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করে দুবাইতে ব্যবসায়িক প্রতিষ্ঠান,ও ডুপ্লেক্স বাড়ি, যুক্তরাজ্যে ডুপ্লেক্স বাড়ি ও ফ্লাট, আমেরিকায় বাড়ি ক্রয় করেছেন। দুদকের এক কর্মকর্তা জানান, কিভাবে দুবাই, আমেরিকা ও লন্ডনে দোকান বাড়ি ও ফ্লাট ক্রয় করেছেন তার হিসেব জানতে চাওয়া হয়েছে। কোন প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে বিদেশে অর্থ গেল। কত টাকা বৈধ ভাবে এবং কত টাকা অবৈধভাপে পাচার করা হয়েছে তার অনসন্ধান করে দুদক প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছে যে তারা অবৈধ ভাবে টাকা পাচার করেছে।ফলে দুদক ইতিমধ্যে নোটিশ প্রদান করেছে। লুটপাট ও অর্থপাচারের কারনের ফলে অর্থাভাবের কারনে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা বন্ধ ও সিমেন্ট তৈরীর প্রধান উপাদানগুলো ক্রয়ে ব্যর্থ হওয়ার কারন ও ব্যাংকের ঋন ও পাওনাদারদের দেনা পরিশোধে ব্যর্থতার কারনে বর্তমানে ব্যাগ ও সিমেন্ট ফ্যাক্টরী বন্ধ রয়েছে বর্তমানে। যে কারনে কর্মবিরতী: শ্রমিক বিক্ষোভে অবরুদ্ধ সিওও সিওও শাহেদ উদ্দিনকে ধাওয়া ও অবরুদ্ধ,মুচলেকা, অবশেষে উদ্ধার করলো প্রশাসন----- পহেলা মে এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষ মে দিবসে শ্রমিকদের সম্মানে বলেছিল "মহান মে দিবস, শ্রমিকদের প্রতি অটুট থাকুক শ্রদ্ধা আর ভালোবাসা " অথচ এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের শ্রমিকদের প্রতি নেই কেন শ্রদ্ধা ও ভালোবাসা। মে মাসেও তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হয়নি। শ্রমিকরা বাধ্য হয়ে ১০ মে বিকেলে এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরীতে সিওও শাহেদ উদ্দিনকে ধাওয়া দেয়। অবস্থা বেগতিক দেখে তিনি দৌড়ে ফ্যাক্টরীর ভিতরে থাকা অফিসে আশ্রয় নেন। শ্রমিকরা অফিস গেটে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন।পরে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করেন। এসময় কর্তৃপক্ষের পক্ষে শাহেদ উদ্দিন বেতন ভাতা আগামী ২০ মে এর মধ্যে পরিশোধ করার মুচলেকা প্রদান করলে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে অলিম্পিক সিমেন্ট লিমিটেড কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম বলেন,আমরা বেতন-ভাতা আদায়ের জন্য শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। তিনি মুচলেকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বেতন -ভাতা না দেয়া পর্যন্ত আমাদের কর্মবিরতী অব্যাহত থাকবে। অলিম্পিক ফাইবার লি. এর ব্যাগ ফ্যাক্টরী বন্ধ: অনিশ্চয়তায় শ্রমিকেরা অলিম্পিক ফাইবার লি. এর ব্যাগ ফ্যাক্টরী বন্ধ রয়েছে এপ্রিল মাসের ২০ তারিখ থেকে।ব্যাগ ফ্যাক্টরী সম্পর্কে কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম বলেন, ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছিল। পুনরায় ২০ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তিনি বলেন, এখন ব্যাগ ফ্যাক্টরী বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরীও।গতকাল ১০/১২ বছর ধরে কাজ করা অসহায় মহিলা কর্মচারীরা কান্নায় ভেড্গে পরেন তাদের পাওনা দাওনার কি হবে? অগ্রীম বিল দেয়া ডিলার, রিটেইলার, করপোরেট ক্রেতারা ক্ষুব্ধ:পালিয়ে বেড়াচ্ছেন সিএমও ইমাম ফারুকী এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরী ও ব্যাগ ফ্যাক্টরী বন্ধ থাকার ফলে সিমেন্ট উৎপাদন বন্ধ রয়েছে ফলে বিপাকে পড়েছেন সিমেন্টের অগ্রীম বিল দেয়া ডিলার,রিটেইলার,করপোরেট ক্রেতারা। তারা ক্ষুব্ধ ও হতাশ। এদিকে ডিলার,রিটেইলার,করপোরেট ক্রেতাদের সিমেন্ট দিতে ব্যর্থ হওয়ায় পালিয়ে বেড়াচ্ছেন সিএমও ইমাম ফারুকী। এ ব্যাপারে ইমাম ফারুকীকে কল করা হলেও তিনি রিসিভ করেন নি। ব্যবস্থাপনা পরিচালকের পিএস নিলুফা ইয়াসমিন নিলা কমিশনের টাকা বাগিয়ে নেয়ার স্বেচ্চাচারিতায় সকল ডিলার ও রিটেইলারদের বঞ্চিত করে তার ভাই রাসেলকে এককভাবে সিমেন্ট সরবরাহের কারনে অন্যরা বঞ্চিত সিমেন্ট পাওয়া থেকে।ফলে ডিলার, রিটেইলার,করপোরেট ক্রেতারা হতাশ ও ক্ষুব্ধ।ফলশ্রুতিতে ডিলার, রিটেইলাররা অন্য সিমেন্ট কোম্পানীর প্রতি আকৃষ্ট হয়েছে।মুখ ফিরিয়ে নিয়েছে এ্যাংকর সিমেন্ট থেকে। ফলে এ্যাংকর সিমেন্টের মার্কেটে বিশাল ধ্বস নেমেছে। মান নিয়েও প্রশ্ন এ্যাংকর সিমেন্ট প্রতিষ্ঠার পরে সিমেন্টের সর্বোচ্চ মান, সঠিক ওজন, সাশ্রয়ী মূল্য, দ্রুত পরিবহন, বিক্রোয়ত্তর সেবা সবকিছু নিয়ে ক্রেতার আস্থা অর্জন করলেও এখন আস্থা সম্পুর্ন বিপরীতমুখী। এ্যাংকর সিমেন্ট কমানো হয়েছে প্রধান উপাদান ক্লিংকার।একই ভাবে কম দেয়া হচ্ছে লাইমস্টোন,স্লাগ,জিপসাম।