Brand logo light

বাংলাদেশ কৃষি

ধান গবেষণা ইনস্টিটিউট
ব্রি-তে নজিরবিহীন অস্থিরতা: এক দিনের ব্যবধানে ডিজি নিয়োগ বাতিল, থমকে গেছে গবেষণা কার্যক্রম

 ইত্তেহাদ নিউজ,অনলাইন : টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন হাওর অঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতির মধ্যেই দেশের শীর্ষ ধান গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-তে দেখা দিয়েছে চরম প্রশাসনিক ও অভ্যন্তরীণ অস্থিরতা। নেতৃত্ব সংকট, দলাদলি এবং প্রশাসনিক অচলাবস্থায় কার্যত স্থবির হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির গবেষণা ও দাপ্তরিক কার্যক্রম। গত রোববার সরকার ব্রির মহাপরিচালক (ডিজি) পদে ড. আমিনুল ইসলামকে রুটিন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রায় এক মাস ডিজিশূন্য থাকার পর এই নিয়োগকে ঘিরে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। গাজীপুরের ব্রি ক্যাম্পাসে একাংশের বিজ্ঞানীরা তাকে স্বাগত জানালেও অন্য একটি অংশ তীব্র বিরোধিতা করে মূল ফটক, গবেষণাগার ও বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেয়। ফলে দুই দিন ধরে পুরো ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। পরিস্থিতির মধ্যেই সোমবার পুলিশি নিরাপত্তায় অফিস করেন নতুন ডিজি ড. আমিনুল ইসলাম। তবে দায়িত্ব গ্রহণের মাত্র এক দিনের মাথায় মঙ্গলবার তার নিয়োগ বাতিল করে কৃষি মন্ত্রণালয়। নতুন প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) আফসারী খান নিজ দায়িত্বের পাশাপাশি ব্রির মহাপরিচালকের শূন্য পদের বিপরীতে আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। ব্রি-র ইতিহাসে ৫৫ বছরে এই প্রথমবার বিজ্ঞানী নয়, প্রশাসনিক ক্যাডারের একজন কর্মকর্তা কার্যত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্বে আসলেন বলে সংশ্লিষ্টরা মন্তব্য করছেন। প্রতিষ্ঠানটির একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমানে ব্রির অধীনে প্রায় তিন হাজার কোটি টাকার বিভিন্ন গবেষণা প্রকল্প চলমান। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি প্রভাবশালী গোষ্ঠী ঠিকাদারদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মে জড়িত হয়ে পড়ে। নতুন ডিজি নিরপেক্ষ অবস্থান নিতে পারেন—এমন আশঙ্কা থেকেই তার নিয়োগকে কেন্দ্র করে বিরোধ তৈরি হয় বলে দাবি সংশ্লিষ্টদের। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ বিজ্ঞানী জানান, ডিজি পদে নিয়োগের জন্য অন্তত ১০ জন কর্মকর্তা সক্রিয়ভাবে তদবির করেছিলেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ হওয়ায় একটি অংশ অসন্তুষ্ট হয়ে আন্দোলনে জড়িয়ে পড়ে বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে, আন্দোলনের অন্যতম মুখ ব্রি বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. হাবিবুর রহমান মুকুল পরে সামাজিক মাধ্যমে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে। বর্তমান পরিস্থিতিতে দেশের ধান গবেষণা ও খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0
ধান
শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

ইত্তেহাদ নিউজ,অনলাইন : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা গ্রামের কৃষক ইসমাইল হোসেনের কণ্ঠে ক্ষোভ আর হতাশা। ধান বিক্রির আয় দিয়ে শ্রমিকের মজুরিও দিতে পারছেন না তিনি। তিনি বলেন, “এক মণ ধান বিক্রির টাকার সঙ্গে আরও ২৫০ টাকা যোগ কইরা শ্রমিকের মজুরি দিতেছি। সব জিনিসের দাম বাড়ে, বাড়ে না শুধু কৃষকের ধানের দাম। আমরা বাঁচমু কীভাবে।” মঙ্গলবার নালিতাবাড়ী পৌরশহরের একটি বাজারে শক্তি-১ জাতের ২০ মণ ধান বিক্রি করেন তিনি। প্রতি মণ ধানের দাম পান ৮৫০ টাকা। কিন্তু তাঁর হিসাব বলছে, উৎপাদন খরচই ছিল মণপ্রতি ১ হাজার টাকার বেশি। ফলে বিক্রি করেও লোকসান গুনতে হচ্ছে। শুধু ইসমাইল হোসেন নন—জেলার অধিকাংশ কৃষকেরই একই অভিজ্ঞতা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে শেরপুরে ৯১ হাজার ৮১১ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। তবে সাম্প্রতিক অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, ঝড় ও উজান থেকে নেমে আসা পানির কারণে ২৪৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ঝিনাইগাতী ও নকলা উপজেলায়। নকলা উপজেলার উরফা ইউনিয়নের হাওরা বিল, বাউসি বিল ও খৈলাকুড়া মরাগাংসহ বিভিন্ন এলাকায় প্রায় ৩৫০ একর জমির ধান পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। কৃষক আমজাদ হোসেন জানান, তাঁর দুই একর জমির ধান দীর্ঘদিন পানির নিচে ছিল। শ্রমিকদের দৈনিক ১২০০ টাকা মজুরি ও খাবার দিয়ে ধান কাটতে হচ্ছে। কিন্তু ভেজা ধানের কারণে বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, “ভেজা ধান বলে ৪০ কেজির জায়গায় ৪৫ কেজি ধরে নেয় পাইকাররা, তবুও ৮০০ টাকায় বিক্রি করছি। আমাদের দুঃখের কথা কেউ শোনে না। ভবিষ্যতে ধান চাষ বাদ দিতে হবে হয়তো।” একই চিত্র ঝিনাইগাতী উপজেলার নলকুড়া গ্রামের কৃষক আব্দুর রহমানের ক্ষেত্রেও। তিনি জানান, ঋণ করে ধান চাষ করলেও এখন দাম কমে যাওয়ায় ঋণ শোধ করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, “অহনে ধানের দাম নাই, দুশ্চিন্তায় আছি।” এদিকে একসঙ্গে সব এলাকায় ধান কাটা শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়ে গেছে। ফলে চাহিদার তুলনায় ধান বেশি থাকায় দাম আরও কমে যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, শ্রমিকের মজুরি বেশি এবং বাজারে দাম কম। সরকার নির্ধারিত দরে ধান কেনার জন্য কৃষকের তালিকা করা হচ্ছে। নকলা উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াহেদ খান বলেন, “উৎপাদন খরচের তুলনায় বাজারে ধানের দাম অনেক কম। আবহাওয়াও কৃষকের জন্য বড় সমস্যা তৈরি করেছে।” শেরপুর কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক ফাতেমা খাতুন জানান, সরকার নির্ধারিত ১ হাজার ৪৪০ টাকা দরে ধান বিক্রির জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে এবং বাজারদর নিয়মিত পর্যবেক্ষণ করে পাঠানো হচ্ছে। অন্যদিকে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাখাওয়াত হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে কিছু এলাকায় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একসঙ্গে ধান কাটা শুরু হওয়ায় বাজারে প্রভাব পড়েছে।

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0
ধানের সরকারি দাম ১৪৪০
সুনামগঞ্জে ধান সংগ্রহে অনিয়ম ও তথ্য সংকটে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত

 ইত্তেহাদ নিউজ,অনলাইন :সুনামগঞ্জে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম শুরু হলেও মাঠপর্যায়ে তথ্য না পৌঁছানো এবং মধ্যস্বত্বভোগীদের সক্রিয়তার কারণে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক কৃষকেরা। সরকারি ঘোষণায় প্রতি মণ ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৪০ টাকা। গত রোববার (৩ মে) থেকে সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ শুরু হয়েছে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। তবে বাস্তব চিত্র বলছে, হাওরাঞ্চলের বহু কৃষক এখনো এই দামের বিষয়ে অবগত নন। এই সুযোগে স্থানীয় ব্যাপারীরা খলা থেকেই কম দামে ধান কিনে নিচ্ছেন। ভেজা বা আর্দ্র ধানের অজুহাতে প্রতি মণ ধান ৬০০ থেকে ৮০০ টাকায় কেনা হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। সুনামগঞ্জের দেখার হাওর পাড়ের গোবিন্দপুর গ্রামের কৃষক এমরান মিয়া ও সামরান মিয়া জানান, ধার-দেনা করে ১৭ বিঘা জমিতে বোরো আবাদ করেছিলেন তারা। কিন্তু অকাল বন্যা ও জলাবদ্ধতায় ৭ বিঘার ধান এখনো পানির নিচে। শ্রমিক সংকট ও হারভেস্টার না পাওয়ায় সময়মতো ধান কাটা সম্ভব হয়নি। লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও গ্রামের কৃষক জব্বার মিয়া বলেন, “ঋণ করে চাষ করেছি। খলায় আনার পরেই বেপারীরা ৬০০–৭০০ টাকা দাম বলছে। সরকার যে ১৪৪০ টাকায় ধান কিনবে, তা আমরা জানিই না।” একই ধরনের অভিজ্ঞতা জানান জলিলপুর গ্রামের রংমালা বিবি। তিনি বলেন, খলায় ধান ভেজা থাকায় এবং আবহাওয়া অনুকূলে না থাকায় ধান নষ্ট হচ্ছে। বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে জেলা খাদ্য বিভাগ জানিয়েছে, তারা কৃষকদের সচেতন করতে মাইকিংসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক বি এম মুশফিকুর রহমান জানান, এ বছর জেলায় ২১ হাজার ৩৪৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, কৃষকরা চাইলে লোকাল সাপ্লাই ডিপোতে (এলএসডি) ধান শুকিয়ে গুদামে দিতে পারবেন। তবে আর্দ্রতা ১৪ শতাংশের বেশি হলে ধান গ্রহণ করা হবে না। শান্তিগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আবদুর রব জানান, ধান ক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত মান বজায় রাখা হবে এবং স্যাম্পল যাচাইয়ের পরই ধান গ্রহণ করা হবে। তবে কৃষকদের অভিযোগ, কেবল প্রচারণা যথেষ্ট নয়। মাঠপর্যায়ে তদারকি না থাকায় ফরিয়া ও দাদন ব্যবসায়ীরা কৃষকদের ওপর প্রভাব বিস্তার করছে। এতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। জেলা কৃষি ও খাদ্য সংশ্লিষ্টদের তথ্যমতে, চলতি মৌসুমে সুনামগঞ্জে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় দুই-তৃতীয়াংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক মে ৪, ২০২৬ 0
পানির নিচে তলিয়ে বোরো ফসল
নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরে বোরো ফসল তলিয়ে ক্ষতি—সহায়তার আশ্বাস, বৃষ্টি অব্যাহত আশঙ্কা

