ইত্তেহাদ নিউজ,অনলাইন : সাংবাদিক পরিচয় দিয়ে জনসম্মুখে ‘ভাই’ বলায় কুড়িগ্রাম সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (এসিল্যান্ড) আরিফুল ইসলাম ‘চটে’ গেছেন বলে অভিযোগ করেছেন ঘটনার শিকার এক সাংবাদিক। তার দাবি, এসিল্যান্ড নিজেকে ‘সাধারণ কোনো মানুষ নন’ বলেও মন্তব্য করেছেন।
দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক জুয়েল রানা রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে এ পরিস্থিতির মুখে পড়েন বলে দাবি করেছেন।
জুয়েল রানা জানান, রোববার সকাল থেকে জেলা শহরের কয়েকটি ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধায়নে গ্রাহকদের মাঝে তেল সরবরাহ চলছিল।
প্রতিটি পাম্পেই গ্রাহকদের অতিরিক্ত ভিড় ছিল। দুপুরের দিকে শহরের কলেজ মোড়ে সাহা ফিলিং স্টেশনটি পরিদর্শনে আসেন এসিল্যান্ড আরিফুল ইসলাম। এসময় সাংবাদিক জুয়েল রানা ফিলিং স্টেশনে গ্রাহক প্রতি কী পরিমাণ তেল দেওয়া হচ্ছে জানার জন্য এসিল্যান্ডকে ‘ভাই’ সম্বোধন করে নিজের পরিচয় দিয়ে প্রশ্ন করেন। এতেই ‘চটে যান’ এসিল্যান্ড।
জুয়েল রানা বলেন, আমি ‘ভাই’ সম্বোধন করে প্রশ্ন করতেই চটে যান এসিল্যান্ড আরিফুল ইসলাম। তিনি আমাকে বলেন, ‘ভাই কেন বললেন? এভাবে সবার সামনে ভাই ডাকলে সাধারণ মানুষ ভাববে আপনার সাথে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে। আমি তো সাধারণ মানুষ নই।
’ এরপর আমাকে আর কথা বলার সুযোগ দেননি। তার এমন আচরণে আমি সবার সামনে বিব্রত অবস্থায় পড়ি। জুয়েল আরও বলেন, ‘স্যার’ না বলে ভাই বলার কারণেই এসিল্যান্ড ক্ষিপ্ত হয়ে উঠেন। তাকে স্যার বলতে হবে কেন? প্রশাসনের উচ্চপর্যায় থেকে নির্দেশনার পরও মাঠ পর্যায়ের কর্মচারীদের এমন প্রভুত্বের আচরণ নিন্দনীয়।
এ বিষয়ে এসিল্যান্ড আরিফুল ইসলাম বলেন, আমি এসিল্যান্ড বলতে বলিনি। আমি বলেছি, ভাই বলছেন, বাকি লোকদের ইয়ে হচ্ছে।
এ বিষয়ে জানতে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সম্প্রতি সদরের কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরের ২১ টি গাছ কাটা ও অপসারণের প্রকাশ্য নিলাম গোপনে সারার অভিযোগ ওঠে এসিল্যান্ড আরিফুল ইসলামের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়।