ফ্লাই এ্যাশের পরিমান বাড়ানোর ফলে কমে গেছে এ্যাংকর সিমেন্টের গুনগতমান। আগামী পর্বে থাকছে ------ ▪️অযোগ্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ নেপথ্যে করপোরেটে নিলা ও ফ্যক্টরীতে শাহেদ উদ্দিন। ▪️ধ্বংসের দ্বার প্রান্তে অলিম্পিক সিমেন্ট, অলিম্পিক ফাইবার,অলিম্পিক শিপিং লাইনস লিমিটেড। ▪️সহায় -সম্পত্তি জামানতের চেয়ে ব্যাংক ঋন পরিমান কত?। ▪️কোম্পানী ধ্বংসের কারিগর এমডি,ডিরেক্টর,এমডির পিস,ডিরেক্টরের পিএস,সিওও,সিএমও,ভ্যাট কর্মকর্তাসহ একাধিক কর্মকর্তা। ▪️অলিম্পিক সিমেন্ট লিমিটেড থেকে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ টাকার পাহাড় গড়েছেন ব্যবস্থাপনা পরিচালকের পিএস নিলুফা ,পরিচালকের পিএস জুয়েল ইসলাম,মার্কেটিং প্রধান ইমাম ফারুকী,সেলস মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান,ভ্যাট ব্যবস্থাপক মোস্তফা ও রিয়াজসহ একাধিক কর্মকর্তারা। এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থাপনা পরিচালককে অর্থ আত্মসাতে সহায়তাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করেছেন। বিস্তারিত জানতে চোখ রাখুন ইত্তেহাদ নিউজে.....
ইত্তেহাদ নিউজ,অনলাইন : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর মূসক বাস্তবায়ন, সেবা ও পণ্য শাখার এক প্রথম সচিব পদমর্যাদার কর্মকর্তা রুহুল আমিনকে ঘিরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তার আয়ের সঙ্গে দৃশ্যমান সম্পদের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে কাস্টমস-সংশ্লিষ্ট বিভিন্ন সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে তিনি প্রভাব খাটিয়ে অবৈধ সুবিধা দিয়েছেন। এর ফলে রাষ্ট্রীয় রাজস্বের বড় অঙ্কের ক্ষতি হয়েছে এবং সেই প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। সূত্রের দাবি অনুযায়ী, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়কালে তিনি এসব অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত হন। সম্পদ অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, তার ঘোষিত আয় ও সরকারি বেতনের সঙ্গে বাস্তব সম্পদের মধ্যে অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তার ও পরিবারের নামে একাধিক স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, রাজধানীর একটি অভিজাত এলাকায় তার নামে একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকার উপকণ্ঠে জমি ক্রয় এবং উত্তরাঞ্চলের একটি জেলায় একাধিক জমির মালিকানার নথি পাওয়া গেছে, যা বিভিন্ন সময়ে রেজিস্ট্রি করা হয়েছে। শুধু নিজের নামেই নয়, তার স্ত্রীর নামেও জমি থাকার তথ্য উঠে এসেছে। ঢাকার আশপাশের এলাকায় কয়েক শতাংশ জমি এবং উত্তরাঞ্চলে বড় আকারের জমি তার স্ত্রীর নামে নথিভুক্ত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় স্বামী-স্ত্রীর যৌথ নামে প্রায় ১৪ শতক জমির দুটি প্লটে শেয়ার কেনার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি তার ব্যবহৃত বিলাসবহুল ব্যক্তিগত গাড়ির তথ্যও সামনে এসেছে। এনবিআরের একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানিয়েছেন, কিছু সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষে প্রভাব খাটিয়ে রাজস্ব ফাঁকির সুযোগ তৈরি করা হয়েছিল। এর বিনিময়ে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগও রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা মনে করছেন, অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং এনবিআরের অভ্যন্তরীণ তদন্ত শাখার সক্রিয় ভূমিকা জরুরি। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আয়-ব্যয়ের অসামঞ্জস্য পাওয়া গেলে বিদ্যমান আইন অনুযায়ী তদন্তের সুযোগ রয়েছে।
বরিশাল অফিস : বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প, আইটি অবকাঠামো এবং প্রশাসনিক ব্যয়ের খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি অনুসন্ধান প্রতিবেদনে অন্তত ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শেষে প্রায় ১০ জনের বিরুদ্ধে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেলের নাম। তাঁর বিরুদ্ধে একাধিক প্রকল্পে আর্থিক অনিয়ম, অতিরিক্ত বিল উত্তোলন, টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব খাটানো এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানের মাধ্যমে সিটি করপোরেশনের কাজ নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। দুদক এখনো কোনো মামলা দায়ের করেনি এবং অনুসন্ধান প্রতিবেদন কেন্দ্রীয় কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন দায়িত্ব গ্রহনের পরই সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষনা দিয়েছেন।