ইত্তেহাদ নিউজ,অনলাইন : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কৃষ্ণপুর এলাকার ছায়ার হাওরের প্রায় পুরো বোরো ফসল পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বুধবার (২৯ এপ্রিল) দিনের বৃষ্টির পর বৃহস্পতিবার ভোরে হঠাৎ পানি বেড়ে এই পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় কৃষকেরা বলছেন, কয়েক দিনের ধারাবাহিক বৃষ্টিতে পানির চাপ বেড়ে যাওয়ায় শেষ মুহূর্তে অনেকেই ধান কাটার সুযোগ পাননি। কৃষ্ণপুর গ্রামের কৃষক মো. রুহুল আমিনের ভাষায়, “৫০ কাঠা জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। এক মুঠো ধানও ঘরে তুলতে পারলাম না।” ক্ষতির প্রভাব শুধু ফসলেই সীমাবদ্ধ নয়। লক্ষ্মীপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন জানিয়েছেন, গবাদিপশুর খাদ্য সংকটও দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে শ্রমিক সংকট ও অব্যাহত বৃষ্টির কারণে আগে কাটা ধানও শুকাতে না পেরে নষ্ট হচ্ছে। স্থানীয়দের মতে, কোথাও কোথাও ধানে অঙ্কুরও দেখা দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, উপজেলায় প্রায় ২১ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে ৫১ শতাংশ ধান কাটা সম্ভব হয়েছে এবং প্রায় ২০ শতাংশ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয়দের দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ সরকারি হিসাবের চেয়ে বেশি। এতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা যথাযথ সহায়তা পাবেন কিনা, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন কাজ করছে এবং দ্রুত ধান কাটার উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে নতুন করে পানি বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার থাকবে এবং খাদ্য ও কৃষি সহায়তা দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তিন মাসের খাদ্য সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমের ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক মে ২, ২০২৬ 0
৫৪ জাতের ধান
দিনাজপুরে ব্রির ‘রাইস গার্ডেন’: ৫৪ উচ্চ ফলনশীল ধানের জাত একসঙ্গে, কৃষকদের জন্য নতুন দিগন্ত

ইত্তেহাদ নিউজ,অনলাইন : দিনাজপুরে প্রথমবারের মতো ‘রাইস গার্ডেন’ স্থাপন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), যেখানে একসঙ্গে ৫৪টি উচ্চ ফলনশীল ধানের জাত প্রদর্শন করা হচ্ছে। কৃষকদের জন্য উপযোগী জাত নির্বাচন সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সদর উপজেলার কাউগা এলাকায় স্থাপিত এই গার্ডেনের মূল লক্ষ্য হলো মাঠ পর্যায়ে বিভিন্ন ধানের জাতের বৈশিষ্ট্য সরাসরি দেখানো। এখানে কৃষকরা ধানের গাছের বৃদ্ধি, উচ্চতা, শিষের গঠন, রোগবালাই সহনশীলতা এবং ফলনক্ষমতার পার্থক্য একসঙ্গে পর্যবেক্ষণ করতে পারছেন। কেন গুরুত্বপূর্ণ এই উদ্যোগ? বিশেষজ্ঞরা বলছেন, ধানের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক জাতের সম্প্রসারণে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি কৃষকদের হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করে, যা প্রচলিত প্রশিক্ষণের চেয়ে বেশি কার্যকর। ‘নতুন ছয়টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন’—এই এলএসটিডি প্রকল্পের আওতায় দেশজুড়ে প্রায় ১৫টি প্রযুক্তি গ্রামে একই ধরনের রাইস গার্ডেন গড়ে তোলা হয়েছে। প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন জানান, “কৃষকদের কাছে উন্নত ধানের জাত ও আধুনিক প্রযুক্তি সহজভাবে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।”    কৃষকদের প্রতিক্রিয়া স্থানীয় কৃষকদের মধ্যে এই উদ্যোগ ব্যাপক আগ্রহ তৈরি করেছে। প্রতিদিনই অনেক কৃষক ও আগ্রহী দর্শনার্থী গার্ডেনটি পরিদর্শন করছেন। কাউগা গ্রামের কৃষক মো. আব্দুল আলিম বলেন, “এ ধরনের রাইস গার্ডেন আগে দেখিনি। এখানে এসে বিভিন্ন জাত সম্পর্কে সরাসরি ধারণা পেয়েছি। আগামী বোরো মৌসুমে কোন ধান চাষ করব, তা ঠিক করে ফেলেছি।” গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্রি’র বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসান বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা আধুনিক ধান চাষ প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছেন। ভবিষ্যতে আউশ ও আমন মৌসুমেও একই ধরনের রাইস গার্ডেন স্থাপনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে বোরো মৌসুমের জন্য ব্রি মোট ৬১টি ধানের জাত অবমুক্ত করেছে। এর মধ্যে দিনাজপুরে ৫৪টি জাত প্রদর্শন করা হচ্ছে। নতুন সম্ভাবনার দ্বার বিশেষজ্ঞদের মতে, এই ‘রাইস গার্ডেন’ শুধু প্রদর্শনী নয়—এটি একটি জীবন্ত গবেষণা ক্ষেত্র। যেখানে একই সঙ্গে বিভিন্ন জাতের তুলনামূলক মূল্যায়ন সম্ভব হচ্ছে, যা ভবিষ্যতে কৃষি উৎপাদন ও পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬ 0
সফল চাষি মহিউদ্দিন টিপু
বাউফলে প্রতারণা পেরিয়ে কৃষিতে সাফল্য: করলা চাষে মাসে লক্ষাধিক আয় মহিউদ্দিন টিপুর

 ইত্তেহাদ নিউজ,অনলাইন : পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের পাতারপোল গ্রামের যুবক মো. মহিউদ্দিন টিপু—স্থানীয়ভাবে এখন এক অনুপ্রেরণার নাম। প্রতারণার শিকার হয়ে ভেঙে পড়া জীবন থেকে ঘুরে দাঁড়িয়ে কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়ে তিনি গড়েছেন সাফল্যের গল্প। শৈশব থেকেই সংগ্রামের সঙ্গে পরিচয় মহিউদ্দিনের। তিনি যখন পঞ্চম শ্রেণিতে পড়েন, তখন তার বাবা গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে কর্মক্ষমতা হারান। বড় সন্তান হিসেবে পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। পড়াশোনার পাশাপাশি তিনি ছোটবেলা থেকেই কৃষিকাজে যুক্ত ছিলেন—রাস্তার পাশে সবজি চাষ, ধান উৎপাদন—সবই করেছেন নিজের চেষ্টায়। এইচএসসি পাস করার পর সরকারি চাকরির স্বপ্ন দেখেন তিনি। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় প্রতারণার শিকার হয়ে। এরপর জীবিকার সন্ধানে রাজধানী ঢাকায় একটি বায়িং হাউজে কাজ নিলেও সেখানে স্থিতিশীলতা বা প্রত্যাশিত আয় পাননি। আর্থিক সংকট চরমে পৌঁছালে স্ত্রী ফাতেমা বেগমের পরামর্শে তিনি গ্রামে ফিরে আসার সিদ্ধান্ত নেন। গ্রামে ফিরে দু’জন মিলে কৃষিকাজ শুরু করেন। শুরুটা ছিল মাত্র দুই শতাংশ জমিতে করলা চাষ দিয়ে। ধীরে ধীরে অভিজ্ঞতা ও পরিশ্রমের ফলে সাফল্য আসে। বর্তমানে তার দুইটি জমিতে প্রায় ১২০০টি করলা গাছ রয়েছে। প্রতি সপ্তাহে তিনি ২০ থেকে ২৫ হাজার টাকার করলা বিক্রি করেন, যা মাসে এক লাখ টাকারও বেশি। করলার পাশাপাশি তিনি লাউ, চিচিঙ্গা, টমেটো ও লাল শাকসহ বিভিন্ন মৌসুমী সবজিও চাষ করছেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এখন তার পরিবারে স্বচ্ছলতা ফিরেছে। ভবিষ্যতে মাছ চাষে যুক্ত হওয়ার পরিকল্পনাও রয়েছে তার। করলার বাজারদর সম্পর্কে মহিউদ্দিন জানান, চাহিদা অনুযায়ী প্রতি কেজি ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি করেন। স্থানীয় পাইকারদের কাছেই অধিকাংশ পণ্য সরবরাহ করা হয়। তবে বাজার ব্যবস্থাপনা নিয়ে তার অভিযোগও রয়েছে। “বাজারে অনেক সময় সিন্ডিকেটের কারণে আমরা ন্যায্য দাম পাই না। একজন পাইকার দাম নির্ধারণ করলে অন্যরা আর বাড়ায় না। বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়,” বলেন তিনি। তার স্ত্রী ফাতেমা বেগম বলেন, শুরুতে তাদের পুঁজি ছিল না। তিনি টিউশনি ও সেলাইয়ের কাজ করে সংসার চালানোর পাশাপাশি কৃষিকাজের জন্য বীজ, সার ও ওষুধের খরচ জোগাতেন। “এখন আল্লাহর রহমতে আমরা ভালো আছি,” যোগ করেন তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন জানান, কৃষি বিভাগের সহায়তায় মহিউদ্দিন আধুনিক পদ্ধতিতে করলা চাষ শুরু করেন। তাকে উন্নতমানের বীজ, সার, স্প্রে মেশিন এবং মালচিং প্রযুক্তি সরবরাহ করা হয়। ৫০ শতক জমি থেকে প্রায় ৩ লাখ টাকার করলা উৎপাদন হয়েছে, খরচ বাদ দিয়ে যার মুনাফা ২ লাখ টাকার বেশি। তার এই সাফল্যে উদ্বুদ্ধ হয়ে আশপাশের কৃষকরাও এখন উচ্চমূল্যের সবজি চাষে আগ্রহী হচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৬ 0
ব্রি ধান-১০৮
ব্রি ধান-১০৮: হারানো দাদখানি চালের স্বাদ ফিরবে নতুন জাতের ধানে?