তিনি বিসিসিতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করার জন্য সোচ্চার রয়েছেন। দুদকের অনুসন্ধান: কীভাবে শুরু হলো তদন্ত দুদক সূত্রে জানা যায়, বরিশাল সিটি করপোরেশনের কয়েকটি উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়ার পর ২০২৫ সালের মাঝামাঝি সময়ে একটি প্রাথমিক অনুসন্ধান শুরু হয়। তদন্তের আওতায় আনা হয় আইটি প্রকল্প, সিসিটিভি ক্যামেরা স্থাপন, ডিজিটাল ট্রেড লাইসেন্স ব্যবস্থা এবং বিভিন্ন প্রচার-প্রচারণা ব্যয়। অনুসন্ধানের অংশ হিসেবে ২০২৫ সালের ৯ ও ১০ জুলাই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের সম্পদের বিবরণ, প্রকল্পের ব্যয়ের হিসাব এবং অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়। আরও পড়ুন: বিসিসির জনসংযোগ কর্মকর্তা রোমেল চাকুরির আড়ালে ঠিকাদারও দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “প্রাথমিক পর্যায়ে অনিয়ম পাওয়া গেছে। বিশেষ করে আইটি ও ডিজিটাল প্রকল্পগুলোর ব্যয় ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।” তবে তিনি উল্লেখ করেন যে, অনুসন্ধান এটি কেবলমাত্র পরবর্তী আইনি পদক্ষেপের ভিত্তি তৈরি করে। অভিযোগের কেন্দ্রে কে আহসান উদ্দিন রোমেল? বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল দীর্ঘদিন ধরে প্রশাসনিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে জানা যায়। অভিযোগপত্র ও একাধিক সূত্রের দাবি অনুযায়ী, তিনি একই সঙ্গে আইটি সংশ্লিষ্ট কিছু দায়িত্বে প্রভাব বিস্তার করেছেন এবং কিছু প্রকল্পে ব্যক্তিগতভাবে সম্পৃক্ত থেকেছেন। অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— * সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রকল্পে প্রকৃত কাজের তুলনায় অতিরিক্ত বিল দেখানো * অনলাইন ট্রেড লাইসেন্স ব্যবস্থায় অনিয়ম ও বিলম্ব * বিভিন্ন আইটি প্রকল্পে বাজেট বৃদ্ধির মাধ্যমে অতিরিক্ত ব্যয় দেখানো * ব্যক্তিগত আইটি প্রতিষ্ঠান পিপলো বিডি দিয়ে ব্যবহার করে প্রকল্পে প্রভাব বিস্তার * সরকারি প্রচারণা ও বিজ্ঞাপন ব্যয়ে অতিরিক্ত অর্থ উত্তোলন এসব অভিযোগ বিভিন্ন অভিযোগকারী ও অভ্যন্তরীণ নথির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে বলে জানা যায়। আইটি প্রকল্প নিয়ে সবচেয়ে গুরুতর অভিযোগ অভিযোগপত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সিটি করপোরেশনের ডিজিটালাইজেশন প্রকল্পগুলোকে। সূত্রের দাবি অনুযায়ী, অনলাইন ট্রেড লাইসেন্স ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হলেও প্রকল্পটি পুরোপুরি কার্যকর হয়নি বা মাঝপথে ব্যাহত হয়েছে। অভিযোগ রয়েছে, এই প্রকল্পের প্রযুক্তিগত বাস্তবায়নে যে প্রতিষ্ঠানগুলো যুক্ত ছিল, তাদের কাজের বিল ও দায়িত্ব বণ্টন নিয়ে অনিয়ম হয়েছে। একটি অভিযোগে বলা হয়, একটি স্থানীয় আইটি প্রতিষ্ঠান প্রকল্পের কাজ সম্পন্ন করলেও যথাযথ বিল না পাওয়ার অভিযোগ করেছে। অন্যদিকে, পরবর্তীতে সেই প্রকল্পে ভিন্ন প্রতিষ্ঠানকে যুক্ত করে পুনরায় বাজেট প্রস্তাব করা হয় বলে দাবি করা হয়। একাধিক সূত্রের দাবি, প্রকল্পের বাস্তব ব্যয় এবং প্রস্তাবিত বাজেটের মধ্যে বড় ধরনের পার্থক্য ছিল। যেখানে বিশেষজ্ঞদের মতে কিছু কাজ তুলনামূলক কম খরচে সম্পন্ন করা সম্ভব ছিল, সেখানে কয়েক কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়। সিসিটিভি প্রকল্প: অতিরিক্ত ব্যয়ের অভিযোগ সিটি করপোরেশনের সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রকল্পেও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগপত্র অনুযায়ী, প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক ক্যামেরা দেখিয়ে অতিরিক্ত বিল তোলা হয়েছে এবং প্রকৃত বাজারমূল্যের চেয়ে বেশি খরচ দেখানো হয়েছে। একটি সূত্রের দাবি, প্রকল্পের কাজের পরিমাণ এবং বিলের মধ্যে অসামঞ্জস্য ছিল। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো মূল্যায়ন বা যাচাই প্রতিবেদন প্রকাশ করা হয়নি। ব্যক্তিগত প্রতিষ্ঠান ব্যবহারের অভিযোগ অভিযোগপত্রে বলা হয়েছে, আহসান উদ্দিন রোমেলের একটি ব্যক্তিগত আইটি প্রতিষ্ঠান রয়েছে, যার মাধ্যমে তিনি সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্পে পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ অনুযায়ী, কিছু প্রকল্পে ঠিকাদার নির্বাচন, বিল অনুমোদন এবং কাজের তদারকিতে ব্যক্তিগত প্রভাব খাটানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আদালতের রায় বা প্রশাসনিক সিদ্ধান্ত এখনো পাওয়া যায়নি। প্রচার-প্রচারণা ও বিজ্ঞাপন ব্যয় নিয়ে প্রশ্ন অভিযোগপত্রে আরও বলা হয়, সিটি করপোরেশনের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম—যেমন ব্যানার, ফেস্টুন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা—এসব খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করা হয়েছে। কিছু ক্ষেত্রে বাস্তব কাজের তুলনায় কয়েকগুণ বেশি বিল দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়, নির্দিষ্ট একটি প্রচারণা কাজে প্রকৃত ব্যয়ের তুলনায় অতিরিক্ত অর্থ উত্তোলন করা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে স্বতন্ত্র আর্থিক নিরীক্ষা প্রতিবেদন প্রকাশিত হয়নি। অভ্যন্তরীণ প্রশাসনিক দ্বন্দ্বের ইঙ্গিত সূত্রগুলো বলছে, বিসিসির অভ্যন্তরে কিছু প্রকল্প ও বিল অনুমোদন প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক দ্বন্দ্ব ছিল। কিছু প্রকল্পে একাধিক পক্ষের সম্পৃক্ততা এবং সিদ্ধান্ত গ্রহণে সমন্বয়হীনতা দেখা গেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। একটি সূত্র দাবি করে, কিছু ক্ষেত্রে প্রকল্প অনুমোদন ও বিল আটকে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে, যা পরবর্তীতে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সমাধান হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। রাজনৈতিক পরিবর্তনের প্রভাব সূত্রগুলো আরও জানায়, প্রশাসনিক ও রাজনৈতিক পরিবর্তনের ফলে কিছু প্রকল্প স্থগিত এবং পরে পুনরায় সক্রিয় করার চেষ্টা হয়েছে। এতে প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় ধারাবাহিকতা নষ্ট হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব বিষয় রাজনৈতিক বিশ্লেষণের অংশ এবং এর সঙ্গে সরাসরি দুর্নীতির প্রমাণ সম্পর্কিত নয় বলে বিশেষজ্ঞরা মনে করেন। ছাত্র আন্দোলন ও জনমতের চাপ বরিশালে সম্প্রতি কিছু ছাত্র ও নাগরিক সংগঠন দুর্নীতির অভিযোগে দাবি তুলেছে। তাদের প্রধান দাবি—অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা। একজন আন্দোলনকারী বলেন, “আমরা চাই স্বচ্ছ তদন্ত হোক। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের জবাবদিহির আওতায় আনা হোক।” তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দুদকের পরবর্তী পদক্ষেপ কী? দুদক সূত্র বলছে, অনুসন্ধান প্রতিবেদন এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কমিশন অনুমোদন দিলে মামলা দায়ের হবে। অভিযুক্তদের অবস্থান ও প্রতিক্রিয়া এই প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে আহসান উদ্দিন রোমেল বা সংশ্লিষ্ট অন্যদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সাধারণত এ ধরনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা তদন্ত চলাকালে মন্তব্য থেকে বিরত থাকেন । অভিযোগ বনাম প্রমাণ দুর্নীতি বিষয়ক বিশেষজ্ঞদের মতে, অনুসন্ধান প্রতিবেদন এবং অভিযোগপত্র প্রাথমিক পর্যায়ের তথ্য হিসেবে গণ্য হয়। এগুলোকে আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করতে হলে পূর্ণাঙ্গ তদন্ত, অডিট রিপোর্ট এবং সাক্ষ্য-প্রমাণ প্রয়োজন। একজন প্রশাসনিক বিশ্লেষক বলেন, “সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রায়ই ওঠে, কিন্তু সব অভিযোগ প্রমাণিত হয় না। তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিচারিক প্রক্রিয়া অপরিহার্য।” বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্প ঘিরে যে অভিযোগগুলো উঠেছে, তা এখনো তদন্তাধীন পর্যায়ে রয়েছে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান প্রতিবেদন এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি চূড়ান্ত রায় নয়। আহসান উদ্দিন রোমেলসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হবে কি না, তা নির্ভর করছে পরবর্তী আইনি তদন্ত, সাক্ষ্য-প্রমাণ এবং বিচারিক প্রক্রিয়ার ওপর। ততক্ষণ পর্যন্ত এসব অভিযোগকে “অভিযোগ” হিসেবেই বিবেচনা করা হচ্ছে—যার সত্যতা বা অসত্যতা নির্ধারণের দায়িত্ব এখন আইনি প্রক্রিয়ার হাতে।
ইত্তেহাদ নিউজ,অনলাইন : ঢাকার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে ফরিদা খানমের সাম্প্রতিক নিয়োগকে ঘিরে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। নিয়োগ প্রক্রিয়া, অতীত কর্মকাল এবং দ্রুত দায়িত্ব গ্রহণ—সব মিলিয়ে এ ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। সরকারি সূত্রগুলো বলছে, এটি নিয়মিত প্রশাসনিক পদায়ন। তবে একাধিক প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক মহল এবং বিভিন্ন সূত্রের দাবি—এই নিয়োগ ঘিরে প্রভাব, চাপ এবং প্রক্রিয়াগত ব্যতিক্রম রয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রশাসন ক্যাডারের বর্তমান সময়ের আলোচিত দুর্নীতিবাজ এই নারী কর্মকর্তাকে ঢাকার ডিসি পদে নিয়োগে প্রভাব খাটিয়েছে ওই একই সিন্ডিকেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এ সংক্রান্ত সঠিক তথ্য তুলে ধরা হয়নি। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে রাজি করানো হয়েছে। এর নেপথ্যে রয়েছে সিন্ডিকেটের ৩০ কোটি টাকার লেনদেন। সিন্ডিকেটে রয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর পিএস মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী। এছাড়া বহুল আলোচিত ও ‘সুপার পাওয়ারফুল’ বলে পরিচিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তো রয়েছেনই। এই সিন্ডিকেটেরই একজনের আপন মেয়ের জামাই, জুডিশিয়াল ক্যাডারের সদস্য, বর্তমানে যিনি আইন মন্ত্রণালয়ে উপসচিব পদে আছেন- তাঁর মাধ্যমেই এই টাকার লেনদেন হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। দ্রুত প্রজ্ঞাপন ও দায়িত্ব গ্রহণ: প্রশাসনে অস্বাভাবিকতা? সূত্রের দাবি অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির কয়েক ঘণ্টার মধ্যেই ফরিদা খানম ঢাকার ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাধারণভাবে জেলা প্রশাসক পর্যায়ের পদায়নে দায়িত্ব হস্তান্তরের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়। তবে এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি বলে কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, প্রজ্ঞাপন জারির পরই দ্রুত দায়িত্ব গ্রহণ প্রশাসনিক রীতির মধ্যে অস্বাভাবিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। চট্টগ্রামের দায়িত্বকাল: অভিযোগের কেন্দ্রে ফরিদা খানমের পূর্ববর্তী কর্মস্থল চট্টগ্রাম জেলা প্রশাসন। সেখানে দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে— খাস জমি ব্যবস্থাপনায় অনিয়ম বালুমহাল ইজারা সংক্রান্ত সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব সরকারি তহবিল ব্যবহারে অপব্যবহার প্রশাসনিক ক্ষমতার অপপ্রয়োগ তবে এসব অভিযোগের কোনোটি এখনো আদালত বা চূড়ান্ত তদন্তে প্রমাণিত হয়নি। দুদকের অনুসন্ধান: প্রাথমিক পর্যায়ের তদন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা যায়, ফরিদা খানমের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছিল। দুদকের একজন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট দপ্তর থেকে নথিপত্র চেয়েছেন বলে জানা গেছে। অনুসন্ধানের আওতায় বিভিন্ন প্রশাসনিক রেকর্ড ও সিদ্ধান্ত পর্যালোচনা করা হচ্ছে। তবে দুদকের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। ‘প্রভাবশালী গোষ্ঠী’র সম্পৃক্ততার অভিযোগ কিছু সূত্র দাবি করছে, এই নিয়োগের পেছনে একটি প্রভাবশালী প্রশাসনিক ও রাজনৈতিক গোষ্ঠীর ভূমিকা থাকতে পারে। এমনকি আর্থিক লেনদেনের অভিযোগও কিছু মহল থেকে তোলা হয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া ও বিভক্ত অবস্থান নিয়োগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু মহল এটিকে প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখলেও অন্যদিকে সমালোচকরা বলছেন, অভিযোগ থাকা সত্ত্বেও এ ধরনের পদায়ন প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। রাজনৈতিক সূত্রগুলো বলছে, এ ঘটনায় সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও আলোচনা তৈরি হয়েছে। ফরিদা খানমের অতীত কর্মজীবন নিয়ে বিতর্ক সূত্র ও পূর্ববর্তী কিছু গণমাধ্যম প্রতিবেদনে দাবি করা হয়, ফরিদা খানম বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালনকালে একাধিকবার বিতর্কের মুখে পড়েন। তবে একই সঙ্গে তার সমর্থকরা দাবি করেন, তিনি দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন একজন কর্মকর্তা। প্রশাসনের নীরবতা ও অনুত্তরিত প্রশ্ন এই নিয়োগ ও সংশ্লিষ্ট অভিযোগগুলো নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রশাসনিক মহলের ভেতরে প্রশ্ন উঠছে— কেন এত দ্রুত দায়িত্ব গ্রহণ সম্ভব হলো? অভিযোগ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা কেন আসেনি? সিদ্ধান্ত গ্রহণে কোনো বিশেষ চাপ বা প্রভাব ছিল কি না? ঢাকার জেলা প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োগকে ঘিরে ওঠা এই বিতর্ক এখনো চলমান। অভিযোগ, পাল্টা দাবি এবং প্রশাসনিক নীরবতা—সব মিলিয়ে বিষয়টি আরও স্পষ্ট ব্যাখ্যা ও স্বচ্ছতার দাবি রাখে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এই প্রতিবেদনটি বিভিন্ন সূত্রের দাবি ও অভিযোগের ভিত্তিতে তৈরি। সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কর্মরত এলজিইডির উপজেলা প্রকৌশলী ইকবাল কবিরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ আবারও জোরালোভাবে সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, তার পূর্ববর্তী কর্মস্থল ঝালকাঠির নলছিটিতে যে ধরনের অনিয়মের অভিযোগ উঠেছিল, তারই পুনরাবৃত্তি ঘটছে বর্তমান কর্মস্থলেও। জানায়, নলছিটি উপজেলায় দায়িত্ব পালনকালে ইকবাল কবির প্রভাবশালী রাজনৈতিক মহলের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে একটি ঠিকাদার সিন্ডিকেট গড়ে তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে। সে সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিম্নমানের কাজ, অনিয়ম এবং কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। এমনকি ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঝালকাঠিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানিতে মামুনুর রশীদ নোমানীর দেয়া অভিযোগ প্রমানিত হওয়ায় দুদক ইকবাল কবিরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।