ইত্তেহাদ নিউজ,অনলাইন : শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার-এর জনপ্রিয় কবিতা ‘কাজের ছেলে’-তে উল্লেখ থাকা “দাদখানি চাল” এখন আর বাজারে দেখা যায় না বললেই চলে। তবে নতুন এক ধানের জাত সেই হারানো স্বাদের স্মৃতি ফিরিয়ে আনতে পারে—এমনটাই মনে করছেন কৃষক ও গবেষকরা। বাংলাদেশের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন ধান ব্রি ধান-১০৮ নিয়ে মাঠ পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে গত দুই বছর ধরে। সীমিত আকারে চাষ হলেও ইতোমধ্যে এর চালের গুণগত মান নিয়ে আলোচনা শুরু হয়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলার কার্তিকডাঙ্গা বিলে এক বিঘা জমিতে এই ধানের চাষ করেছেন সৌখিন কৃষক এস এম আতিয়ার রহমান। তার দাবি, এই ধানের চাল তাকে কবিতার সেই “দাদখানি চাল”-এর কথা মনে করিয়ে দেয়। তিনি জানান, ব্রি উদ্ভাবিত প্রিমিয়াম মানের ধান তিনি দীর্ঘদিন ধরে চাষ করছেন। তবে ব্রি ধান-১০৮-এর চাল খাওয়ার পর এর স্বাদ ও গঠন তাকে আলাদা করে ভাবিয়েছে। সেই কারণেই তিনি নিজের মতো করে এর নাম দিয়েছেন “নতুন দাদখানি”। তার ভাষায়, এই চাল পোলাও চালের মতো সরু ও চিকন হলেও এতে সুগন্ধ নেই। তবে রান্নার পর দীর্ঘসময় ভালো থাকে—আতপ চালের ভাত ১২ থেকে ১৫ ঘণ্টা এবং সেদ্ধ চাল ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত মান ধরে রাখতে পারে। ফলে দৈনন্দিন খাবারের জন্য এটি উপযোগী হতে পারে। আতিয়ার রহমানের মতে, চিকন চালের ভোক্তাদের কাছে এই চাল জনপ্রিয় হয়ে উঠতে পারে এবং হোটেল-রেস্তোরাঁয়ও এর চাহিদা তৈরি হবে। তবে বাজারে ব্যাপকভাবে পৌঁছাতে আরও ৮ থেকে ১০ বছর সময় লাগতে পারে বলে তিনি মনে করেন। অন্যদিকে, মাঠ পর্যায়ে ফলনও আশাব্যঞ্জক। স্থানীয় কৃষকরা জানান, প্রতি ছড়ায় ২৫০ থেকে ২৭০টি পর্যন্ত ধান পাওয়া যাচ্ছে এবং গাছ বাতাসে সহজে হেলে পড়ে না। রোগবালাইও তুলনামূলক কম। ব্রি’র প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার বিশ্বজিৎ কর্মকার বলেন, এই ধানটি ফলন ও গুণগত মানের দিক থেকে সম্ভাবনাময়। চলতি মৌসুমে দেশের বিভিন্ন স্থানে প্রদর্শনী প্লটের মাধ্যমে এর চাষ সম্প্রসারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও বলছেন, ধানটি দেখতে সরু ও লম্বা, যদিও বাসমতি জাতের মতো সুগন্ধি নয়। তবে ফলন ভালো হওয়ায় কৃষকদের জন্য এটি লাভজনক হতে পারে। বর্তমানে ব্রি ধান-১০৮ এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে কৃষক ও গবেষকদের প্রত্যাশা, ভবিষ্যতে এটি বাংলাদেশের চালের বাজারে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে—হয়তো ফিরিয়ে আনতে পারে হারিয়ে যাওয়া “দাদখানি চাল”-এর স্মৃতিও।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০২৬ 0
তরুণ উদ্যোক্তা মো. ফরহাদ হোসেন।
তরুণ উদ্যোক্তার মিষ্টি আঙুর চাষে সাফল্য, বছরে লাখ টাকার সম্ভাবনা

ইত্তেহাদ নিউজ,অনলাইন : গাজীপুরের শ্রীপুর উপজেলার খবদার গ্রামের এক তরুণ কৃষক-উদ্যোক্তা মো. ফরহাদ হোসেন, যিনি শৈশবের একটি ছোট উদ্যোগকে পুঁজি করে আজ মিষ্টি আঙুর চাষে সফলতার গল্প লিখছেন। ফরহাদ জানান, তৃতীয় শ্রেণিতে পড়ার সময় স্কুলের টিফিনের টাকা জমিয়ে ৩০ টাকায় স্থানীয় বাজার থেকে একটি আঙুরের চারা কিনেছিলেন। এক বছর পর সেই গাছে ফল ধরলেও স্বাদে কিছুটা টক ছিল। সেই অভিজ্ঞতাই তাকে মিষ্টি আঙুর চাষে আগ্রহী করে তোলে। দীর্ঘদিনের সেই আগ্রহকে বাস্তবে রূপ দিতে তিনি ২০২৫ সালের জানুয়ারিতে আঙুর চাষ শুরু করেন। শুরুতে মাত্র ১২টি চারা রোপণ করেই ছয় মাসের মধ্যে উল্লেখযোগ্য ফলন পান। পরবর্তীতে উৎসাহ পেয়ে আরও প্রায় ২৫টি উন্নত জাতের চারা সংগ্রহ করেন। বাড়ির পাশের ছোট একটি জায়গায় গড়ে তোলা বাগানে তার মোট বিনিয়োগ প্রায় দেড় লাখ টাকা। চলতি বছরেই তিনি প্রায় এক লাখ টাকা আয় করেছেন। আগামী বছরে এ আয় দুই থেকে তিন লাখ টাকায় পৌঁছাবে বলে আশা করছেন তিনি। ফরহাদের বাগানে বর্তমানে বাইকুনুর, একুলা, ডিক্সন, গ্রিন লং, ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক জাম্বো, সুপার সোনাকা, অস্ট্রেলিয়ান কিং, ভেলেস, প্রেস্টিজ, ইয়ামিন, ড্রিম অব পর্তুগাল, গোল্ডেন সান মাসকাট, জেসমিন ও গোল্ডেন সিক্রেট ড্রিমসহ প্রায় ২৫টি জাতের আঙুর রয়েছে। এসব আঙুর আকার ও রঙে ভিন্ন হলেও স্বাদে সবই মিষ্টি। তিনি বলেন, কিছু বারোমাসি জাতের কারণে সারা বছরই কমবেশি ফল পাওয়া যায়। এছাড়া আঙুর গাছ দীর্ঘমেয়াদী হওয়ায় ১০০ থেকে ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, যা থেকে দীর্ঘ সময় ধরে আয় সম্ভব। স্থানীয় বাজারে তার উৎপাদিত আঙুরের চাহিদাও বেশ বেশি। প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে, যা বাজারের প্রচলিত দামের চেয়েও বেশি। নিরাপদ ও দেশীয়ভাবে উৎপাদিত মিষ্টি আঙুরের প্রতি ভোক্তাদের আগ্রহ বাড়ছে বলে মনে করেন তিনি। শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, দেশে আঙুর চাষ একটি সম্ভাবনাময় খাত হিসেবে এগিয়ে আসছে। বিভিন্ন মিষ্টি জাতের আঙুর চাষের বিস্তার কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৪, ২০২৬ 0
সোলেমান আলী
ডিজেল সংকটে সমাধান: ঠাকুরগাঁওয়ে সোলেমান আলীর ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্রে কৃষকদের স্বস্তি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের এক প্রত্যন্ত গ্রামে জ্বালানি সংকটের মধ্যে কৃষিতে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছেন স্থানীয় এক উদ্ভাবক। সদর উপজেলার মোলানী গ্রামের কারিগর সোলেমান আলী তৈরি করেছেন একটি ‘ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র’, যা এখন শত শত কৃষকের জন্য বিকল্প সেচব্যবস্থা হিসেবে কাজ করছে। ডিজেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে যখন সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছিল, তখন এই প্রযুক্তি কৃষকদের জন্য স্বস্তি বয়ে এনেছে। সূর্যের আলোতেই সেচ গ্রামের মাঠে এখন আর ডিজেলচালিত পাম্পের শব্দ বা ধোঁয়া দেখা যায় না। চাকা সংযুক্ত কাঠামোর ওপর স্থাপিত সৌর প্যানেলে সূর্যের আলো পড়লেই চালু হয়ে যায় পাম্প। মাটির নিচ থেকে উঠে আসে পানি, যা সরাসরি ফসলের জমিতে পৌঁছে যায়। সোলেমান আলীর তৈরি এই যন্ত্রের ক্ষমতা প্রায় ২,৫০০ ওয়াট। সূর্যালোক থাকলেই এটি তিন হর্সপাওয়ারের পাম্প চালাতে পারে, যা প্রতি মিনিটে প্রায় ৭০০ লিটার পানি তুলতে সক্ষম। কৃষকদের স্বস্তি স্থানীয় কৃষকদের মতে, সেচ খরচ কমার পাশাপাশি সময়ও বাঁচছে। সদর উপজেলার এক কৃষক আবু বকর বলেন, তেলের দাম বেড়ে যাওয়ায় চাষাবাদ কঠিন হয়ে পড়েছিল। এখন দিনে সূর্যের আলো থাকতেই সেচের কাজ শেষ করা যাচ্ছে এবং খরচও কম। রাণীশংকৈল উপজেলার কৃষক মনসুর আলীর অভিজ্ঞতাও একইরকম। তিনি জানান, আগে বিদ্যুতের জন্য রাত জেগে অপেক্ষা করতে হতো, কিন্তু এখন দিনের আলোতেই সেচ দেওয়া সম্ভব হচ্ছে। আয় ও সম্ভাবনা বর্তমানে সোলেমান আলীর কাছে ২৬টি সৌর পাম্প রয়েছে। এর মধ্যে ছয়টি তিনি নিজে পরিচালনা করেন এবং বাকি ২০টি মৌসুমি ভিত্তিতে ভাড়া দেন। প্রতি মৌসুমে প্রতিটি পাম্প ৩৬ হাজার টাকায় ভাড়া দিয়ে তিনি নতুন একটি ব্যবসায়িক সম্ভাবনাও তৈরি করেছেন। তার হিসাব অনুযায়ী, গত বছর এই উদ্যোগ থেকে তার আয় হয়েছে প্রায় ৭ লাখ ২৮ হাজার টাকা। চলতি মৌসুমে তা ৮ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন তিনি। বিস্তৃত প্রভাব এই প্রযুক্তির মাধ্যমে বর্তমানে প্রায় ৭ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ফলে শুধু ব্যক্তিগত নয়, বৃহত্তর কৃষি ব্যবস্থাতেও এর প্রভাব পড়ছে। ভবিষ্যৎ ভাবনা সোলেমান আলী বলেন, সীমিত শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি কৃষকদের সমস্যার সমাধান খুঁজতে চেয়েছেন। সরকারি সহায়তা পেলে এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা রয়েছে তার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা মনে করেন, এই উদ্ভাবন জ্বালানি সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। পরিবেশবান্ধব এই প্রযুক্তি কৃষিতে টেকসই উন্নয়নের পথ দেখাতে সক্ষম।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২০, ২০২৬ 0
সবুজের সমারোহ
কুমিল্লার মনোহরগঞ্জে ৯ হাজার হেক্টরে বোরো চাষ, সবুজে ছেয়ে গেছে কৃষি মাঠ

কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ কৃষি মাঠজুড়ে এখন বোরো ধানের সবুজ সমারোহ। প্রায় ৯ হাজার হেক্টর জমিতে চাষ হওয়া এই ধানক্ষেত যেন এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করেছে। উপজেলার ১১টি ইউনিয়নের মাঠ, বিল ও খালজুড়ে বোরো ধানের চাষাবাদে প্রাণ ফিরে পেয়েছে গ্রামীণ জনপদ। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ অঞ্চল নতুন রূপ ধারণ করলেও বোরো মৌসুমে এর সৌন্দর্য বিশেষভাবে চোখে পড়ে। স্থানীয়ভাবে ঝলা অঞ্চল হিসেবে পরিচিত মনোহরগঞ্জে বছরের প্রায় ৯ মাস জমি পানির নিচে থাকে। ফলে এখানে মূলত বছরে একটি ফসলই আবাদযোগ্য—আর সেটি হচ্ছে বোরো ধান। এই কারণে উপজেলাটি ধান উৎপাদনের জন্য সম্ভাবনাময় এলাকা হিসেবে বিবেচিত। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, কৃষকদের শ্রমে গড়ে ওঠা ধানের সবুজ পাতায় ভরে গেছে মাঠের পর মাঠ। আর কিছু দিনের মধ্যেই ধানের শীষ বের হওয়া শুরু হবে। মৈশাতুয়া গ্রামের কৃষক শাহাদত হোসেন ভূঁইয়া, ছিকটিয়া গ্রামের ছালে আহম্মেদ, হাটিরপাড়ের শুকুর আলী, দিশাবন্দের নুরুল আমিন ও ঝলম গ্রামের আবদুল কাদের মোল্লাসহ একাধিক কৃষক জানান, তারা প্রত্যেকে ২-৩ কানি জমিতে বোরো ধান আবাদ করেছেন। তারা বলেন, “ইতোমধ্যে বোরো ধানের রোপণ শেষ হয়েছে। ধানের গাছ ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ফলন ভালো হবে বলে আশা করছি।” চলতি মৌসুমে পানির সংকট নিয়ে উদ্বেগ থাকলেও ঈদের আগে-পরে কয়েক দফা বৃষ্টিপাত কৃষকদের স্বস্তি দিয়েছে। এতে ধানক্ষেত সতেজ হয়ে উঠেছে। উপজেলার মৈশাতুয়া, ঝলম উত্তর, ঝলম দক্ষিণ, বাইশগাঁও, হাসনাবাদ, খিলা ও সরসপুর-উত্তর হাওলা ইউনিয়নসহ ১১টি ইউনিয়নে এবার সবচেয়ে বেশি বোরো উৎপাদনের সম্ভাবনা দেখা যাচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, এ বছর ব্রি ধান-৮৯, ৯২, ১০১, ১০২, ব্রি হাইব্রিড ধান, বীনা-২৫ এবং হীরা-২ ও ১৯সহ বিভিন্ন উন্নত জাতের বোরো ধানের চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার বলেন, “চলতি মৌসুমে ৯ হাজার হেক্টরের বেশি জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময়মতো বৃষ্টিপাত হওয়ায় ধানের অবস্থা ভালো। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলন ভালো হবে।” তিনি আরও বলেন, “এবার স্থানীয় চাহিদা পূরণ করে জেলার বাইরেও ধান সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।”

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০২৬ 0
উদ্ভাবিত নতুন জাতের ধান
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত উচ্চ ফলনশীল চিকন ধান ‘জিএইউ ধান ৪’: স্বল্পমেয়াদী, উচ্চ ফলনশীল ও পুষ্টিগুণে সমৃদ্ধ আউশ ধান

ইত্তেহাদ নিউজ,অনলাইন :  স্বল্পমেয়াদী, উচ্চ ফলনশীল ও চিকন আউশ ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবিত করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) কৃষিতত্ত্ব বিভাগের দুই গবেষক। সম্ভাবনাময় প্রিমিয়াম কোয়ালিটির ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের চারটি ধানের জাতসহ মোট উদ্ভাবিত ফসলের জাতের সংখ্যা দাঁড়ালো ৯৫টি। যা বাংলাদেশের কৃষি গবেষণা ও খাদ্য নিরাপত্তা অর্জনের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন জাতের ধান উৎপাদনকারী দুই গবেষক হলেন- প্রফেসর ড. এম. ময়নুল হক ও প্রফেসর ড. মসিউল ইসলাম। তাদের নেতৃত্বে দীর্ঘ এক দশকের নিবিড় গবেষণা ও পরিশ্রমে ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবিত হয়। আউশ ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবক প্রফেসর ড. মসিউল ইসলাম বলেন, ‘বাংলাদেশে সাধারণত আউশ ধানের ফলন আমন ও বোরো মৌসুমের তুলনায় তুলনামূলক কম হয়ে থাকে। তবে জিএইউ ধান ৪ তার ব্যতিক্রম। এ জাতটি দ্রুত পরিপক্ব হওয়ায় কৃষকরা অল্প সময়েই জমি খালি করতে পারেন এবং সহজেই একই জমিতে বছরে তিন থেকে চারটি ফসল উৎপাদনের সুযোগ পান। ফলে এটি দেশের উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত এলাকায় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। একই সঙ্গে দেশের প্রায় সব অঞ্চলে আউশ মৌসুমে এ জাতটি চাষযোগ্য এবং তুলনামূলক কম পানির প্রয়োজন হওয়ায় ধান নির্ভর কৃষি ব্যবস্থার জন্য এর গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশে চিকন চালের চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় সেই চাহিদার কথা বিবেচনায় রেখে তারা (গবেষকদ্বয়) প্রচলিত আউশ ধানের জাত পারিজার সঙ্গে উচ্চ ফলনশীল চিকন জাত ‘বিইউ ধান ২’ এর সংকরায়ন করেন। সেই সংকরায়নের মধ্য থেকে বহু গবেষণাধর্মী নির্বাচনের মাধ্যমে জিএইউ-৯৯৭৪-৫২-৭-২ লাইনটি কাঙ্ক্ষিত চরিত্র প্রদর্শন করে। প্রায় ১০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠে নিবিড় পরীক্ষার মাধ্যমে লাইনটি ধারাবাহিকভাবে আশাব্যঞ্জক ফলাফল দেয়।’   তিনি বলেন, ‘পরে ২০২২ সালের আউশ মৌসুমে এর আঞ্চলিক অভিযোজন পরীক্ষা, ২০২৩ সালে আঞ্চলিক উপযোগিতা যাচাই এবং ২০২৪ সালে বাংলাদেশ বীজ প্রত্যয়ন এজেন্সির তত্ত্বাবধানে দেশের ১০টি অঞ্চলে মাঠ পর্যায়ে মূল্যায়ন করা হয়। সব পরীক্ষায় স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল বৈশিষ্ট্য নিশ্চিত হওয়ায় ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় বীজ বোর্ডের ১১৫তম সভায় ‘‘জিএইউ ধান ৪’’ নামের এ জাতটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়।’ আউশ ধানের জাত ‘জিএইউ ধান ৪’ অপর উদ্ভাবক প্রফেসর ড. এম. ময়নুল হক বলেন, ‘পুষ্টিগুণেও এই ধান বিশেষভাবে সমৃদ্ধ। এর চালে অ্যামাইলেজ এনজাইমের পরিমাণ প্রায় ২৪.৫৮ শতাংশ। যা শর্করা জাতীয় খাদ্য সহজে ভেঙে শক্তি সরবরাহ ও হজম প্রক্রিয়ায় সহায়তা করে। একই সঙ্গে এতে প্রোটিনের পরিমাণ প্রায় ৮.৩৮ শতাংশ, যা মানবদেহের গঠন, বৃদ্ধি ও কোষ মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এটি শুধু উৎপাদনশীলই নয়, পুষ্টিমানেও সমৃদ্ধ একটি ধানের জাত। জিএইউ ধান ৪ এর দানা লম্বা ও চিকন এবং এটি তুলনামূলক কম সময়ে পরিপক্ব হয়। সাধারণত বীজ বপনের ৩ মাস থেকে ৩ মাস ১০ দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা সম্ভব। পুষ্ট ১০০০ ধানের ওজন প্রায় ২০ গ্রাম এবং অনুকূল পরিবেশে সহজেই হেক্টর প্রতি ৫ থেকে ৫.৫ টন পর্যন্ত ফলন পাওয়া যায়। এ জাতের ধান চাষে প্রতি হেক্টরে ২৫-৩০ কেজি বীজ প্রয়োজন হয়, যা কৃষকদের জন্য অর্থনৈতিকভাবেও সুবিধাজনক। উন্নত এ জাতটি বিভিন্ন রোগবালাই প্রতিরোধক হবার কারণে সাধারণ জাতের তুলনায় এটি গড়ে ১০-১৫% বেশি ফলন দিতে সক্ষম যা বাংলাদেশের মতো কৃষি নির্ভর অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে সক্ষম।’   তিনি বলেন, ‘এ ছাড়া জলবায়ু সহনশীল হওয়ায় এটি দেশের বৈচিত্র্যময় পরিবেশে চাষের জন্য উপযোগী ও লাভজনক একটি জাত। এক্ষেত্রে বেলে দো-আঁশ বা এটেল দো-আঁশ মাটি এ জাতের চাষের জন্য ভালো। জিএইউ ধান ৪ এর জন্য বীজতলায় বীজ ফেলার উপযুক্ত সময় এপ্রিল মাসের প্রথম সপ্তাহ। এক্ষেত্রে কাদা জমিতে ২০-২২ দিনে এর চারা রোপণ করতে হয় এবং সারি থেকে সারির দূরত্ব ২০ সে.মি এবং গুছি থেকে গুছির দূরত্ব ১৫ সে.মি বজায় রাখা উত্তম।’ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান গবেষকদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এ অসামান্য অর্জনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম সবসময়ই কৃষকের কল্যাণ এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য পরিচালিত হয়। ‘‘জিএইউ ধান ৪’’ উদ্ভাবন আমাদের গবেষকদের অধ্যবসায়, মেধা ও নিষ্ঠার এক উজ্জ্বল উদাহরণ। এই জাতটি কৃষকদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে দেশের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।’

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৬ 0
নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি
নীলফামারীতে ঝড় ও শিলাবৃষ্টিতে ৪৯৩ হেক্টর ফসলের ক্ষতি, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

উত্তরের জেলা নীলফামারীর বিভিন্ন উপজেলায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। জেলা কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে অন্তত ৪৯৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাতের ঝড় ও শিলাবৃষ্টির পর শনিবার (২৮ মার্চ) রাতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই তথ্য জানায়। কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রগুলো বলছে, ডোমার, ডিমলা এবং জলঢাকা উপজেলার অন্তত ছয়টি ইউনিয়নে এই দুর্যোগ আঘাত হানে। এতে ঘরবাড়ির পাশাপাশি মাঠের উঠতি ফসলের ওপরও বড় ধরনের প্রভাব পড়ে। প্রাথমিক হিসেবে দেখা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টা চাষ। এছাড়া বোরো ধান, মরিচ এবং কলার ক্ষেতেও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব: ভুট্টা: ৩২৫ হেক্টর বোরো ধান: ১৫০ হেক্টর মরিচ: ১৫ হেক্টর কলা: ৩ হেক্টর উপজেলা ভিত্তিক তথ্য অনুযায়ী— ডিমলা উপজেলার ডিমলা সদর, পূর্ব ছাতনাই ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নে প্রায় ৭৫ হেক্টর ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এখানে ১৫০ হেক্টর বোরো ধান, ২০০ হেক্টর ভুট্টা, ১৫ হেক্টর মরিচ এবং ৩ হেক্টর কলা নষ্ট হয়েছে। অন্যদিকে জলঢাকা উপজেলার ধর্মপাল ও শিমুলবাড়ী ইউনিয়নে প্রায় ৫০ হেক্টর ভুট্টার জমি ক্ষতির মুখে পড়েছে। নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) জাকির হোসেন জানান, জেলায় মোট আবাদি জমির পরিমাণ ছিল ১ লাখ ১৫ হাজার ৯১৩ হেক্টর। এর মধ্যে ক্ষতির পর বর্তমানে ফসলি জমির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৮৪৩ হেক্টরে। তিনি বলেন, “এটি প্রাথমিক হিসাব। মাঠপর্যায়ে আরও যাচাই চলছে। চূড়ান্ত প্রতিবেদন এলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।” স্থানীয় কৃষকরা বলছেন, হঠাৎ শিলাবৃষ্টিতে অনেক ক্ষেতের ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যা তাদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০২৬ 0
চায়ের সাথী ফসল হিসেবে আম চাষ
পঞ্চগড়ে চা বাগানের ফাঁকা জমিতে আম চাষ,বাড়ছে আয়

পঞ্চগড় সদর উপজেলার দেওয়ানহাট এলাকার মহানপাড়া গ্রামে চায়ের সাথী ফসল হিসেবে আম চাষ করে বাড়তি আয়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান বসিরুল আলম প্রধান। চা বাগানের ফাঁকা জমি কাজে লাগিয়ে সেখানে বিভিন্ন জাতের আম গাছ লাগিয়ে গড়ে তুলেছেন সমন্বিত কৃষির একটি লাভজনক মডেল। স্থানীয়দের কাছে তিনি ‘আলম চেয়ারম্যান’ নামেই পরিচিত। বয়স সত্তর ছুঁইছুঁই হলেও কৃষিকাজে এখনো সমানভাবে সক্রিয় তিনি। বাড়ির পাশের এক সময়ের পড়ে থাকা উঁচু ২২ একর জমিতে গড়ে তুলেছেন চা বাগান। চা চাষে সাফল্যের স্বীকৃতি হিসেবে ক্ষুদ্র চা চাষী হিসেবে ২০২৪ সালে জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। চা বাগানের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে সেখানে সাথি ফসল হিসেবে বিভিন্ন জাতের আম গাছ রোপণ করেন বসিরুল আলম প্রধান। বর্তমানে তার বাগানে রয়েছে প্রায় পাঁচ হাজার ‘ব্যানানা ম্যাংগো’ গাছ। এছাড়া ৫০টি আম্রপালিসহ আরও শতাধিক বিদেশি জাতের আমের গাছ রয়েছে। চলতি মৌসুমে তার বাগানের আম গাছে প্রচুর মুকুল এসেছে। মুকুল আসার পর থেকেই শুরু হয়েছে পরিচর্যার কাজ। শ্রমিকরা দিনভর বাগানে কাজ করে গাছগুলোর যত্ন নিচ্ছেন। পরিকল্পিতভাবে সাজানো এই বাগান এখন স্থানীয় কৃষকদের কাছেও অনুপ্রেরণার জায়গা হয়ে উঠেছে। বাসস’র সঙ্গে আলাপকালে তিনি বলেছেন,আম উৎপাদনেও  ভালো সাফল্য পেয়েছেন। ২০২৪ সালে তার বাগান থেকে আম বিক্রি করে প্রায় ৪০ লাখ টাকা আয় হয়। পরের বছর ২০২৫ সালে আম বিক্রি করে প্রায় ২৫ লাখ টাকা আয় করেন। চলতি বছর আরও বেশি ফলনের আশা করছেন তিনি। চা উৎপাদনেও রয়েছে ধারাবাহিক উন্নতি। ২০২৪ সালে তার বাগানে চা উৎপাদন হয়েছিল এক লাখ ৬৭ হাজার ৬৭১ কেজি। ২০২৫ সালে সেই উৎপাদন বেড়ে দাঁড়ায় দুই লাখ পাঁচ হাজার ৪৮৯ কেজিতে। চলতি মৌসুমে সবুজ চা পাতা তোলা শুরু হয়েছে। বর্তমানে প্রতি কেজি চা পাতা ৩৬ টাকা দরে বিক্রি করছেন তিনি, যা তার আয়ের অন্যতম উৎস। বসিরুল আলম প্রধান বলেন, কৃষিকে আমি শুধু পেশা হিসেবে নয়, ভালোবাসা থেকে করি। শুরুতে চা বাগানে শেড ট্রি হিসেবে আম গাছ লাগাই। ভালো ফলন পাওয়ায় ধীরে ধীরে বাগানের ফাঁকা জায়গাগুলোতে বিভিন্ন জাতের আম গাছ রোপণ করি। এখন চায়ের পাশাপাশি আম থেকেও ভালো আয় হচ্ছে। অনেকেই আমার বাগান দেখতে আসেন এবং উৎসাহ পান। আমি চাই তরুণ কৃষকরা আধুনিক পদ্ধতিতে কৃষিতে এগিয়ে আসুক। ব্র্যাক নার্সারির ম্যানেজার আশিকুর রহমান চৌধুরী বলেন, চা বাগানের সঙ্গে আম চাষের এই সমন্বিত পদ্ধতি কৃষকদের জন্য লাভজনক হতে পারে। আলম সাহেব উদ্ভাবনী চিন্তার একজন কৃষক। আমরা নিয়মিত তাকে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপপরিচালক আব্দুল মতিন  বলেছেন, চা বাগানের মাঝখানে সাধারণত ফাঁকা জায়গা রাখা হয়। অনেক চাষী সেখানে শেড ট্রি হিসেবে বিভিন্ন গাছ লাগান। সেখানে যদি আম বা অন্য ফলজ গাছ লাগানো যায়, তাহলে সেখান থেকে বাড়তি আয় পাওয়া সম্ভব। সবুজ চা পাতার দাম কমে গেলেও ফলের আয় দিয়ে সেই ঘাটতি কিছুটা পূরণ করা যায়। তিনি আরও বলেন, বসিরুল আলম প্রধানের সমন্বিত চা ও আম বাগানটি আমরা পরিদর্শন করেছি। তিনি খুব যত্ন সহকারে বাগানটি পরিচালনা করছেন। সঠিক পরিচর্যা অব্যাহত থাকলে ভবিষ্যতে এখান থেকে আরও ভালো ফলন পাওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৩, ২০২৬ 0
কৃষি
কৃষিঋণে আগ্রহ কম ব্যাংকগুলোর

বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির প্রাণকেন্দ্র হাঁকিয়ে রাখছে কৃষিক্ষেত্র; কিন্তু এই খাতে ব্যাংকঋণের বাস্তব প্রবাহ এখনও তেমন বৃদ্ধি পায়নি, যা মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। বর্তমান পরিস্থিতি বলছে, একদিকে পুরনো কিস্তি আদায়ে ব্যাংকগুলো কঠোর, অন্যদিকে নতুন ঋণ বিতরণে তারা অনীহা। ফলে উৎপাদন পরিকল্পনা ভেস্তে যাচ্ছে, নির্ধারিত বিনিয়োগ থেমে যাচ্ছে এবং অনেক কৃষক বাধ্য হয়ে অপ্রাতিষ্ঠানিক খাতের ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। কৃষক ও সংশ্লিষ্টরা মনে করছেন, তত্ত্বাবধায়ক নীতিমালার সঙ্গে বাস্তবতা এখনও সামঞ্জস্যপূর্ণ নয়। ❗ মাঠপর্যায়েও সমালোচনা ও অভিজ্ঞতা কৃষকদের অভিযোগ, ঋণ নিতে এখনো দীর্ঘ প্রক্রিয়া ও কাগজপত্রের চাপ সহ্য করতে হয়। অনেক ক্ষেত্রে দালালদের ওপর নির্ভর করতে হচ্ছে, যার ফলে সৎ কৃষক সময়মতো ঋণ পায় না এবং আস্থা কমছে। 📊 বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানের তথ্য বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী: চলতি অর্থবছরের ডিসেম্বর শেষে কৃষি খাতে মোট ঋণের স্থিতি ৬০,০০০ কোটি টাকার মতো। দেশের সব খাতে ব্যাংকগুলোর মোট ঋণ দাঁড়িয়েছে ১৮,০৩,৮৩৯ কোটি টাকা। অর্থাৎ মোট ঋণের মাত্র **২.১৬%**ই কৃষিতে গেছে। এ তুলনায় দেশে প্রায় ৪৬% শ্রমশক্তি কৃষিকাজে নিয়োজিত এবং জিডিপিতে খাতটির অবদান ১০.৯৪%। তবুও ব্যাংকগুলোর নিট ঋণ লক্ষ্যমাত্রা কৃষিতে মাত্র ২.৫% নির্ধারিত। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি খাতের প্রকৃত চাহিদা অনুযায়ী অনেক কম এবং এটি নীতিগতভাবে অবহেলার ইঙ্গিত বহন করে। 📈 ঋণ বিতরণ ও আদায়ের গতিসূত্র বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই‑ডিসেম্বর সময়ে: ব্যাংকগুলো ২১,০০০ কোটি টাকার কাছাকাছি কৃষি ঋণ বিতরণ করেছে, ‌ যা আগের বছরের একই সময় ১৬,০০০ কোটি টাকা ছিল — প্রায় ৯.৭% বৃদ্ধি। একই সময়ে ঋণ আদায় হয়েছে ২১,৭৭৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৩.৮৯% বেশি। ‌ এই তুলনায় দেখা যাচ্ছে, বিতরণ বাড়লেও আদায়ও প্রায় সমানভাবে হয়েছে। তবে কৃষকদের অভিমত, নতুন ঋণ পাওয়ার কষ্ট ও জটিলতা আগের মতোই বিরাজ করছে। 🧑‍🌾 বিশেষজ্ঞদের মন্তব্য কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, পূর্ববর্তী বন্যার কারণে পুনরুদ্ধার ও উৎপাদন বাড়াতে কৃষকদের আরও ঋণ প্রয়োজন ছিল, কিন্তু ব্যাংকগুলোর অনীহা কারণে কেবল প্রত্যাশিত পরিমাণে ঋণই বিতরণ হয়নি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, বর্তমানে ধার্যকৃত লক্ষ্যমাত্রা কৃষকের চাহিদার তুলনায় কম। তবে কৃষি ও কৃষকের উন্নয়নে ঋণ বিতরণ আরও সহজ করতে ব্যাংক শাখা, এজেন্ট ব্যাংকিং, সাব‑ব্রাঞ্চ, কন্ট্রাক্ট ফার্মিং ও এরিয়া অ্যাপ্রোচ পদ্ধতিতে জোর দেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
ডিজিটাল কৃষিই ভবিষ্যৎ
ডিজিটাল কৃষিই ভবিষ্যৎ: জলবায়ু পরিবর্তনের চাপে খাদ্য নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ

ক্ষেত ভরা ফসল, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, কলসী কাঁখে গাঁয়ের বধু জল আনতে যাওয়া। গোধুলী লগ্নে সোনালী আকাশে ধুলো উড়িয়ে চলা। ওসব এখন অতীত। আবহাওয়ার বেসামাল বিচরণ মনুষ্য জীবের জন্য এক অশনি সংকেতের নাম জলবায়ুর পরিবর্তন। চিরায়ত ছায়া সুনিবিড় শান্ত গ্রামীণ ঐতিহ্যমণ্ডিত জীবনধারাকে করেছে দূরাহত। দীর্ঘ জীবনের কৃষি পরিণত হয়েছে দীর্ঘশ্বাসে। আগামী তিন দশকে আমাদের খাদ্যের চাহিদা বাড়বে ৮০ শতাংশ। কমবে কৃষিজমি। আবার কৃষকদের এই প্রজন্ম প্রবীণ জনগোষ্ঠীতে পরিণত হয়েছে।   তরুণেরা কৃষি ও কৃষিকাজে আগ্রহী নয়। এই অবস্থায় সুস্থ ও সবল সমাজ ধরে রাখতে, সবার মুখে খাবার তুলে দিতে কৃষির উৎপাদন বাড়াতে হবে, তরুণ প্রজন্মকে কৃষিতে আগ্রহী করে তুলতে হবে। শুধু আগ্রহী নয় অংশীদারিত্ব বাড়াতে হবে, সর্বোপরি উদ্যোক্তা তৈরি করতে হবে। তবে এ কাজে ডিজিটাল কৃষির কোনো বিকল্প নেই। আমাদের ভুলে গেলে চলবে না একটা সময় শ্রীলঙ্কায় খাদ্য আমদানি করতে গিয়ে বৈদেশিক মুদ্রার মজুত লক্ষণীয় মাত্রায় হ্রাস পেয়েছিলো।। আমরাদের ও অভিজ্ঞতা আছে দেখেছি, টাকা থাকলেও সংকটকালে বিশ্ববাজার থেকে খাদ্য আমদানি কতোটা কঠিন। তাই নিজেদের খাদ্য আমাদের নিজেদের উৎপাদন করতে হবে। তাই উৎপাদন বাড়ানো ও কৃষিকে এগিয়ে নেয়ার সব উপায় ব্যবহার করতে হবে। কৃষি হলো ফসল উৎপাদন, পশুপালন, মৎস্য চাষ, এবং বনায়ন সম্পর্কিত কার্যক্রম। এটি মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এবং খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে অপরিহার্য। জমি চাষ ও ফসল উৎপাদন, প্রাণিসম্পদ পালন, পরিবেশবান্ধব পদ্ধতিতে কৃষি কার্যক্রম। আমরা কেনো কৃষি নির্ভর, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের দেশের ভৌগোলিক, জনসংখ্যাগত এবং ঐতিহাসিক পরিস্থিতি বিবেচনা করতে হবে। আমাদের দেশ নদীমাতৃক দেশ, যেখানে প্রায় ৭০০ নদী প্রবাহিত হয়েছে। বন্যা, বর্ষা, এবং উর্বর পলিমাটির কারণে এ দেশের মাটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। আবার প্রাকৃতিকভাবে উষ্ণ জলবায়ু ও পর্যাপ্ত বৃষ্টিপাত কৃষি কার্যক্রমে সহায়ক। দেশের প্রায় ৪০ শতাংশ শ্রমশক্তি কৃষি খাতে নিয়োজিত। গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকা অর্জনের প্রধান উৎস কৃষি। অর্থনীতির একটি বড় অংশ এখনো কৃষির ওপর নির্ভরশীল। কৃষিজ পণ্যের রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের খাদ্য চাহিদার একটি বড় অংশ স্থানীয় কৃষি উৎপাদনের মাধ্যমে পূরণ হয়। ধান বাংলাদেশের প্রধান খাদ্য, যা কৃষির মাধ্যমে সরবরাহ করা হয়। আমাদের গ্রামীণ সমাজের জীবনযাত্রা, উৎসব, এবং অর্থনৈতিক কার্যক্রম কৃষিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রথাগত চাষাবাদ পদ্ধতি এ দেশের মানুষের ঐতিহ্যের অংশ। প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষি খাত হুমকির মুখে পড়লেও স্থানীয় জনগোষ্ঠী এর সঙ্গে অভিযোজিত হয়ে চাষাবাদ চালিয়ে যাচ্ছে। পাট বাংলাদেশকে ‘সোনালী আঁশের দেশ’ হিসেবে খ্যাতি এনে দিয়েছে। গ্রামীণ অঞ্চলে কৃষি কার্যক্রম দারিদ্র্য হ্রাস এবং কর্মসংস্থান বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করে আসছে। জলবায়ুর পরিবর্তন বলতে বোঝায় দীর্ঘ সময় ধরে বৈশ্বিক বা আঞ্চলিক জলবায়ুর গড় অবস্থার পরিবর্তন। এটি স্বাভাবিকভাবেই ঘটতে পারে, তবে সাম্প্রতিক সময়ে মানবসৃষ্ট কার্যকলাপ, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বনভূমি উজাড়, এবং শিল্প দূষণ, এই পরিবর্তনের মূল কারণ হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তন হলো পৃথিবীর আবহাওয়ার দীর্ঘকালীন পরিবর্তন। এক কথায় বলতে গেলে, পৃথিবী ধীরে ধীরে গরম হয়ে উঠছে। এই পরিবর্তনটি কয়েক দিন বা কয়েক সপ্তাহের জন্য নয়, বরং বছরের পর বছর ধরে ঘটছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। লবণাক্ত পানি ফসলি জমিতে প্রবেশ করে মাটির উর্বরতা হ্রাস করছে। ধান, গম, এবং অন্যান্য প্রধান ফসলের উৎপাদন কমছে। উত্তর-পশ্চিমাঞ্চলে খরার প্রকোপ বাড়ছে, যা সেচনির্ভর কৃষিকে ব্যাহত করছে। বর্ষাকালে অনিয়মিত বা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কৃষকেরা সঠিক সময়ে চাষাবাদ করতে পারছে না। বর্ষাকালে অতিরিক্ত বন্যার কারণে ফসল তলিয়ে যাচ্ছে এবং কৃষি জমি ধ্বংস হচ্ছে। বন্যার পানি জমে জলাবদ্ধতা তৈরি করে, যা চাষযোগ্য জমির পরিমাণ কমিয়ে দিচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি ধান, গম, এবং অন্যান্য শস্যের ফলনে নেতিবাচক প্রভাব ফেলছে। উষ্ণতার কারণে কীটপতঙ্গ ও রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, যা ফসলের ক্ষতি করছে। জলবায়ু পরিবর্তনের ফলে নতুন ধরনের ফসলের রোগ এবং কীটপতঙ্গের আক্রমণ বাড়ছে। কীটনাশক এবং রোগ নিরোধক ওষুধের প্রয়োজনীয়তা বেড়ে যাচ্ছে, যা কৃষকদের জন্য ব্যয়বহুল। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং নদী ভাঙনের কারণে উপকূলীয় এলাকায় কৃষি জমি কমে যাচ্ছে। বন্যা ও লবণাক্ততার কারণে অনেক জমি পরিত্যক্ত হয়ে পড়েছে। খরার কারণে সেচের জন্য পানির প্রাপ্যতা হ্রাস পাচ্ছে। পানির অপর্যাপ্ততার কারণে চাষাবাদ ব্যাহত হচ্ছে। ফসল উৎপাদনে সমস্যা হওয়ার কারণে কৃষকেরা তাদের আয় হারাচ্ছে। অনেক কৃষক বাধ্য হয়ে গ্রাম থেকে শহরে অভিবাসন করছে। কৃষি এবং জলবায়ু একে অপরের সঙ্গে অত্যন্ত গভীরভাবে সম্পর্কিত। আসলে, কৃষি হলো প্রকৃতির একটি প্রক্রিয়া যেখানে মানুষ জলবায়ুর ওপর নির্ভর করে ফসল উৎপাদন করে। জলবায়ুর সামান্য পরিবর্তনও কৃষি উৎপাদন, কৃষকদের জীবন ও অর্থনীতিতে বিরাট পরিবর্তন আনতে পারে। প্রতিটি ফসল নির্দিষ্ট তাপমাত্রায় সবচেয়ে ভালোভাবে বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির কারণে কিছু ফসল দ্রুত বেড়ে উঠতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে ফলন কমে যায়। উচ্চ তাপমাত্রা ফসলের ফুল ফোটা এবং ফল ধরা প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। ফসলের জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টিপাতের পরিমাণ ও সময়ের অনিয়মিত পরিবর্তন কৃষকদের জন্য সমস্যা সৃষ্টি করে। অতিবৃষ্টি বা বৃষ্টির অভাব উভয়ই ফসলের ক্ষতি করে। বৃষ্টিপাত ও তাপমাত্রা মাটির আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। লবণাক্ততা বা মাটির আর্দ্রতা কমে গেলে চাষযোগ্য জমি কমে যায়। ঘূর্ণিঝড়, বন্যা, খরা এবং তাপপ্রবাহ কৃষি উৎপাদনে বড় ধরনের ক্ষতি করে। জলবায়ু পরিবর্তনে এ ধরনের দুর্যোগের তীব্রতা বেড়েছে। কৃষি মৌসুম নির্ধারণে তাপমাত্রা ও বৃষ্টিপাতের পূর্বাভাস গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি মৌসুমের সময় বদলে যাচ্ছে, যা কৃষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাপমাত্রা এবং আর্দ্রতার পরিবর্তন পোকামাকড় ও রোগের বিস্তার বাড়ায়। জলবায়ুর পরিবর্তনের কারণে কৃষি খাতকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। কারণ, এটি সরাসরি আবহাওয়া ও জলবায়ুর ওপর নির্ভরশীল। ফসল উৎপাদন, পানি সরবরাহ, মাটির উর্বরতা, এবং কৃষি পোকামাকড় নিয়ন্ত্রণ--সবকিছুই জলবায়ুর পরিবর্তনের প্রভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। কৃষি একটি এমন খাত যেখানে প্রকৃতির ওপর নির্ভরতা অত্যন্ত বেশি। জলবায়ুর সামান্য পরিবর্তনও ফসলের উৎপাদন, কৃষকদের জীবন ও অর্থনীতিতে বিরাট পরিবর্তন আনতে পারে। কৃষি উৎপাদনে বৃষ্টি, সূর্যের তাপ, এবং তাপমাত্রার ওপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে, যা ফসলের বৃদ্ধিতে সমস্যা সৃষ্টি করছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে ফসলের ফলন কমে যাচ্ছে এবং ফসলের বৃদ্ধি চক্র বিঘ্নিত হচ্ছে। বন্যার কারণে ফসল ডুবে যায় এবং কৃষি জমি উর্বরতা হারায়। খরা এবং পানির অভাবে সেচব্যবস্থা ব্যাহত হচ্ছে, যা ফসল উৎপাদনকে হুমকির মুখে ফেলছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে লবণাক্ততা বাড়ছে, যা মাটির উর্বরতা নষ্ট করছে। উপকূলীয় অঞ্চলের ফসল উৎপাদন তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনিয়মিত বৃষ্টিপাত এবং অতিবৃষ্টির কারণে মাটির ওপরের উর্বরস্তর ধুয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে মাটির গঠন ও পুষ্টিমান পরিবর্তিত হচ্ছে। তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তনে নতুন ধরনের পোকামাকড় ও রোগের প্রাদুর্ভাব ঘটছে। কীটপতঙ্গের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কৃষকদের কীটনাশক ব্যবহারের ব্যয় বেড়ে যাচ্ছে। নির্ধারিত মৌসুমে বৃষ্টি না হওয়া বা বরফ গলার মতো ঘটনা কৃষকদের সঠিক সময়ে চাষ করতে বাধাগ্রস্ত করছে। ফসল কাটার সময় অনিয়মিত ঝড়-বৃষ্টি ফসলের ক্ষতি করছে। দীর্ঘমেয়াদে তাপমাত্রা বৃদ্ধি ও অনিয়মিত আবহাওয়া ফসলের বৈচিত্র্য ও চাষযোগ্য জমির পরিমাণ কমিয়ে দিচ্ছে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানি প্রবেশ করায় স্থায়ীভাবে জমি চাষের অনুপযোগী হয়ে পড়ছে। দেশের মোট জমির প্রায় ৬০ শতাংশ কৃষিকাজে ব্যবহৃত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে দেশের কৃষি উৎপাদন প্রতি বছর প্রায় ১-২ শতাংশ হ্রাস পাচ্ছে। ২০৫০ খ্রিষ্টাব্দের মধ্যে খাদ্য উৎপাদন কমে যাওয়ার শঙ্কা রয়েছে, বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে। বাংলাদেশ, মিয়ানমার ও আফ্রিকার দেশগুলো এই প্রভাবের মুখে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বিশ্বের সবচেয়ে অসচ্ছল ২০ শতাংশ মানুষ তাদের আয়ের ৭০ শতাংশ খাদ্যের জন্য ব্যয় করে। আমরা কৃষি নির্ভর দেশ, কারণ দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক কাঠামো এবং জনগণের জীবনযাত্রা কৃষির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের জীবনের মান উন্নত করতে কৃষি খাতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে ১৮টি কৃষি সংস্থা আছে যারা সরাসরি কৃষির সঙ্গে জড়িত। তবুও আমরা প্রদর্শনী প্লটের জন্য সাইনবোর্ড ব্যবহার করছি। কিন্তু না, যতো দিন না প্রতিটি কৃষকের প্লটকে সাইনবোর্ড ছাড়া প্রদর্শনী হিসেবে উপস্থাপন করতে না পারবো। ততোদিন বলতে পারবো না স্মার্ট কৃষি ব্যবস্থার উন্নয়ন হয়েছে। কৃষি ও কৃষক কে বাঁচাতে হবে। তবেই জলবায়ুর পরিবর্তনে আমরা নিজেদের অস্তিত্ব খুজে পাবো।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
জলবায়ু ঝুঁকিতে দেশের কৃষি ও খাদ্য
জলবায়ু ঝুঁকিতে দেশের কৃষি ও খাদ্য