বর্তমানে দুদকের অনুসন্ধান চলমান। এদিকে বিভিন্ন অভিযোগের কারনে নলছিটি থেকে স্টান্ড রিলিজ করে হাজীগঞ্জ উপজেলায় পাঠানো হয় ইকবাল কবিরকে। ২০২৫ সালের ৫ অক্টোবর হাজীগঞ্জে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠতে থাকে। স্থানীয়দের দাবি, এখানেও কিছু ঠিকাদারের সঙ্গে সখ্য গড়ে তুলে উন্নয়ন প্রকল্পে অনিয়মের সুযোগ করে দিচ্ছেন তিনি। বিনিময়ে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগও উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার জানান, “নির্মাণকাজ পেতে হলে নির্দিষ্ট সমঝোতা করতে হয়। অন্যথায় কাজ পাওয়া কিংবা বিল উত্তোলন করা কঠিন হয়ে পড়ে।” গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে হাজিগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলি গ্রামে একটি সড়ক নির্মাণ কাজকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ধীরগতির কাজের প্রতিবাদে তারা প্রকৌশলী ইকবাল কবির ও সংশ্লিষ্ট ঠিকাদার নূরনবীকে ঘেরাও করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রকৌশলী বাথরুমে আশ্রয় নেন। কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা উন্নয়ন চাই, কিন্তু নিম্নমানের কাজ মেনে নেব না। বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না।” অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রকৌশলী ইকবাল কবিরের বক্তব্য পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি এবং খুদে বার্তারও জবাব দেননি। দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নলছিটিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান। তবে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। হাজীগঞ্জে নতুন করে ওঠা অভিযোগ লিখিতভাবে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এতসব অভিযোগের মাঝেও সম্প্রতি ইকবাল কবির পদোন্নতি পেয়েছেন বলে জানা গেছে। তবে ‘জুন ক্লোজিং’ শেষ না হওয়া পর্যন্ত তিনি হাজীগঞ্জেই দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এলাকাবাসীর দাবি, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তাদের ভাষ্য, একই ব্যক্তির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠলেও ব্যবস্থা না নিলে জনআস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বরিশাল অফিস : মাদারীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বেতনের তুলনায় বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র ও একাধিক অভিযোগে বলা হচ্ছে, মো. সহিদুর রহমান নামের ওই কর্মকর্তা বেতনভিত্তিক আয়ের বাইরে বরিশালে প্রায় ১৫ কোটি টাকার বেশি সম্পদের মালিক হয়েছেন—যার উৎস নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—বরিশাল শিক্ষা প্রকৌশলে থাকাকালীন সময় টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব খাটানো, অতিরিক্ত ব্যয় প্রাক্কলন তৈরি, বিল ছাড়ের ক্ষেত্রে কমিশন গ্রহণ এবং প্রকৌশলীদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়। এসব পদ্ধতিকে কাজে লাগিয়েই তিনি দীর্ঘ সময় ধরে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। শহর ও গ্রামে সম্পদের বিস্তার অনুসন্ধানে পাওয়া তথ্যে বলা হচ্ছে, বরিশাল নগরীর সার্কুলার রোডে তার নামে একটি পাঁচতলা ভবন রয়েছে। এছাড়া বিএম স্কুল রোড এলাকায় ট্রাফিক অফিসের বিপরীতে আরও একটি বহুতল ভবনের মালিকানাও তার সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। শুধু নগরেই নয়, তার গ্রামের বাড়ি গৌরনদী উপজেলায়ও রয়েছে বিপুল পরিমাণ জমি ও স্থাপনা। স্থানীয় সূত্রগুলো বলছে, এসব সম্পদের একটি অংশ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের নামে বা বেনামি মালিকানায় রাখা হয়েছে। এছাড়া ব্যাংকে মোটা অঙ্কের এফডিআর ও নগদ অর্থ জমা থাকার কথাও জানা গেছে, যদিও এর বৈধ উৎস সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বলে অভিযোগকারীদের দাবি। টেন্ডার ও কমিশন বাণিজ্যের অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশলে থাকাকালীন সময়ে বরিশালের একাধিক ঠিকাদারের অভিযোগ অনুযায়ী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে দরপত্র প্রক্রিয়া প্রভাবিত করে নির্দিষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া হতো। এর বিনিময়ে মোটা অঙ্কের কমিশন আদায়ের অভিযোগও রয়েছে। বিশেষ করে বাবুগঞ্জ ও আগৈলঝাড়ায় দুটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) প্রকল্পে প্রায় ৩২ কোটি টাকার কাজ ৭ শতাংশ কমিশনের বিনিময়ে “বিক্রি করা হয়েছে” বলে অভিযোগ করেছেন কয়েকজন ঠিকাদার। তাদের দাবি, অনেক ক্ষেত্রে কাজ বণ্টনের পর তা আবার অন্য ঠিকাদারের কাছে উচ্চ কমিশনে হস্তান্তর করা হতো, যা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পরিচালিত হয়েছে। দপ্তরের অভ্যন্তরীণ অভিযোগ বরিশাল বরিশাল শিক্ষা প্রকৌশল দপ্তরের একাধিক কর্মকর্তা, যারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, অভিযোগ করেন যে হিসাব শাখার নিয়ন্ত্রণ ব্যবহার করে প্রকল্প ব্যয় বৃদ্ধি, বিল আটকে রাখা এবং অনুমোদন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা হতো। তাদের ভাষ্য অনুযায়ী, “অনিয়ম এখানে নিয়মে পরিণত হয়েছে।” ফলে সরকারি প্রকল্পের ব্যয় কৃত্রিমভাবে বাড়িয়ে অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হয়েছে বলেও দাবি তাদের। সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ ঠিকাদারদের একটি অংশ দাবি করছেন, বরিশাল শিক্ষা প্রকৌশলে থাকাকালীন সময়ে ৬ থেকে ৮ সদস্যের একটি প্রভাবশালী ঠিকাদার সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বড় প্রকল্পগুলো নিয়ন্ত্রণ করছেন,। তাদের মাধ্যমেই কমিশন বাণিজ্য ও কাজ বণ্টন পরিচালিত হয় বলে অভিযোগ। ফলে সাধারণ ঠিকাদাররা প্রতিযোগিতায় অংশ নিতে না পেরে বঞ্চিত হচ্ছেন এবং হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি তাদের। কর্তৃপক্ষের অবস্থান এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বলেন, “যে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তদন্তের দাবি দুর্নীতি বিরোধী মহল ও সচেতন নাগরিকরা বলছেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এখন জরুরি। তারা হিসাব রক্ষণ কর্মকর্তার সম্পদ বিবরণী, ব্যাংক লেনদেন, প্রকল্প অনুমোদন প্রক্রিয়া এবং টেন্ডার নথি খতিয়ে দেখার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, অভিযোগ সত্য হলে তা শুধু ব্যক্তিগত অনিয়ম নয়, বরং সরকারি শিক্ষা অবকাঠামো খাতে বড় ধরনের আর্থিক দুর্নীতির ইঙ্গিত বহন করে।
সাভারে কর্মরত সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে ঘিরে ঘুষ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন, প্রশাসনিক অনিয়ম এবং ব্যক্তিগত আচরণ সংক্রান্ত একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। চাকরি জীবন ও পদায়নের পটভূমি টাঙ্গাইল জেলার মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া জাকির হোসেন ২০১৭ সালের ১৬ আগস্ট জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে লক্ষীপুরের কমলনগর, সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দায়িত্ব পালন করেন। প্রায় নয় বছরের কর্মজীবনের মধ্যেই তিনি সাভারের মতো গুরুত্বপূর্ণ এলাকায় পদায়ন পান। বদলি বাণিজ্যের অভিযোগ আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সাভারে বদলি পেতে তিনি তৎকালীন এক প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠ সহযোগীকে প্রায় তিন কোটি টাকা দেন। অস্বাভাবিক সম্পদ অর্জনের প্রশ্ন জাকির হোসেনের বিরুদ্ধে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি হলো তার সম্পদ নিয়ে। অভিযোগ অনুযায়ী, তুলনামূলক স্বল্প বেতনের চাকরিজীবী হওয়া সত্ত্বেও গত এক বছরে তিনি ও তার পরিবারের সদস্যদের নামে ২০ কোটি টাকার বেশি সম্পদ গড়ে তুলেছেন। স্থানীয় সূত্রগুলো বলছে: * তার ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে প্রায় ১২ কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি করা হচ্ছে। * ঢাকায় একাধিক ফ্ল্যাট ও বাড়ি এবং নিজ এলাকায় জমি কেনার অভিযোগ রয়েছে। * এসব সম্পদের একটি অংশ আত্মীয়স্বজনের নামেও রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অফিসে আচরণ নিয়ে অভিযোগ সাভার সাব-রেজিস্ট্রি অফিসের কয়েকজন কর্মচারীর অভিযোগ, জাকির হোসেন নিয়মিত অফিস কক্ষে মাদক সেবন করেন এবং পরে সহকর্মীদের সঙ্গে অসদাচরণ করেন। রাজনৈতিক সম্পৃক্ততা ও মামলা তার বিরুদ্ধে অতীতে রাজনৈতিক সম্পৃক্ততা এবং একটি আন্দোলন সংশ্লিষ্ট মামলার আসামি থাকার অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেলেও, সেই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু সূত্রের দাবি, তদন্ত কার্যক্রম থমকে আছে। তবে এ বিষয়ে দুদকের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানার চেষ্টা এই অভিযোগগুলো সম্পর্কে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও জাকির হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কী বলছেন স্থানীয়রা সাভারের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালনকারী একজন কর্মকর্তাকে ঘিরে ওঠা এসব অভিযোগ স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। জাকির হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুতর হলেও, এখনো সেগুলোর অধিকাংশই অভিযোগ পর্যায়েই রয়েছে। ফলে এখন নজর রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর—তারা কীভাবে এই অভিযোগগুলো যাচাই করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
বাংলাদেশের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর এক দশম গ্রেডের কর্মকর্তা, মাসিক বেতন প্রায় ৪৯ হাজার টাকা। অথচ সেই সীমিত বেতনের মধ্যেই গড়ে উঠেছে অর্ধশত কোটি টাকার সম্পদের পাহাড়—এমন অভিযোগ উঠেছে এলজিইডির উপসহকারী প্রকৌশলী একরামুল হকের বিরুদ্ধে। একরামুল বর্তমানে কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত। অনুসন্ধানে উঠে এসেছে, তার ও তার স্ত্রী শাম্মী আক্তারের নামে মোট সম্পদের পরিমাণ ৫০ কোটিরও বেশি। এর মধ্যে স্ত্রীর নামে রয়েছে প্রায় ৩০ কোটি টাকার সম্পদ এবং নিজের নামে অন্তত ২০ কোটি টাকার সম্পদ। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। আয়কর নথিতে ঘোষিত আয়ের সঙ্গে বাস্তব সম্পদের মধ্যে বড় ধরনের অসংগতি পেয়েছে সংস্থাটি। আয়কর নথিতে গরমিল অনুসন্ধানে জানা গেছে, একরামুল হকের বাড়ি কুষ্টিয়ায় হলেও তিনি আয়কর রিটার্ন জমা দিয়েছেন যশোরে। অন্যদিকে তার স্ত্রী শাম্মী আক্তারের আয়কর ফাইল রয়েছে কুষ্টিয়ায়। কিন্তু আয়কর নথি পর্যালোচনা করে দেখা গেছে, জ্ঞাত আয়ের বাইরে অন্তত ৫০ কোটি টাকার সম্পদের তথ্য সেখানে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে একরামুল হকের দাবি, এসব সম্পত্তির মালিক তার ভাই। তবে কেন সেসব সম্পত্তি তার নামে রাখা হয়েছে—এ প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। অন্যদিকে তার স্ত্রী শাম্মী আক্তারের আয়কর নথিতে পেশা হিসেবে “ব্যবসায়ী” উল্লেখ করা হলেও স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে তিনি একজন গৃহিণী। বসুন্ধরায় ৩০ কোটি টাকার প্লট একরামুল দম্পতির সম্পদের মধ্যে সবচেয়ে আলোচিত রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডুমনি মৌজায় ৯ দশমিক ৯০ শতাংশ জমির একটি প্লট। ওই এলাকায় প্রতি শতাংশ জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা হিসেবে প্লটটির সম্ভাব্য মূল্য দাঁড়ায় অন্তত ৩০ কোটি টাকা। গত জানুয়ারি মাসে শাম্মী আক্তার এই জমির নামজারির আবেদন করেছেন বলে নথিতে দেখা গেছে। তবে একরামুল ও তার স্ত্রী দাবি করেছেন, বসুন্ধরায় তাদের কোনো সম্পত্তি নেই। এ বিষয়ে প্রশ্ন করা হলে একরামুল বলেন, “আমরা এমন কোনো সম্পত্তির মালিক নই। বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না।” কুষ্টিয়ায় জমি ও বহুতল ভবন নথি অনুযায়ী, কুষ্টিয়া সদর উপজেলায় নিজের ও স্ত্রীর নামে মোট পাঁচটি জমি কিনেছেন একরামুল। চৌড়াহাস-২২ মৌজায় প্রায় ৪ দশমিক ৯১ শতাংশ জমি কিনে সেখানে একটি ছয়তলা বাড়ি নির্মাণ করেছেন তিনি। জমি ও ভবন মিলিয়ে এর বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। ঢাকা ঝালুপাড়া-২৭ মৌজায় তার নামে রয়েছে প্রায় ৬৬ শতাংশ জমি, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। এছাড়া একই এলাকায় ১ দশমিক ১২৩ শতাংশ জমিসহ একটি ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। স্ত্রীর নামে একাধিক জমি শাম্মী আক্তারের নামে কুষ্টিয়া সদরে দুটি জমির সন্ধান পাওয়া গেছে। হাটশ হরিপুর-১৮ মৌজায় ১৮ দশমিক ৯৭৫ শতাংশ জমি (মূল্য প্রায় ৬০ লাখ টাকা) হাজরাহাটি-৫৩ মৌজায় ৪৪ দশমিক ১৬ শতাংশ জমি (মূল্য প্রায় ৫০ লাখ টাকা) স্থানীয় সূত্র বলছে, এসব জমির বর্তমান বাজারমূল্য আরও বেশি হতে পারে। কৃষিজমি, পান বরজ ও বাগান কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজের নামে আরও পাঁচটি জমি কিনেছেন একরামুল। বারুইপাড়া ইউনিয়নের কেউপুর-৫২ মৌজায় প্রায় ৫৫ শতাংশ জমি কিনে সেখানে পানের বরজ তৈরি করেছেন, যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। একই মৌজায় ৫৮ দশমিক ৫০ শতাংশ জমিতে গড়ে তুলেছেন বাগান, যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। তামাক ক্ষেত ও বড় কৃষিজমি পোড়াদহ হাজরাহাটি বাজার এলাকায় একরামুলের একটি দোতলা বাড়ি ও চারটি দোকান রয়েছে। এছাড়া হাজরাহাটি-৫৩ মৌজায় প্রায় চার বিঘা জমি কিনে সেখানে তামাক ক্ষেত করেছেন, যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। একই এলাকায় আরও প্রায় সাত বিঘা জমির মূল্য প্রায় আড়াই কোটি টাকা। এছাড়া প্রায় ৯ বিঘা জমি রয়েছে যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। ব্যাংক হিসাবেও লাখ লাখ টাকা স্থাবর সম্পদের পাশাপাশি বিভিন্ন ব্যাংকেও অর্থ জমা রয়েছে একরামুল দম্পতির। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী— স্ট্যান্ডার্ড ব্যাংক: প্রায় ৩ লাখ টাকা সোনালী ব্যাংক: প্রায় ২০ লাখ টাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: প্রায় ৪৩ লাখ টাকা ডাচ্-বাংলা ব্যাংক: প্রায় ২১ লাখ টাকা অগ্রণী ব্যাংক: প্রায় ৪ লাখ টাকা দুদকের তদন্ত একরামুল দম্পতির সম্পদের উৎস নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আয়কর নথিতে ঘোষিত আয়ের সঙ্গে বাস্তব সম্পদের বিশাল ব্যবধানের কারণে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যদি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ মেলে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।