ফারিহা হোসেন: জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এর জন্য বাংলাদেশ দায়ী না হলেও এর বিরূপ প্রভাবে দেশের খাদ্য, কৃষি, স্বাস্থ্যসহ নানাবিধ ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। বর্তমান বিশ্বে দ্রুত জলবায়ু পরিবর্তন একটি নৈমিত্তিক ঘটনা। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। অতিমাত্রায় গ্রিন হাউস গ্যাস নির্গমনের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে অতি বৃষ্টি, অনাবৃষ্টি, আকস্মিক বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়সহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের প্রাকৃতিক পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।   বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে কৃষি, যা এ দেশের বিপুল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। ২০১৪-১৫ অর্থবছরে জিডিপিতে কৃষি খাতের অবদান প্রায় ১৫ দশমিক ৯৬ শতাংশ এবং ৪৭ দশমিক ৫ শতাংশ শ্রমশক্তি এ খাতে নিয়োজিত। এ দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং খাদ্য ও পুষ্টির নিরাপত্তাসহ জীবনযাত্রার মান উন্নয়ন করা এখনো কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর নির্ভরশীল। বিবিএস ২০১৪-১৫-এর তথ্য অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৭ কোটির সঙ্গে প্রতি বছর ২০ লাখ জনসংখ্যা যোগ হচ্ছে। ২০৪৫ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা ১ দশমিক ৩৭ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে হবে প্রায় ২২ দশমিক ৫ কোটি। এ বাড়তি জনগোষ্ঠীর জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য উৎপাদন এবং ব্যবস্থাপনা জোরদারকরণ আবশ্যক। বৈশ্বিক উষ্ণতার কারণে সামগ্রিকভাবে বিশ্বের জলবায়ু পরিবর্তন হচ্ছে; যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে বাংলাদেশের কৃষি তথা সার্বিক জীবনযাত্রার ওপর।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে শস্যের গুণাগুণ ও উৎপাদনেও পরিবর্তন আসবে। বর্তমান চাষযোগ্য এলাকায় উৎপাদন হ্রাস পাবে। পানির স্বল্পতা বৃদ্ধি পাবে, হ্রাস পাবে মাটির উর্বরতা। একই সঙ্গে নতুন নতুন রোগবালাই দেখা দিতে পারে। ফলে কৃষিতে কীটনাশক ও সারের প্রয়োগ বৃদ্ধি পাবে। কৃষিজমিতে সেচের ব্যাপকতা বাড়বে, বাড়বে ভূমিক্ষয়। কমে যাবে জীববৈচিত্র্য। রাসায়নিকের ব্যাপক ব্যবহার পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে। দরিদ্রতা বাড়বে এবং সমাজে এর প্রতিকূল প্রভাব দেখা দেবে। এ কারণে ২১ শতকে সার্বিকভাবে কৃষির উৎপাদন ৩০ শতাংশ কমে যেতে পারে। ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ধান ও গমের উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাবে, শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রায় ব্যাপক পরিবর্তন, বৃষ্টিপাতের পরিমাণ এবং ধরন পরিবর্তিত হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সমুদ্র উপকূলে নদী ভাঙন বাড়বে, বাড়বে লবণাক্ততার পরিমাণ। সমুদ্র উপকূলে বসবাসকারীদের মধ্যে উদ্বাস্তুর হার বাড়বে, বাড়বে রোগব্যাধি এবং অপুষ্টিজনিত সমস্যা। কাজেই জলাবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়বে দেশের কৃষি এবং খাদ্য নিরাপত্তার ওপর।   বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বহুলাংশে কৃষি খাতের প্রবৃদ্ধির ওপর নির্ভরশীল। মানুষের মৌলিক প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জোগান দিয়ে থাকে কৃষি। কৃষিবিজ্ঞানীদের মতে, বীজ, গজানো, পরাগায়ন, ফুল ও ফল ধরা, পরিপক্বতা হতে সুনির্দিষ্ট তাপমাত্রা, আদ্রতা, বৃষ্টিপাত ও সূর্যালোক প্রয়োজন। জলবায়ুর এ উপাদানগুলো পরিবর্তিত হয়েছে কিন্তু বীজ বপন ও চারা রোপণের সময় পরিবর্তন সম্ভব হয়নি। ফলে কৃষি মৌসুমের সঙ্গে ফসলের চাষাবাদে খাপ খাওয়ানো যাচ্ছে না। গড় তাপমাত্রা বাড়ার কারণে গম, ছোলা, মসুর, মুগডালসহ কিছু ধানের উৎপাদন কমে যাওয়ায় কৃষকরাও কৃষি থেকে অনেকাংশে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কাজেই জলবায়ু পরিবর্তনের বিষয়টি খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে ফলপ্রসূ দীর্ঘমেয়াদি কিছু পদক্ষেপ নিতে হবে। কৃষিকে টেকসইভাবে এগিয়ে নিতে হলে কৃষি খাতে, শস্য উৎপাদনে বৈচিত্র্য আনতে হবে।   মনে রাখা দরকার, প্রায় ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশ। তাই জলবায়ু পরিবর্তনজনিত কম বেশি ঝুঁকিতে দেশের সব মানুষ। কৃষিপ্রধান বাংলাদেশে কৃষিভিত্তিক উৎপাদনের জন্য যেখানে ছিল যথাযোগ্য তাপমাত্রা, ছিল ছয়টি আলাদা আলাদা বৈশিষ্ট্যমন্ডিত ঋতু, সেখানে দিন দিন জলবায়ু পরিবর্তনের কারণে ঋতু হারিয়ে যেতে বসেছে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত, তাপমাত্রা সবকিছুতে আমূল পরিবর্তন আসছে। ফলে অনিয়মিত, অপর্যাপ্ত বৃষ্টিপাত; সেচের পানির অপর্যাপ্ততা; উপকূলীয় অঞ্চলে বর্ষা মৌসুম ছাড়াও বিভিন্ন সময় উপকূলীয় বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে লবণাক্ত পানিতে জমি ডুবে যাওয়া এবং শুষ্ক মৌসুমে মাটির নিচের লবণাক্ত পানি ওপরের দিকে বা পাশের দিকে প্রবাহিত হওয়ার মতো নানাবিধ সমস্যায় বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ চরম অনিশ্চিত এবং রীতিমতো হুমকির মুখে।   অসময়ে বৃষ্টিপাত কিংবা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন রকম ফসল। বর্ষার মাঝামাঝি বন্যা এ দেশে স্বাভাবিক বিধায় এই সময়টুকু মাথায় রেখেই কৃষকরা চাষাবাদ করেন। কিন্তু দেশের উত্তর-পূর্বাংশে, নিকটবর্তী পাহাড়ি ঢলে সৃষ্টি হওয়া অনিয়মিত বন্যা ফসলের ব্যাপক ক্ষতিসাধন করে। জুন-জুলাইয়ে বৃষ্টিপাতের মাত্রা বেড়ে গেলে হাওর অঞ্চলে শস্যের তেমন ক্ষতিসাধন না করলেও পাট, আখ ও অন্যান্য নিচু জমির ফসল নষ্ট করে। এ রকম বৃষ্টি আমনের বীজতলাও নষ্ট করে দেয়।   জলবায়ুর বিরূপ পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য বিশেষ করে বিভিন্ন অভিযোজন কলাকৌশল রপ্ত করতে হবে; যাতে করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে কৃষিকে মুক্ত রাখা বা ঝুঁকি কমানো যায়। এ ছাড়া দুর্যোগমুক্ত সময়ে শস্য বহুমুখীকরণ ও ফসলের নিবিড়তা বাড়িয়ে ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। দেশের খাদ্য ও কৃষিব্যবস্থার উন্নয়ন ঘটাতে জলবায়ু পরিবর্তন অভিযোজন ও দুর্যোগ ঝুঁঁকি হ্রাস কার্যক্রম বাস্তবায়ন করতে হলে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক তথ্য, উপাত্ত এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজন উপযোগী কলাকৌশল ও সার্বিক পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন।   বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে বিগত ১০০ বছরে এ দেশের ওপর দিয়ে বয়ে গেছে ৫৮টি প্রলয়ংকরী ঘূর্ণিঝড়। ৫০ বছরে হয়েছে ৫৩টি বন্যা, তার মধ্যে ছয়টি ছিল মহাপ্লাবন। ১৫৩ বছরে হয়েছে ২০টি বড় ধরনের ভূমিকম্প। ১৯৬০ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এ দেশে ছোট ও বড় ধরনের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও কালবৈশাখীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭টি। তার মধ্যে ১৫টি ছিল ভয়াবহ। এতে সম্পদের ক্ষতি হয় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা (বিএমডি, ২০০৭)।   তাপমাত্রা বৃদ্ধি জলবায়ুর ও আবহাওয়ার স্বাভাবিক অবস্থাকে অস্বাভাবিক ও অস্থিতিশীল করে তুলেছে। এর বিরূপ প্রভাব পড়ছে কৃষির ওপর। কেননা, কোনো একটি নির্দিষ্ট শস্যের বেড়ে ওঠার জন্য একটি পরিমিত মানের জলবায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত, আদ্রতা, বায়ুপ্রবাহ প্রভৃতি উপাদানগুলোর প্রয়োজন হয়। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের পানির উচ্চতা ইতোমধ্যেই বৃদ্ধি পেতে শুরু করেছে। বিভিন্ন গবেষণা রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়, ২১০০ সাল নাগাদ সাগরপৃষ্ঠ সর্বোচ্চ ১ মিটার উঁটু হতে পারে, যার ফলে বাংলাদেশের মোট আয়তনের প্রায় ১৮ দশমিক ৩ শতাংশ এলাকা পানিতে নিমজ্জিত হতে পারে।   বৈরী জলবায়ু তা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর মতো ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন ও আবাদ বাড়াতে হবে; নতুন শস্য পর্যায় ও অভিযোজন কৌশলের ওপর ব্যাপক গবেষণা জোরদার করতে হবে; অভিযোজন কৌশল ও নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকারের নীতিনির্ধারক থেকে শুরু করে কৃষিজীবী, কৃষিবিজ্ঞানী, কৃষি গবেষকসহ সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা বাড়াতে হবে; পরিবেশবান্ধব সমন্বিত ফার্মিং সিস্টেমের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়াতে হবে; নদীর নাব্য ফিরিয়ে আনতে ড্রেজিং কার্যক্রম জোরদার করতে হবে, যা সরকার ইতোমধ্যেই শুরু করেছে। উপকূলীয় অঞ্চলে সবুজবেষ্টনী গড়ে তোলার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে; পরিবেশের জন্য হুমকি হয় এমন কর্মকান্ড পরিহার করতে হবে। নেদারল্যান্ডসে পুরো সমুদ্র উপকূল এমনভাবে ড্যাম দিয়ে আটকে দেওয়া হয়েছে, যাতে সমুদ্র থেকে নয়, মিটার নিচেও জমিজমা ঘরবাড়ি আছে। আমাদের সমুদ্র উপকূলে এমনিভাবে ড্যাম দিয়ে আটকে দেওয়া যায় কি না, ভেবে দেখতে হবে। এ ছাড়া এখনই পরিকল্পনা গ্রহণ করতে হবে, দেশের এক-চতুর্থাংশ যদি ডুবে যায়, তাহলে সেখানকার লোকজনকে দেশের কোথায় সরিয়ে নেওয়া যাবে। কত লোক সরিয়ে নেওয়া যাবে, তাদের কর্মসংস্থান, বাসস্থান এবং খাদ্য ঘাটতি কীভাবে মেটানো যাবে, এ নিয়ে সুদূরপ্রসারী মহাপরিকল্পনা নিতে হবে। অন্যদিকে, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত কর্মসূচি সরকারকে হাতে নিতে হবে আর জনগণকেও সেই সঙ্গে আন্তরিক হতে হবে, তা বাস্তবায়নের জন্য।   লেখক : ফ্রিল্যান্স সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
Popular post
ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম, কৃষি ব্যাংকে নূরুল আমিন: ব্যাংক খাতে নতুন সমীকরণ

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0